পাঠকের উকিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাহিদ মাহতাব
নাহিদ মাহতাব

 আমি সিএ পড়ি। যে মেয়েটির সঙ্গে আমার সম্পর্ক, সে উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়ছে। দুই বছর আগে তার পরিবার জোর করে তাকে বিয়ে দিয়ে দেয়। তখন তার বয়স মাত্র ১৫, আর তার স্বামীর বয়স ৩৫ বছর। মেয়েটি তার স্বামীর সঙ্গে সংসার করতে চায় না। আমরা ঠিক করেছি, আগামী বছর তার উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হলে বিয়ে করব। তার পক্ষে পরিবারে থাকা অবস্থায় স্বামীকে তালাক দেওয়া সম্ভব নয়। তাই সে সিদ্ধান্ত নিয়েছে, পরীক্ষার পরই আমার কাছে চলে আসবে। এ ক্ষেত্রে আমাদের করণীয় কী? ও চলে এলে আমাদের কী কী আইনগত সমস্যা হতে পারে এবং এর প্রতিকার কী?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
 মেয়েটির বয়স ১৮ বছর পূর্ণ হলে আপনি তালাকের পর তাকে বিয়ে করতে পারেন। চিঠির তথ্য অনুযায়ী, মেয়েটির বয়স এখনো ১৮ বছর হয়নি। উল্লেখ্য, নাবালিকার সম্মতির আইনগত কোনো মূল্য নেই। এ ছাড়া মেয়েটি আপনার কাছে চলে এলে তার মা-বাবা অপহরণের মামলা দায়ের করতে পারেন।
 আমি ২০০১ সালে শেষের দিকে বিশেষ পরিস্থিতিতে বাধ্য হয়েই একটি মেয়েকে বিয়ে করি। বিয়ের পরে আমার স্ত্রীর কিছু আচরণে আমার ও আমার পরিবারের সম্মানহানি ঘটে। তার বেশ কিছু ছেলেবন্ধু ছিল। আমার পরিবার ব্যাপারটি ভালোভাবে নেয়নি।

আমার দুটি মেয়ে আছে। বড় মেয়েটির বয়স আট, ছোটর বয়স চার বছর। আমি তার আচরণের প্রতিবাদ করায় সে ২০১০ সালের জুন মাসে ঢাকায় তার বাবার বাড়িতে চলে যায়। দুই মেয়েকেও সঙ্গে নিয়ে যায়। এমনকি আমার সঙ্গে সংসার করবে না—এই বলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি এবং আইনজীবীর মাধ্যমে তাকে নোটিশ পাঠাই ফিরে আশার জন্য। কিন্তু সে ফিরে আসেনি এবং নোটিশের কোনো জবাবও দেয়নি। আমি আমার মেয়েদের ফিরে পেতে চাই এবং স্ত্রীকে আইনগতভাবে তালাক দিতে চাই। উল্লেখ্য, আমার বিয়ে একজন উকিলের নোটারি পাবলিকের মাধ্যমে হয়। সেখানে দেনমোহর এক লাখ ৫০ হাজার টাকা উল্লেখ করা হয়, কিন্তু কোনো কাজির মাধ্যমে বিয়েটি রেজিস্ট্রি করা হয়নি।
মো. সোহেল রানা
ঠিকানা প্রকাশে অনিচ্ছুক
 আপনার বিয়েটি যেহেতু কাজির মাধ্যমে রেজিস্ট্রিকৃত নয়, সেহেতু আপনি পারিবারিক আদালতে নোটারি পাবলিকের ঘোাষণাটির মাধ্যমে তালাকের আবেদন করতে পারেন। আপনার শিশুকন্যারা সাবালিকা না হওয়া পর্যন্ত তাদের মায়ের কাছে থাকবে। পরবর্তী সময়ে আপনি তাদের অভিভাবকত্ব দাবি করতে পারেন।

জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায় পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে তারই সমাধান পাওয়া যাবে।এ বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন।
খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা, দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। এ ছাড়া [email protected] এই ঠিকানায় ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন।