পাঠকের উকিল

* বনিবনা না হওয়ায় বিয়ের দুই বছর পর আমার স্ত্রীকে গত বছরের অক্টোবরে আইনিভাবে তালাক দিই। আমাদের কোনো সন্তান নেই। নিয়ম অনুযায়ী তাকে এবং ওই এলাকার চেয়ারম্যান বরাবর তালাক নোটিশ পাঠাই। কিন্তু সে এবং তার পরিবার নোটিশ পাওয়ার বিষয়টি গোপন করে। এর দেড় মাস পর আমাকে এবং আমার পরিবারের সদস্যদের আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১-এর (গ) ধারায় যৌতুকের জন্য নির্যাতন করে হত্যাচেষ্টার অভিযোগ এনে থানায় মামলা দায়ের করে। মামলায় আমাকে এবং আমার মা, ছোট ভাই ও বোনকে বিবাদী করা হয়েছে। আমার বোনের এক বছর বয়সী একটা বাচ্চা আছে।
ঘটনার দিন-তারিখ ও সময় মামলার এজাহারে সেপ্টেম্বর মাস উল্লেখ করা হয়। আমি ও আমার পরিবারের সদস্যরা কেউই তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। মামলাটি এখন তদন্তের পর্যায়ে আছে। আমি এখন কীভাবে এ রকম পরিস্থিতির মোকাবিলা করব?
মামলাটি আদালতে গেলে আমরা কি সবাই জামিন পাব? বিশেষ করে আমার মা, ছোট ভাই, বোন। মিথ্যা মামলা দায়ের করার জন্য আমি কী ধরনের আইনি ব্যবস্থা নিতে পারি? আইন অনুযায়ী তালাকের পর ৯০ দিন অতিবাহিত হয়ে গেছে। আমি কি এখন আমার তালাক রেজিস্ট্রি করতে পারব?
নাম প্রকাশে অনিচ্ছুক
l নারী ও শিশু নির্যাতন দমন আইনের সঙ্গে তালাকের কোনো সম্পৃক্ততা নেই। যেকোনো নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে এই আইনের আওতায় মামলা করা যায়। নির্দিষ্ট আদালতে আপনারা জামিনের আবেদন করতে পারেন। মামলাটি সুষ্ঠুভাবে পরিচালনা করাই আপনার এখন দায়িত্ব। তালাক কার্যকর হলে তা রেজিস্ট্রি করতে কোনো বাধা নেই। সাধারণত তালাকের নোটিশ পাওয়ার ৯০ দিন পর তা কার্যকর হয়। আদালতে যদি প্রমাণিত হয় যে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে সে ক্ষেত্রে আপনি মিথ্যা মামলা দায়েরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন।
* আমার বাবা-চাচারা চার ভাই, এক বোন। মেজো চাচা নিঃসন্তান এবং আমার বাবা মেজো চাচার আগে মারা গেছেন। আমার অন্য দুই কাকা ও ফুফু জীবিত। আমার জীবিত দুই চাচা ও কয়েকজন আইনজীবীর মত অনুযায়ী আমার নিঃসন্তান চাচার আগে আমার বাবা মারা যাওয়ায় এবং এখনো দুই চাচা ও ফুফু জীবিত থাকায় আইন অনুযায়ী আমরা নাকি দূরবর্তী। তাই মৃত নিঃসন্তান কাকার সম্পত্তির কোনো অংশ আমাদের না দিয়ে চাচারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন এবং বিধবা চাচিকে কিছু অংশ দিয়েছেন। আমরা কি মৃত নিঃসন্তান চাচার সম্পত্তির অংশ পাব? যদি পাই, তাহলে কে কত অংশ পাবে এবং কীভাবে আমরা আইনগত পদক্ষেপ নিতে পারি?
মো. মামুনুর রহমান
মধুপুর, টাঙ্গাইল।
l উত্তরাধিকারী হিসেবে আপনারা আপনার বাবার সম্পত্তি পাবেন। আপনার নিঃসন্তান চাচার সম্পত্তি তাঁর জীবিত ভাইবোনেরা পাবেন।
* আমার বয়স * * বছর। আমি একটি মেয়ের সঙ্গে ফোনে কথা বলতাম। দেখাও করেছি। কথা বলতে বলতে একদিন মেয়েটা আমাকে ওর বাসায় ডেকে নিয়ে যায়। সেখানে আমাকে আটকে রাখে। জোর করে মেয়েটির সঙ্গে আমার বিয়ে দেওয়া হয়। ওখানে আমাদের কেউ ছিল না। তখন আমি ভুল ঠিকানা দিই। আর আমার বিয়ের দেনমোহর ছয় লাখ টাকা ধার্য করা হয়। বিয়ের পর তিন মাস পার হয়েছে। এখন আমার পরিবার এবং আমিও তাকে মেনে নিতে পারছি না। আর কোনো দিনও মেনে নেব না। আমার ঠিকানা ভুল দেওয়া আছে। মেয়ের বয়সও ১৮ বছর হয়নি। এখন কী করতে পারি? আর মেয়েটা কি কিছু করতে পারবে?
কামাল
l ১৮ বছরের নিচে মেয়ের বিবাহ প্রদান দণ্ডনীয় অপরাধ। আপনার বিয়ে কীভাবে হয়েছে, তা চিঠিতে উল্লেখ নেই। আইনগতভাবে বিবাহ হয়ে থাকলে আপনি তালাক দিতে পারেন। জোর করে বিবাহ হলে এ ব্যাপারে নিকটস্থ থানায় জিডি করে রাখতে পারেন।