পাঠকের উকিল

আমরা চার ভাই, আমি সবার বড়। আমরা সবাই চাকরি করছি। আমাদের চার ভাইয়ের নামে পাঁচ কাঠা জমি আছে, এতে আমার জমির পরিমাণ সোয়া কাঠা। ছোট ভাইয়ের বিয়ের পর তার অনুরোধে তাকে আমার অংশের জমি দানপত্র দলিল করে দিয়ে দিই। আমাদের ভাইদের মধ্যে এত দিন সুসম্পর্কই ছিল। কিন্তু জমি পাওয়ার পর ছোট ভাইয়ের আচরণ একদম বদলে গেছে। তার ব্যবহার দেখে আমি আর ধৈর্য রাখতে পারছি না। এখন আমি যে জমিটি তাকে দানপত্র দলিল করে দিয়েছি, তা বাতিল করতে চাই। আইন অনুযায়ী এমন কোনো ব্যবস্থা আছে কি না জানাবেন।
এইচ সরকার
ঢাকা
সমাধান: আপনি দানপত্রের মাধ্যমে ওই সম্পত্তিতে আপনার স্বত্ব বিসর্জন দিয়েছেন এবং দখল হস্তান্তরের মাধ্যমে এখন ওই সম্পত্তির মালিক আপনার ভাই। সুতরাং এ অবস্থার পরিপ্রেক্ষিতে দলিল অনুযায়ী আপনার ভাই সম্পত্তির মালিক। তবে দলিলটির অন্য কোনো ত্রুটি থাকলে তা বাতিলের জন্য আদালতে মামলা করতে পারেন।
আমার মায়েরা দুই ভাই, দুই বোন। প্রথমে আমার বড় মামা মারা যান। তারপর আমার মা, এরপর খালা মারা যান। খালার স্বামী বড় মামার আগে মারা গেছেন। খালা নিঃসন্তান। আমার প্রশ্ন, খালার সম্পূর্ণ সম্পত্তি কি শুধু ছোট মামা পাবেন? নাকি আমরা এবং বড় মামার ছেলেমেয়েরাও পাবে।
বাবুল
ঢাকা
সমাধান: আপনার খালার সম্পত্তিতে আপনার মা ও মামাদের অংশ আছে। আপনার মা যেহেতু জীবিত নন, সেহেতু আপনার মায়ের প্রাপ্য অংশ আপনারা পাবেন। আপনার ছোট মামা তাঁর প্রাপ্য অংশ পাবেন। খালার সম্পত্তিতে বড় মামার প্রাপ্য অংশ তাঁর ছেলেমেয়েরা পাবেন।
বিয়ের পরই জানতে পারি আমার স্ত্রীর নানা অসামাজিক কাজের খবর। এমনকি সে আমার বোনের গয়না ও নগদ টাকাপয়সা চুরি করে তার বাপের বাড়ি নিয়ে যায়। এসবের পরিপ্রেক্ষিতে তাকে কাজির মাধ্যমে তালাক দিই এবং পোস্ট অফিসে রেজিস্ট্রি করে তার কাছে এবং চেয়ারম্যানের বরাবরে পাঠাই। তালাকের খবর জানতে পেরে তারা আমাদের পরিবারের সবার নামে যৌতুকের মামলা দেয়। এর কিছুদিন পরে আবার নারী নির্যাতন মামলা দেয়। তিন মাস পর আমাদের তালাক রেজিস্ট্রি হয়। যৌতুকের মামলাটি এখন জজ কোর্টে বিচারাধীন আছে। দুটি মামলা চলা অবস্থায় আবার নতুন করে পারিবারিক আদালতে মোহরানার মামলাও দায়ের করে। মেয়েপক্ষ প্রভাবশালী হওয়ায় তারা তালাক না মেনে জোর করে একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করছে। কীভাবে এই তিনটি মামলা থেকে অব্যাহতি পাব, তা জানালে কৃতজ্ঞ থাকব।
মো. আবু আইয়ুব আনছারী
চাঁদপুর
সমাধান: এই তিনটি মামলায় আপনার প্রতিদ্বন্দ্বিতা করা প্রয়োজন। তালাকের পর সাধারণত যৌতুকের মামলা চলে না। তবে মোহরানা আপনার সাবেক স্ত্রীর প্রাপ্য।