পাঠকের উকিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাহিদ মাহতাব
নাহিদ মাহতাব

জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায় পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে তারই সমাধান পাওয়া যাবে। এ বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন।খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা, দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। এ ছাড়া [email protected] এই ঠিকানায়ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন।

আমি খ্রিষ্টান। একজন মুসলিম মেয়েকে ভালোবাসি। আমার বয়স ২৮, মেয়েটির ২৬। আমরা পরস্পরকে বিয়ে করতে চাই কিন্তু ধর্ম পরিবর্তন করতে রাজি নই। আইনগতভাবে আমরা বিয়ে করতে পারি কি না, জানাবেন।
নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক

একজন খ্রিষ্টান ছেলের সঙ্গে মুসলিম মেয়ের বিবাহ বৈধ বিবাহ নয়। এ ধরনের বিবাহকে ইরেগুলার বা অনিয়মিত বিবাহ বলা হয়। তবে আপনারা স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আওতায় বিবাহ করতে পারেন।


 আমি স্নাতকোত্তর শেষ করে চাকরি খুঁজছি। পাশের বাসার এক নারী তাঁর স্বামী ও দুই সন্তানসহ থাকেন। প্রতিবেশী হিসেবে তাঁর বাসায় মাঝেমধ্যে যেতাম। সম্পর্কে তিনি আমার চাচি। তিনি একদিন বললেন, আমাকে নাকি পছন্দ করেন এবং তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিলেন। আমি রাজি হয়ে যাই। একপর্যায়ে তিনি সন্তানসম্ভবা হয়ে পড়েন। তাঁকে সন্তান নষ্ট করার কথা বললেও তিনি তা করেননি। সেসব কথা তাঁর কাছে মুঠোফোনে রেকর্ড করা আছে। এ সম্পর্ক থেকে আমি বেরিয়ে আসতে চাইলেও তিনি রাজি হন না। বরং আমাকে বিয়ের জন্য চাপ দেন ও নানা হুমকি দেন। এখন তাঁর স্বামীও বিষয়টি জেনে ফেলে আমাকে ভয় দেখাচ্ছেন। আমার পক্ষে তাঁকে বিয়ে করা অসম্ভব। আমি জানতে চাই, ফোনের ওই রেকর্ড দিয়ে তিনি আমার কোনো ক্ষতি করতে পারবেন কিনা। তথ্যপ্রযুক্তি আইনে আমি তাঁর বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা নিতে পারব কিনা?
কাজল
রাজশাহী
দৈহিক সম্পর্ক থাকুক বা না-থাকুক ফৌজদারি আইনে আপনাকে হেনস্তা করা সম্ভব। তিনি আপনার বিরুদ্ধে দণ্ডবিধি, নারী ও শিশু নির্যাতন দমন আইন ছাড়াও অন্যান্য ফৌজদারি বিধিতে মামলা করতে পারেন। তথ্যপ্রযুক্তি আইনে আপনার মামলা করার কোনো সুযোগ নেই। তবে আলোচনার মাধ্যমে আপনি এ ধরনের সম্পর্ক থেকে পরিত্রাণ পেতে পারেন।

 আমাদের বিয়ে হয়েছে চার বছর। আমার স্বামী নিয়মিত আমার ওপর নির্যাতন চালান। আমাদের তিন বছরের একটি মেয়ে আছে। আমি তালাক চাইলেও আমার স্বামী বলেন, আমাকে তালাক দেবেন না, সারা জীবন কষ্ট দেবেন, সম্পর্কটি ঝুলিয়ে রাখবেন কারণ, আমাদের দেনমোহর ১০ লাখ টাকা। এভাবে সংসার করা আমার পক্ষে সম্ভব না। আমি অনেক মানসিক যন্ত্রণায় আছি। এখন আমার কী করণীয়।
নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক
মুসলিম আইন অনুযায়ী আপনার কাবিননামায় তালাক প্রদানের ক্ষমতা দেওয়া থাকলে আপনি স্বামীকে তালাক দিতে পারেন। তবে দেনমোহরের ১০ লাখ টাকা তালাকের আগে বা পরে সব সময়ই আপনার প্রাপ্য। আপসের মাধ্যমে দেনমোহরের অর্থ না পাওয়া গেলে আপনি ওই দেনমোহরের জন্য মুসলিম পারিবারিক আদালতে মামলা করতে পারেন। দেনমোহরের অর্থ কিস্তির মাধ্যমে পাওয়া সম্ভব।

 আমার ছোট ভাই বিদেশে থাকে। সে বিয়ে করে দেশের বাইরে যায়। এখন সে কোনো এক কারণে তার স্ত্রীকে তালাকনামা পাঠিয়েছে। এখন মেয়েপক্ষ বলছে মামলা করবে। আমরা দেনমোহরের টাকা দিতে রাজি। এর পরও তারা বিভিন্ন রকমভাবে আমাদের হুমকি দিয়ে যাচ্ছে। দয়া করে আমাকে সমাধানের একটা উপায় বলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক
ঢাকা
নির্দিষ্ট নিয়মে তালাক প্রদান এবং তা কার্যকর হলে আপনাদের চিন্তার কারণ নেই। তবে দেনমোহর ও তালাক চলাকালীন সময়ের ভরণপোষণ মেয়েটির প্রাপ্য। হুমকির বিষয়টি আপনি থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে অবগত করাতে পারেন।