পাঠকের উকিল

* আমার মায়ের দিকে তিন ভাই, তিন বোন। বোন একজন জীবিত এবং ভাই একজন জীবিত। আমার নানা তাঁর মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে কিছু জমি পেয়েছেন, যেটা আগে কেউ জানতেন না। এক দূরসম্পর্কের মামা সম্পত্তির খোঁজ বের করে আমাদের জানান। এখন আমার মায়ের দিকের যে ভাইবোনেরা জীবিত নেই, তাঁরা এবং তাঁদের ছেলেমেয়েরা কি এই সম্পত্তির উত্তরাধিকার হবেন? যিনি এই সম্পত্তির খোঁজ এনেছেন, তাঁর ভাষ্যমতে সবাই জীবিত অবস্থায় এই সম্পত্তির কথা জানতেন না। সুতরাং এখন যাঁরা জীবিত আছেন, তাঁরাই শুধু এই সম্পত্তির উত্তরাধিকার। কারণ, মৃত মানুষ সম্পত্তির উত্তরাধিকার হতে পারেন না। সঠিক আইনটি জানালে অনেক উপকৃত হতাম।
নাম প্রকাশে অনিচ্ছুক
মুসলিম আইন অনুযায়ী আপনার নানার জীবিত ছেলেমেয়েরা তাঁর সম্পত্তিতে অংশীদার হবেন। এ ছাড়া মুসলিম প্রতিনিধিত্ব আইন বলে মৃত ভাইবোনের ছেলেমেয়েরা তাঁদের বাবা-মা জীবিত থাকাকালীন যে অংশ প্রাপ্য ছিলেন, তা পাবেন। এই আইনটি ১৯৬১ সালে প্রণয়ন করা হয়।
* আমার পরিবারকে না জানিয়ে আমরা বিয়ে করি। দুই মাসের মধ্যে জানতে পারি আমার স্ত্রীর আরেকজনের সঙ্গে পরকীয়ার সম্পর্ক আছে। এরপর বিয়ের তিন মাসের মধ্যেই আমার স্ত্রীকে আইনিভাবে তালাক দিই। তালাকের নোটিশ আমি আমার স্ত্রীকে, স্ত্রীর ভাইকে ও অত্র এলাকার চেয়ারম্যানকে পাঠাই। কিন্তু চেয়ারম্যান নোটিশ পাওয়ার বিষয়টি গোপন করেন। এখন এত দিন পর ২০/১২/২০১৪ থেকে ১৪/০২/২০১৬ আমাকে ও আমার পরিবারকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১-এর (গ) ধারায় যৌতুকের জন্য নির্যাতন, হত্যাচেষ্টার অভিযোগ এনে থানায় মামলা দায়ের করে। মামলায় আমাকে ও আমার মাকে বিবাদী করা হয়েছে। আর এ ঘটনার দিন-তারিখ নোটিশে উল্লেখ করা আছে। আমি এখন কীভাবে এ রকম পরিস্থিতি মোকাবিলা করব? মামলাটি আদালতে গেলে কি আমরা জামিন পাব? মিথ্যা মামলা দায়ের করার জন্য কি আমরা আইনি ব্যবস্থা নিতে পারব? আর আমি কি আমার তালাক রেজিস্ট্রি করতে পারব?
নাম প্রকাশে অনিচ্ছুক
নারী ও শিশু নির্যাতন আইনের আওতায় মামলাটিতে নির্যাতনের ঘটনাটির তারিখ যদি তালাকের তারিখের পরে দেখানো হয় সে ক্ষেত্রে মামলাটিতে আপনার জামিন পাওয়ার জোরালো সম্ভাবনা আছে। এ ছাড়া মামলা চলাকালীন তালাক রেজিস্ট্রিতে আইনত কোনো বাধা নেই। মিথ্যা মামলার বিষয়টি আদালতে প্রমাণিত হলে আদালত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন।
* প্রথমে প্রেম হলেও পরে পারিবারিকভাবেই আমি ২০১১ সালে বিয়ে করি। মেয়েটি ঝগড়াটে, দুষ্টু ও একরোখা মনোভাবের কারণে প্রথমে কিছুটা অসম্মত থাকলেও পরে আমার পরিবার মেনে নেয়। কিন্তু বিয়ের দেড় মাসের মাথায় ঘুমের অনেকগুলো ট্যাবলেট পানিতে গুলে শরবত বানিয়ে আমাকে খাওয়ায় এবং অনেক চিকিৎসার পর আমি সুস্থ হই। ঘটনাটি সবাই জানে। কিন্তু তারপরেও আমি আবার তাকে নিয়ে ঘর করা শুরু করি। এবারও সে কাওকে পাত্তা না দিয়ে মনমতো চলাফেরা শুরু করে। ফলে ঝগড়া ও বাগ্বিতণ্ডা শুরু হয়। অবশেষে গত ২০১৩ সালের জানুয়ারি মাসে বিতর্কের একপর্যায়ে বাড়ি থেকে মেয়েটি বের হয়ে ঢাকায় আসে। কিন্তু একবারও বাড়ি আসেনি। সমস্যাটি সমাধানের জন্য চেয়ারম্যানের মাধ্যমে কয়েকবার চেষ্টা করি। কিন্তু টালবাহানা ছাড়া আর কিছুই নির্দিষ্ট করে বলে না। এখন এই অবস্থায়
ক) আমরা যদি মেয়েকে তালাক দিই তবে কোনো মামলা করতে পারবে কি না? খ) আমি নতুন কোনো বিয়ে করতে পারব কি না? গ) এই সমস্যা থেকে বের হয়ে আসার পথ কী?
নজরুল ইসলাম
আপনি তালাকের নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে আপনার স্ত্রীকে তালাক দিতে পারেন। তালাক কার্যকরী হতে সাধারণত তিন মাস সময় প্রয়োজন। তালাক কার্যকরী হলে আপনার দ্বিতীয় বিবাহে কোনো বাধা নেই। তবে দেনমোহর ও তালাক চলাকালীন ভরণপোষণ প্রদানের দায়িত্ব আপনার। সুতরাং পরে মেয়েটি দেনমোহর ও তিন মাসের ভরণপোষণের জন্য মামলা করতে পারেন।
* আমার বয়স ২২ বছর। আমার বাবা প্রথম পক্ষের স্ত্রীর গর্ভে বাচ্চা থাকা অবস্থায় তাঁকে তালাক দেন। সেটা ১৯৯০ সালে। এখন পর্যন্ত তাঁদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। আমার মা দ্বিতীয় পক্ষ। আমাদের ভিটাবাড়ি ছাড়া আর কোনো জমি নেই। আমাদের আর্থিক অবস্থা ভালো না। আমি এখন সংসার চালাই, বাবার বয়স হয়েছে। তিনি এখন আর কাজ করতে পারেন না। এখন কি প্রথম পক্ষের সন্তান আমার বাবার সম্পত্তির ভাগ পাবে। আমার বাবা আমার নামে সম্পত্তি দলিল করে দিলে কি আইনিভাবে বৈধ হবে?
নাম প্রকাশে অনিচ্ছুক।
আপনার বাবা জীবিত অবস্থায় তাঁর সম্পত্তি আপনাকে লিখে দিলে সেই সম্পত্তি হবে শুধু আপনার। এই সম্পত্তিতে অন্য কারও অংশ থাকবে না। তবে উত্তরাধিকার আইন অনুযায়ী আপনার বাবার মৃত্যুর পর তাঁর সম্পত্তিতে অংশীদার হবেন আপনার মা, আপনি ও আপনার বাবার প্রথম পক্ষের সন্তান।