পাঠকের উকিল

চার বছর আগে আমার সঙ্গে একটি মেয়ের সম্পর্ক হয়। গত বছর আমরা কোর্ট ম্যারেজ করি কিন্তু কাজী অফিসে নিবন্ধন করিনি মেয়ের আপত্তির কারণে। তার ধারণা, এর ফলে বিয়ের কথা জানাজানি হয়ে যাবে আর তার পরিবার বিয়ের কাগজ তুলে আমাকে তালাক দিতে বাধ্য করাবে। এবং সে ২০১৪ সালে এসএসসি পরীক্ষা দেয়। সমস্যা হলো, মাধ্যমিক পরীক্ষার সনদপত্র অনুযায়ী এখন তার বয়স ১৬ বছর। কিন্তু সে বলে তার বয়স আরও দুই-তিন বছর বেশি হবে। কারণ সে কেজি স্কুলে লেখাপড়া করেছে। আমাদের বিয়ের বিষয়টা জানাজানি হওয়াতে তার পরিবার তাকে সব সময় শারীরিক ও মানসিক নির্যাতন করে। ওকে আমার পরিবার বউ হিসেবে গ্রহণ করতে রাজি। মেয়েটা অনেক দিন যাবৎ বাসা থেকে বের হয়ে যেতে যাচ্ছে। আমি ওকে অপেক্ষা করতে বলি। এ অবস্থায় আমি কী করব বুঝতে পারছি না। সে দুই মাসের অন্তঃসত্ত্বা। এ অবস্থায় সে যদি আমার বাসায় চলে আসে এবং সে যদি থানায় আমার পক্ষে সাক্ষ্য দেয়, তাহলে কি প্রশাসন আমাকে কোনো সমস্যা করবে? ও চলে এলে ওর পরিবার হয়তো বা অপহরণ মামলা দিতেও পারে। এই ক্ষেত্রে আমার করণীয় কী?
নাম প্রকাশে অনিচ্ছুক
কাগজে-কলমে যেহেতু মেয়েটির বয়স ১৮ বছরের নিচে, সেহেতু মেয়েটির সম্মতি আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। মেয়েটি আপনার কাছে চলে এলে তার বাবা-মা অপহরণ মামলা দিতে পারেন এবং তা শাস্তিযোগ্য অপরাধ। ১৮ বছর পূর্ণ হওয়ার পর আপনি মেয়েকে আপনার কাছে আনতে পারেন তবে বিবাহটি নিবন্ধন করাও প্রয়োজন।
আমি গত বছরের নভেম্বর মাসে বিয়ে করি। আমার স্বামী আগে একটি বিয়ে করেছিল, তার একটি পুত্রসন্তান রয়েছে। বিয়ের আগে বিষয়টি আমি জানতাম। সে আমাকে বলেছিল এক থেকে তিন মাসের মধ্যে সে তার পরিবারকে আমাদের বিষয়টি জানাবে। কিন্তু প্রায় ১০ মাস হয়ে গেছে সে এখনো পর্যন্ত আমার বিষয়ে কাউকে জানায়নি। সে তার আগের স্ত্রীর মতামত ছাড়াই আমাকে বিয়ে করে এবং আমার কাবিননামায়ও তার এটা দ্বিতীয় বিয়ে হিসেবে কোনো জায়গায় উল্লেখ নেই। এ অবস্থায় যদি তার প্রথম স্ত্রী এ বিয়ের বিষয়ে জানে তবে তার কতটুকু সমস্যা তৈরি করতে পারে, আমার বিয়ে কি বৈধ হবে, জানালে উপকৃত হব।
নাম প্রকাশে অনিচ্ছুক
প্রথম স্ত্রীকে গোপন করে দ্বিতীয় বিবাহ দণ্ডনীয় অপরাধ। এ ক্ষেত্রে প্রথম স্ত্রী তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা করতে পারেন এবং শাস্তিও হতে পারে।
আমার বয়স ২৩ বছর। আমার সঙ্গে একটি ছেলের পরিচয় হয়। তার বয়স ২৫ বছর। সে আমাকে বন্ধুত্বের কথা বলে দীর্ঘ সাত বছর সমকামিতার সম্পর্ক করে আসছে। আমি তাকে অনেকবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে বলি কিন্তু সে আসেনি আমাকেও আসতে দেয়নি। সে বলেছে, সে নাকি কোনো দিন বিয়ে করবে না। যদিও বিয়ে করে তাহলেও গোপনে আমাদের সম্পর্ক থাকবে আর সে আমাকেই বেশি গুরুত্ব দেবে। আস্তে আস্তে সে নেশাগ্রস্ত হয়ে পড়ে, খারাপ কাজে জড়িয়ে পড়ে। বর্তমানে আমার সঙ্গে আর সম্পর্ক রাখছে না। আমি এখন তাকে ফেরাতে চাই। আমাদের আগের বন্ধুত্বের সম্পর্ক চাই।
নাম প্রকাশে অনিচ্ছুক
সমকামিতা আইনের দৃষ্টিতে অস্বাভাবিক সম্পর্ক এবং তা দণ্ড আইনের ধারা ৩৭৭-এর আওতায় দণ্ডনীয় অপরাধ। যার শাস্তি ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এ ধরনের সম্পর্কের ক্ষেত্রে আইন প্রয়োগ করা সম্ভব নয়।
জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায়পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে তারই সমাধান পাওয়া যাবে। এ বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন।খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা, দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। এ ছাড়া [email protected] এই ঠিকানায়ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন।