পাঠকের উকিল

* আমি অন্য ধর্মের একজন মেয়েকে ভালোবাসি। আমরা দুজনই প্রাপ্তবয়স্ক। মেয়েটি আমাকে খুব ভালোবাসে এবং স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়ে আমাকে বিয়ে করতে চায়। কিন্তু প্রায়ই দেখা যায়, এ রকম বিয়ের ক্ষেত্রে ঘটনা জানাজানি হওয়ার পর মেয়ের পরিবার থেকে ছেলের পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করা হয়ে থাকে। কিন্তু আমি কখনোই চাই না, আমার কারণে আমার পরিবার সমস্যায় পড়ুক। আবার অনেক সময় নবদম্পতিকে পালিয়ে বাঁচতে হয়, যা আমার পক্ষে সম্ভব নয়। এখন প্রশ্ন হলো, কোন পদ্ধতিতে বিয়ে করলে আমি, আমরা এবং আমার পরিবার আইনগতভাবে বা কোনোভাবে মেয়ের পরিবার দ্বারা কোনো প্রকার হয়রানির শিকার হব না।
নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক
আপনারা যদি দুজনেই প্রাপ্তবয়স্ক হন, সে ক্ষেত্রে ধর্মান্তরিত হয়ে বিয়েতে কোনো বাধা নেই। অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ের ক্ষেত্রে সাধারণ আপনার উল্লিখিত সমস্যাগুলো হতে পারে। প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে দুজনের সম্মতিতে বিয়ের ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। মেয়েটি স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়ে আইন অনুযায়ী আপনাকে বিয়ে করতে পারেন।
* বিয়ের এক বছর আগেই আমার স্বামী কোনো কারণে তাঁর পরিবার ছাড়তে বাধ্য হন। আমার সম্মতি ছাড়াই অভিভাবকেরা তাঁর সঙ্গে আমার বিয়ে দেন। কিন্তু বিয়ের ছয় বছর হলো আমি শ্বশুরবাড়ি যেতে পারিনি। শহর থেকে দূরে আমরা ভাড়া বাড়িতে থাকি। আমার স্বামী তিন ভাইয়ের মধ্যে ছোট। তাঁর একটি বোন ছিল। আমার শাশুড়ি তিন বছর আগে মারা গেলে শ্বশুর দ্বিতীয় বিয়ে করেন এবং সেই পক্ষের একটি মেয়ে হয়। শাশুড়ির মৃত্যুর পর বাড়ির দোতলার অর্ধেকটা আমাদের দেবেন বললেও বিভিন্ন টালবাহানায় কাটিয়ে দিচ্ছেন এত দিন। এখন পর্যন্ত দোতলাটা দখল করে আছে স্বামীর অন্য দুই ভাইবোন। শ্বশুরের তাতে কোনো মাথাব্যথাও নেই। আমার স্বামী সাহস করে কিছু বলতেও পারেন না। আমার তিন বছরের একটি মেয়ে আছে। এখন মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে শ্বশুরবাড়িতে উঠতে চাই। কী করতে পারি?
জেসমিন আরা
রাজশাহী।
আপনার শ্বশুর জীবিত অবস্থায় তাঁর সম্পত্তি থেকে খুশি হয়ে আপনাদের দিয়ে যেতে পারেন। তিনি জীবিত থাকা অবস্থায় তাঁর সম্পত্তিতে আপনাদের কোনো অধিকার নেই। তাঁর মৃত্যুর পর তাঁর সন্তানেরা ও দ্বিতীয় স্ত্রী সম্পত্তির উত্তরাধিকারী হবেন। সুতরাং জীবিত অবস্থায় যদি তিনি আপনাদের কিছু সম্পত্তি রেজিস্ট্রি করে হস্তান্তর করেন, তবে তার মালিক হবেন আপনারা। আর আপনারা হবেন বাকি সম্পত্তির উত্তরাধিকারী, যা কার্যকর হবে তাঁর মৃত্যুর পর। তবে শ্বশুরের সম্মতিতে এখন আপনাদের তাঁর বাড়িতে উঠতে কোনো বাধা নেই।
* আমার দাদা-দাদির পাঁচ ছেলে ও দুই মেয়ে। ১৯৭৭ সালে আমার বয়স যখন দুই বছর, তখন আমার বাবা মারা যান। আমি আমার বাবার একমাত্র মেয়ে। আমার দাদা-দাদি তখন জীবিত ছিলেন। তারপর আমার দাদা ১৯৮২ ও দাদি ২০১০ সালে মারা যান। আমার বাবার নামে কোনো সম্পত্তি ছিল না, সবই দাদা ও দাদির।
এখন প্রশ্ন হলো, দাদা ও দাদির রেখে যাওয়া সম্পত্তির কতটুকু অংশ আমি পাব? আমার মাও কি সম্পত্তি পাবেন?
কানিজ ফারহানা
ময়মনসিংহ।
প্রতিনিধিত্ব আইনের বলে আপনার দাদা-দাদির সম্পত্তিতে আপনার বাবার প্রাপ্য অংশের হকদার আপনি এবং আপনার মা। এ ক্ষেত্রে আপনার মা আপনার বাবার প্রাপ্য অংশে আট ভাগের এক ভাগ পাবেন। রেসিডুয়ারি হিসাবে বাকি সম্পত্তির অর্ধেক আপনার প্রাপ্য।
* আমার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। দুই বছর আগে আমার মা মারা যান। বাবা আবার বিয়ে করেন, আমরা ছয় বোন, দুই ভাই। সবার বিয়ে হয়ে গেছে। প্রায় চার বছর আগে আমার বাবা বাড়িসহ ৫০ গন্ডা জমি দুই ভাইকে গোপনে সাফকবলা করে দেন। পরে ওই ব্যাপারে সবাই জানলে মা আমাদের ছয় বোনকে কিছু সম্পত্তি দিয়েছিলেন। বাবার আরও সম্পত্তি আছে। আমাদের যে জায়গা দেন, তার কোনো রাস্তা নেই, অনেকটাই ভেতরে অবস্থিত। আমরা তিন বোন সরকারি চাকরি করি। দুই ভাই পরিবার নিয়ে বাইরে থাকেন। কিছু সম্পত্তি আছে, যা এখনো কারও নামে হয়নি। দুই বোনের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। বাবা জীবিত। আমি বাবার বাড়িতেই থাকতাম। সৎমা আলমারির তালা ভেঙে আমার পাঁচ ভরি স্বর্ণ চুরি করে নেন। তখন যা ক্ষতি হয়েছে আমার হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আইনের আশ্রয় নিলে আমরা আরও কিছু সম্পত্তি পাব কি না, জানালে উপকৃত হব।
জান্নাত
কুমিল্লা।
বাবার জীবদ্দশায় তাঁর সম্পত্তির অংশ পেতে আইনের আশ্রয় নেওয়া সম্ভব নয়। তাঁর মৃত্যুর পর মুসলিম আইন অনুযায়ী আপনারা ওই সম্পত্তির অংশীদার হবেন। জীবিত অবস্থায় আপনাদের যে সম্পত্তি তিনি লিখে দিয়েছেন, তা শুধু আপনাদের। অন্য সম্পত্তিতে আপনারা উত্তরাধিকারী হবেন।
* আমি যখন স্কুলে পড়ি, তখন আমার পাশের বাড়ির একটি ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ি। ছেলেটির সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হয়। কিন্তু কিছুদিন পর ছেলেটি আমার সঙ্গে আর যোগাযোগ রাখেনি। ছেলেটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে সে আমাকে এড়িয়ে চলে। ছেলেটির ব্যবহারে আমি অনেক কষ্ট পাই। আমি ছেলেটিকে ভুলে গিয়েছিলাম; কিন্তু সমস্যা হলো আমাদের সম্পর্কের কিছু প্রমাণ তার কাছে আছে। সে আমাকে পরবর্তী সময়ে কোনো সমস্যা করবে কি না, তা নিয়ে আমি দুশ্চিন্তায় আছি।
এসএসসি পরীক্ষার কিছুদিন আগে আমার দূর সম্পর্কের এক আত্মীয়ের ছেলের সঙ্গে আমি আবার সম্পর্কে জড়িয়ে পড়ি। আমি ছেলেটিকে অনেক ভালোবাসি। সেও আমাকে ভালোবাসে। আমাদের মধ্যে অনেকবার শারীরিক সম্পর্ক হয়। আমি ছেলেটিকে বিয়ে করব বলে স্থির করেছিলাম। কিন্তু যখন জানতে পারলাম সে অন্য আরেকটি মেয়ের সঙ্গেও শারীরিক সম্পর্ক করেছে, তখন আমি তাকে আর গ্রহণ করতে পারছি না। আমি এখন মানসিক অশান্তিতে আছি। আমার ভয় হয়, আমি যে ছেলেটির সঙ্গে সম্পর্ক করেছি, সে যদি আমার কোনো ক্ষতি করে। এখন আমি কী করব?
মনি
ঠিকানা প্রকাশে অনিচ্ছুক।
ছেলেটির কাছে আপনার সঙ্গে তার সম্পর্কের কী ধরনের প্রমাণ আছে, তা জানা প্রয়োজন। পরবর্তী সম্পর্কে ছেলেটি কী ধরনের ক্ষতি করতে পারে, তা আগাম আন্দাজ করা সম্ভব নয়। তবে বিভিন্ন ছেলের সঙ্গে সম্পর্কে জড়ানোর ব্যাপারে আপনার সাবধান হওয়া প্রয়োজন।