পাঠকের উকিল
>

জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায় পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে তারই সমাধান পাওয়া যাবে। এ বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন। খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা, দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। এ ছাড়া [email protected] এই ঠিকানায়ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন।
আমরা তিন ভাই ও পাঁচ বোন। বড় ভাই ১৯৯৭ সালে মারা যান। তাঁর স্ত্রী ও তিন মেয়ে আছে, কোনো ছেলে নেই। তবে বড় মেয়ের বিয়ে হয়েছে এবং বাকিরা এখনো আমাদের সঙ্গে যৌথ পরিবারে থাকেন। বড় ভাইয়ের নামে বেশ কিছু সম্পত্তি আছে। ২০০৮ সালে আমাদের বাবা মারা যান। আমার প্রশ্ন, বড় ভাই, বাবার আগেই মারা যাওয়ায় ‘হিন্দু আইনে’ তিনি বা তাঁর তিন মেয়ে আমার বাবার সম্পত্তির ওয়ারিশ কি না? আমি ও আমার ছোট ভাই কীভাবে, কোন প্রক্রিয়ায় আইনগতভাবে বাবার সম্পদের ওয়ারিশ হতে পারি?
কমল
ঢাকা।
সমাধান: সাধারণত হিন্দু আইনে মেয়েরা সম্পত্তিতে ওয়ারিশ বা উত্তরাধিকার হন না। তাঁরা জীবনস্বত্ব ভোগ করে থাকেন। জীবিত অবস্থায় তাঁরা সম্পত্তি ব্যবহার করতে পারেন এবং প্রয়োজনে বিক্রি করতে পারেন। আপনি ও আপনার ভাই আপনার পিতার সম্পত্তির ওয়ারিশ এবং এ ক্ষেত্রে আপনার আইনগত কোনো প্রক্রিয়ার প্রয়োজন নেই। তবে আপনাদের অংশ পেতে বাধার সম্মুখীন হলে আপনারা আইনি ব্যবস্থা নিতে পারেন।
আমরা চার ভাই ও এক বোন। ২০১১ সালে আমার বোন মারা যায়। আমার বাবা ও মা এখনো জীবিত। আমার বোনের একটি মেয়ে আছে, যার দেখাশোনা আমরা করি। আমার বাবা ও মার নামে সম্পত্তি আছে। আমার বাবা ও মা মারা গেলে ওই সম্পত্তির অংশীদার কে হবে? বোনের স্বামী না কি মেয়ে?
মো. গোলাম মোস্তফা
নওগাঁ।
সমাধান: আপনার বোনের সম্পত্তির অংশীদার হবে তাঁর মেয়ে, তাঁর স্বামী ও পিতা-মাতা। এ ক্ষেত্রে মেয়েটি পাবে অর্ধেক সম্পত্তি। বাকি সম্পত্তি স্বামী ও বাবা-মায়ের প্রাপ্য।
কিছুদিন আগে আমার পরিচিত এক মেয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে আমাকে জোর করে বিয়ে নিবন্ধন করে নেয়। আর এ বিষয়টি মেয়েপক্ষের লোক ছাড়া কেউ জানে না। নিবন্ধনের সময় আমার পক্ষের কোনো সাক্ষী ছিল না। এরপর আমি মেয়েটিকে বিয়ে বাতিলের কথা বলে। মেয়েটি রাজি হয় কিন্তু বলে, দেড় দুই মাসের আগে সই করবে না। এ ক্ষেত্রে মেয়েটি কি কোন আইনি ব্যবস্থা নিতে পারে?
নাম প্রকাশে অনিচ্ছুক
সমাধান: মুসলিম আইনে বিবাহ সম্পন্ন হওয়ার পর তা নিবন্ধন করা হয়। নিকাহ্ রেজিস্ট্রার এই নিবন্ধন করে থাকেন। চিঠির তথ্য অনুযায়ী যদি নিবন্ধন হয়ে থাকে সে ক্ষেত্রে বিবাহটি বৈধ বিবাহ বলে ধরা হবে। সে ক্ষেত্রে জোরপূর্বক বিবাহ নিবন্ধন বাতিলের আবেদন করা যাবে।