পাঠকের উকিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনজীবী নাহিদ মাহতাব
আইনজীবী নাহিদ মাহতাব

আমরা দুই বোন। কোনো ভাই নেই। আমাদের বাবা মারা গেছেন। আইন অনুযায়ী, আমার চাচা আমার বাবার সম্পত্তির অংশ পাবেন। এ ক্ষেত্রে আমার প্রশ্ন হলো, আমাদের দুই বোনের যদি ছেলেসন্তান থাকে, তাহলে কি আমার চাচা তাঁর অংশ পাবেন না? আমাদের ছেলেরা কি তার নানার সম্পত্তির কোনো অংশ পাবে? 
নাম প্রকাশে অনিচ্ছুক
এলিফ্যান্ট রোড, ঢাকা।

আপনার বাবার উত্তরাধিকার হিসেবে আপনারা দুই বোন বাবার সম্পদের তিন ভাগের দুই ভাগ পাবেন। বাকি এক ভাগ পাবেন আপনার চাচা। আপনাদের ছেলেরা আপনাদের মৃত্যুর পর আপনাদের সম্পত্তি পাবেন।

আমার বাবারা চার ভাই তিন বোন। আমার বাবা প্রথম সন্তান। আমার জন্মের আগে তিনি মারা যান। আমরা এক ভাই এক বোন। বাবা মারা যাওয়ার পর মা নানার বাড়িতে চলে আসেন। এখনো আমরা নানার বাড়িতে থাকি। আমি বড় হওয়ার পর দাদার কাছে আমাদের প্রাপ্য সম্পত্তি চাইতে গেলে দাদা ও চাচারা বলেন, আমার বাবা দাদার আগে মারা গেছেন। সে জন্য আমরা কোনো সম্পত্তি পাব না। এর কিছুদিন পর দাদা মারা যান। তিনি কারও নামে কোনো দলিল করে দিয়ে যাননি। আইনগতভাবে আমরা কি সম্পত্তি পাব?

অপূর্ণতা
কুমিল্লা
মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ১৯৬১ অনুযায়ী, উত্তরাধিকার উন্মুক্ত হওয়ার আগে কোনো পুত্র বা কন্যার মৃত্যু হলে উত্তরাধিকার উদ্ভূত হওয়ার সময় সেই মৃত পুত্র বা কন্যার জীবিত সন্তানেরা তাদের পিতামাতা জীবিত থাকলে সম্পত্তিতে যে পরিমাণ অংশ পেতেন, সেই পরিমাণ অংশ পাবেন। সুতরাং আপনার বাবার প্রাপ্য অংশের অংশীদার আপনি ও আপনার বোন। এ ক্ষেত্রে আপনার দাদার সম্পত্তির এগারো ভাগের আট ভাগ আপনার বাবা ও চাচারা পাবেন। বাকি তিন ভাগ পাবেন ফুফুরা। যেহেতু আপনার বাবার মৃত্যু হয়েছে সে ক্ষেত্রে বাবার প্রাপ্য দুই ভাগের অংশীদার আপনারা হবেন।

১৯৫৬ সালে আমার বাবার জন্ম। তিনি হিন্দু ছিলেন। পরে ইসলাম ধর্ম গ্রহণ করে আমার মাকে বিয়ে করেন। আমার দাদা-দাদি মারা গেছেন। কিছুদিন আগে বাবাও মারা গেছেন। মা বেঁচে আছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, ওয়ারিশ সূত্রে, আমার বাবার সম্পত্তি পাব কি না। শুনেছি আমার বাবাকে ইসলাম ধর্ম গ্রহণ করার পরও ত্যাজ্যপুত্র করা হয়নি। এখন আমরা কীভাবে আমার বাবার সম্পত্তি পেতে পারি।
মো. শহীদুল ইসলাম
চট্টগ্রাম
আপনার হিন্দু ধর্মাবলম্বী বাবা মুসলিম ধর্ম গ্রহণ করে আপনার মাকে বিবাহ করায় তিনি তাঁর হিন্দু বাবার সম্পত্তির অধিকার হারিয়েছেন। সুতরাং উত্তরাধিকার হিসেবে আপনার বাবা তাঁর হিন্দু বাবার কোনো সম্পত্তি পাবেন না। তবে হিন্দু থাকাকালীন আপনার বাবার নিজস্ব কোনো সম্পত্তি থাকলে তা আপনাদের প্রাপ্য। এ ছাড়া আপনার বাবা হিন্দু থাকাকালীন অবস্থায় কোনো সম্পত্তি উত্তরাধিকার হিসেবে অর্জন করলে তা আপনাদের প্রাপ্য।


আমার এক আত্মীয় ১৯৬০ সালে পরিবারের কাউকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন। পরে প্রথম স্ত্রীর ছেলেমেয়েরা দ্বিতীয় স্ত্রীর চার ছেলেমেয়ের লেখাপড়া শেখায় ও প্রতিষ্ঠিত করে। ২০০৮ সালে প্রথম স্ত্রী ও ২০১১ সালে সেই ব্যক্তি মারা যান। এখন দ্বিতীয় স্ত্রীর ছেলেমেয়েরা বলছে, স্বামীর আগে স্ত্রী মারা গেছে বলে স্বামীর সম্পত্তির অংশ প্রথম স্ত্রীর ছেলেমেয়েরা পাবে না। প্রশ্ন হলো, প্রথম স্ত্রীর ফারায়েজ অংশ তাঁর সন্তানেরা পাবে কি না? এ জন্য কী আইনি ব্যবস্থা নেওয়া যায়, দয়া করে জানাবেন।

এস এম এ ওহাব
খুলনা
প্রথম স্ত্রী যেহেতু স্বামীর আগে মৃত্যুবরণ করেছেন, সেহেতু তিনি তাঁর স্বামীর কোনো সম্পত্তি পাবেন না। তবে প্রথম স্ত্রীর সন্তানেরা তাদের বাবার সম্পত্তির উত্তরাধিকার হবেন। অর্থাৎ সম্পত্তির আট ভাগের এক ভাগ পাবেন দ্বিতীয় স্ত্রী এবং বাকি সম্পত্তি পাবেন প্রথম ও দ্বিতীয় স্ত্রীর ছেলেমেয়েরা।

আমি আমার তিন মেয়ের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তায় আছি। আমার স্বামীর পরিবারে আছেন তাঁর বাবা ও চার বোন। শাশুড়ি মারা গেছেন। আমার শ্বশুরের অনেক সম্পত্তি আছে। এখনো কাউকে ভাগ করে দেননি। সামান্য পরিমাণ আমার স্বামীরও আছে। আমার প্রশ্ন, স্বামীর মৃত্যুর পর আমার তিন মেয়ে সম্পত্তির কতটুকু করে পাবে ।
সুবাহ, চট্টগ্রাম
আপনার শ্বশুরের মৃত্যুর পর তাঁর সম্পত্তি আপনার স্বামী ও চার ননদ পাবেন। আপনার স্বামীর সম্পত্তিতে আপনি আট ভাগের এক ভাগ অংশীদার হবেন। বাকি সম্পত্তির তিন ভাগের দুই ভাগ পাবে আপনার তিন মেয়ে।
এখানে উল্লেখ্য, শুধু মৃত্যুর পর উত্তরাধিকারীরা সম্পত্তি পাবেন।

জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায় পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে তারই সমাধান পাওয়া যাবে। এই বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন। 
খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। এ ছাড়া [email protected] এই ঠিকানায় ই–মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন।