পাঠকের উকিল

আমরা তিন ভাই আলাদা আলাদা পেশায় নিয়োজিত। আমাদের বাবা মারা যাওয়ার আগে তাঁর সম্পত্তি ভাগ করে দিয়ে যাননি। তাঁর মৃত্যুর পর আমরা মৌখিকভাবে বাবার জমি ভাগ করে ব্যবহার করতে থাকি। আজ প্রায় আট বছর পর আমি আমার ভাগের জমিতে নিজ খরচেই একটি মার্কেট তৈরি করি। এ ক্ষেত্রে ব্যাংক থেকেও ঋণ নিতে হয়। তবে আজও জমির দলিল তৈরি করা হয়নি। এখন আমার ভাইয়েরা যদি আমার জমিতে তাদের অধিকার দাবি করে তাহলে কি তারা এর অংশীদার হওয়ার অধিকার রাখে? আর যদি অংশীদার হয় তাহলে ঋণের ভারও কি তারা বহন করবে?
নাম প্রকাশে অনিচ্ছুক
মৌখিক বণ্টনে কোনো আপত্তি না থাকলে আপনারা তা লিখিত বণ্টননামা হিসেবে সর্বসম্মতিক্রমে নিবন্ধন করে নিতে পারেন। ভবিষ্যতে তাতে অসুবিধা হওয়ার সম্ভাবনা নেই। তবে এ ধরনের বণ্টননামা অবশ্যই নিবন্ধিত হতে হবে। আপনার অংশের জন্য ঋণ নিলে সেই ঋণভার আপনার ওপরই বর্তাবে।
আমি স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষে পড়ছি। প্রথম বর্ষে পড়ার সময় পারিবারিকভাবে আমার বিয়ে হয়। এখন আমার এক ছেলে ও এক মেয়ে। আমার স্বামী তাঁর এক আত্মীয়ের সঙ্গে পরকীয়ায় লিপ্ত। বিভিন্ন অজুহাতে বিশেষ করে আমার স্বামীর পরকীয়ার প্রতিবাদ করলে দেনমোহরের টাকা আদালতে জমা দিয়ে আমাকে তালাক দেওয়ার হুমকি দেয়। এভাবে তালাক দেওয়া সম্ভব কি বা আমি এ মুহূর্তে আইনের কী ধরনের আশ্রয় নিতে পারি, জানালে উপকৃত হব।
সাবিহা বিনতে সাইফ
হরিণাকুণ্ডু, ঝিনাইদহ
মুসলিম আইনে বিবাহ একধরনের চুক্তি। নির্দিষ্ট নিয়মে যেমন চুক্তি বাতিল করা সম্ভব, তেমন নির্দিষ্ট নিয়ম অনুযায়ী তালাকের মাধ্যমে বিবাহ সম্পর্ক বাতিল করা যায়। তবে তালাক প্রদান করলেও আপনার স্বামী দেনমোহর ও সন্তানদের ভরণপোষণ দিতে বাধ্য।
গত বছর আমরা পালিয়ে বিয়ে করি। বিয়ের পরে মেয়ের বাবা বাদী হয়ে আমাকে ও আমার সহপাঠীসহ চারজনকে আসামি করে একটি নারী নির্যাতন মামলা করেন। প্রথমে আমরা হাইকোর্ট থেকে চার মাসের জামিন নিই। জামিন থাকা অবস্থায় মেয়েটিকে নিয়ে থানায় আত্মসমর্পণ করি। মেয়েটা আমার পক্ষে ২২ ধারায় জবানবন্দি দেয়। থানা থেকে আমাদের কোর্টে পাঠায়। কোর্ট তার বয়স ১৮ বছর পূর্ণ না হওয়ায় তাকে ‘সেইফ কাস্টডি’–তে দেন এবং আমাকে জামিনে ছেড়ে দেন। দুই মাস পর কোর্ট মেয়েটাকে তার বাবার জিম্মায় দিয়ে দেন। মেয়েটা এখন হোস্টেলে থেকে লেখাপড়া চালিয়ে যাচ্ছে। তিন মাস পর তার বয়স ১৮ পূর্ণ হবে। আমি কোর্টের মাধ্যমে কীভাবে তাকে পেতে পারি এবং মামলা থেকে আমি কীভাবে অব্যাহতি পাব তা জানালে উপকৃত হব। উল্লেখ্য যে মামলা থেকে আমি ছাড়া সবাই অব্যাহতি পেয়েছে।
আদিত্য চক্রবর্তী, লোহাগাড়া, চট্টগ্রাম
আপনাকে নারী ও শিশু নির্যাতন আইনের কোন অপরাধের আওতায় আসামি করে মামলা করা হয়েছে তার উল্লেখ নেই। এ ছাড়া বাল্যবিবাহ নিরোধ আইনের আওতায় আঠারো বছরের কম বয়স্ক মেয়েকে বিবাহ করা দণ্ডনীয় অপরাধ। মেয়েটির আঠারো বছর বয়স হওয়ার পর আপনি পারিবারিক আদালতে মামলা করে আপনার স্ত্রীকে ফেরত পাবেন।
আমাদের বিয়ে হয়ে ২০০৭ সালে। একমাত্র পুত্রসন্তানের বয়স সাড়ে পাঁচ বছর। আমরা দুজনেই সরকারি চাকরিজীবী। আমাদের সম্পর্কটা ক্রমেই বিবাহবিচ্ছেদের দিকে মোড় নিচ্ছে। আমি মনেপ্রাণে চাই না আমাদের কারণে সন্তানের জীবনটা ক্ষতিগ্রস্ত হোক। আমার জিজ্ঞাসা, বিবাহবিচ্ছেদের পদ্ধতি বা নিয়মকানুন কী? সন্তান কার সঙ্গে থাকবে, এ বিষয়ে আইনের বিধান কী? মাকেও সন্তানের সান্নিধ্য থেকে বঞ্চিত করতে চাই না, এ ক্ষেত্রে কী করণীয়?
রফিকুল ইসলাম
বনানী, ঢাকা
মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ধারা ৭ অনুযায়ী, কোনো ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিতে চাইলে তালাক প্রদানসংক্রান্ত লিখিত নোটিশ চেয়ারম্যান বরাবর প্রেরণ করবেন এবং সেই নোটিশের একটি অনুলিপি তার তালাকপ্রাপ্ত স্ত্রীকে প্রদান করবেন। সাধারণত নোটিশ
পাঠানোর নব্বই দিন পার হওয়ার পর এই তালাক কার্যকর হবে। পুত্রসন্তানটি সাত বছর বয়স পর্যন্ত মায়ের জিম্মায় থাকবে। পরবর্তী সময়ে আপনারা আলাপ-আলোচনার মাধ্যমে সন্তানকে আনা-নেওয়ার ব্যবস্থা করতে পারেন। তবে সন্তানটি মায়ের কাছে থাকলেও তার ভরণপোষণ তার মা প্রাপ্য। এসব ক্ষেত্রে আপনি কোনো মেডিয়েটর বা মধ্যস্থতাকারীর সাহায্য নিতে পারেন। কিছু কিছু বেসরকারি আইন সহায়তা কেন্দ্র এ ধরনের সাহায্য দিয়ে থাকে।
আমার বড় বোনের বয়স ২৬ বছর। ২০০৪ সালে বিয়ে হয় একজন সরকারি চাকরিজীবীর সঙ্গে। দুই বছর আগে বোনের মানসিক সমস্যা দেখা দেয়। এখন সে আমার বোনকে ছেড়ে দিতে চাচ্ছে। তার দুই মেয়ে ও এক ছেলে। বর্তমানে আমার বোনের কোনো খোঁজখবর নেয় না। অবশ্য তার সন্তানদের খরচ দেয়। এমতাবস্থায় আমরা কী ধরনের আইনি পদক্ষেপ নিতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক, কুমিল্লা
আইনিভাবে আপনার বোন ভরণপোষণ এবং চিকিৎসা খরচ প্রাপ্য। ভগ্নিপতি তা দিতে ব্যর্থ হলে তিনি পারিবারিক আদালতে ভরণপোষণ চেয়ে মামলা করতে পারেন। এ ছাড়া মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৪১-এর ৯ ধারার আওতায় স্ত্রী ভরণপোষণের জন্য চেয়ারম্যানের কাছে আবেদন করতে পারেন। এই বিষয়ে সিদ্ধান্ত প্রদানের জন্য চেয়ারম্যান সালিসি বোর্ড গঠন করবেন এবং ওই কাউন্সিল টাকার পরিমাণ উল্লেখে একটি সার্টিফিকেট ইস্যু করবেন, যা ভরণপোষণ হিসেবে স্বামী স্ত্রীকে দেবেন।
জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায়পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে তারই সমাধান পাওয়া যাবে। এ বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন। খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা, দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। এ ছাড়া [email protected] এই ঠিকানায়ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন।