পাঠকের উকিল

আমি হিন্দুধর্মাবলম্বী, বয়স ৩৫ বছর। চার বছর আগে প্রেম করে বিয়ে করি। আমাদের একটি ছেলেসন্তান আছে। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। আমার স্ত্রীও চাকরি করে। কিন্তু ইদানীং সে অহেতুক আমার সঙ্গে ঝগড়াঝাটি করে। অনেক বোঝানোর পরও তার স্বভাবের পরিবর্তন হয় নাই। এমনকি আমাকে বাসা থেকে বের হয়ে যেতে বলে। আমি সিদ্ধান্ত নিয়েছি, তার সঙ্গে বিচ্ছেদের পর আবার বিয়ে করব। এটা কীভাবে সম্ভব জানতে চাই।
অসীম সেন
বাকলিয়া, চট্টগ্রাম।
হিন্দু আইনে তালাকের কোনো বিধান নেই। তবে স্ত্রীর সঙ্গে আলাদা থাকা সম্ভব। এ ক্ষেত্রে আপনাকে এফিডেবিটের মাধ্যমে পৃথককরণের দলিল করতে হবে। পরে বিয়ে করলেও প্রথম স্ত্রীকে ভরণপোষণ দিতে হবে।
আমার বয়স যখন পাঁচ বছর তখন আমার মা মারা যান। এরপর আমার বাবা দ্বিতীয় বিয়ে করেন। সে সংসারে তাঁর দুটি ছেলে হয়। বাবার মৃত্যুর সাত বছর পর দ্বিতীয় মা-ও মারা যান। এখন আমার দ্বিতীয় মায়ের সন্তানেরা বলছে, আমি নাকি আমার মায়ের সম্পত্তির ফারায়েজ অংশ পাব না। শুধু তারা দুই ভাই তাদের মায়ের ফারায়েজ সম্পত্তি পাবে। আমরা ইসলাম ধর্মাবলম্বী।
মো. রুস্তম আলী
সরসকাঠি, যশোর।
মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ১৯৬১ অনুযায়ী উত্তরাধিকার উন্মুক্ত হওয়ার সময় সন্তানেরা তাদের পিতা বা মাতা জীবিত থাকাকালীন যে অংশ প্রাপ্ত হতো সেরূপ অংশ পাবেন। সুতরাং প্রতিনিধিত্ব আইন অনুসারে আপনার মায়ের অংশ আপনার প্রাপ্য।
বিয়ের কাবিননামা না থাকলে কি স্বামীর সম্পত্তিতে স্ত্রীর উত্তাধিকার থাকে? এ ক্ষেত্রে স্বামীর মৃত্যুর পর স্ত্রী কি স্বামীর সম্পত্তিতে অংশীদার হবে?
মাহফুজ
রৌমারী, কুড়িগ্রাম।
মুসলিম আইনে বিবাহের কিছু নিয়মকানুন আছে। মুসলিম বিবাহে প্রস্তাব গ্রহণ এবং সাক্ষীর প্রয়োজনীয়তা আছে। বৈবাহিক সম্পর্ক প্রমাণ সাপেক্ষে উত্তরাধিকারের অধিকার সৃষ্টি হবে।
১৯৯৫ সালে কাজি অফিসে আমার বিয়ে হয়। দেড় বছর পর আমার স্বামী আমার অনুমতি ছাড়াই আবার বিয়ে করে। এরপর থেকে আমি আলাদা থাকি। আমাদের সম্পর্ক স্বাভাবিক, এখনো তালাক হয়নি। কিন্তু সে আমার প্রতি কোনো দায়িত্ব পালন করে না। এর জন্য আমি কি তার বিরুদ্ধে কোনো মামলা করতে পারি।
রেনু
মিরপুর, আনসার ক্যাম্প।
প্রথম বিবাহ বিদ্যমান থাকাকালীন দ্বিতীয় বিবাহ করতে হলে অনুমতির প্রয়োজন।
এ ক্ষেত্রে আরবিট্রেশন কাউন্সিলে প্রথম স্ত্রীর অনুমতিসহ লিখিত আবেদন করার বাধ্যবাধ্যকতা আছে। অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ দণ্ডনীয় অপরাধ এবং সে ক্ষেত্রে এক বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা হতে পারে। এ ছাড়া প্রথম স্ত্রীর দেনমোহর ও ভরণপোষণের হকদার হবেন।
জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায়পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে তারই সমাধান পাওয়া যাবে। এ বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন।খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা, দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। এ ছাড়া [email protected] এই ঠিকানায়ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন।