পাঠকের উকিল

* আমার বিয়ে হয়েছে প্রায় ছয় মাস। আমি আমার পরিবারসহ গ্রামে থাকি। একদিন আমার স্ত্রী গোসল করছিল। তখন একজন প্রতিবেশী যুবক গোপনে এবং আমার স্ত্রীর অজান্তে তা মোবাইল ফোনের ক্যামেরায় ভিডিও করে নেয়। কয়েক দিন পর ওই যুবকসহ দুজন ভিডিওটি আমাকে দেখায়। তারা আমার কাছে টাকার বিনিময়ে ভিডিওটি ফেরত দেওয়ার কথা বলে। অন্যথায় ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে বলে হুমকি দেয়। ব্যাপারটি আমার স্ত্রী এখনো জানে না। এমতাবস্থায় পরিবারের সম্মান রক্ষার্থে আমার কী করা উচিত? আর যদি আইনের আশ্রয় নিতে হয় সে ক্ষেত্রে এটি কোন ধরনের মামলার অন্তর্ভুক্ত হবে?
নাম প্রকাশে অনিচ্ছুক
বাগেরহাট
এ ধরনের ভিডিও করা আইনে শাস্তিযোগ্য অপরাধ। আপনি তথ্যপ্রযুক্তি আইন, ২০০৬ অথবা পর্নোগ্রাফি আইন, ২০১২-এর আওতায় মামলা করতে পারেন। পর্নোগ্রাফি আইনের আওতায় এই অপরাধের শাস্তি সাত বছর পর্যন্ত জেল ও দুই লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। তথ্যপ্রযুক্তি আইনের আওতায় সাত থেকে চৌদ্দ বছর জেল ও অনধিক এক কোটি টাকা জরিমানা হতে পারে।
* আমরা দুই ভাই, এক বোন। মা মারা গেছেন ২০০৬ সালে। ২০০৯ সালে আমাদের বাবা দ্বিতীয় বিয়ে করেন একজন বিধবাকে নারীকে। যাঁর আগের পক্ষের একটি সাবালক ছেলে আছে। বর্তমানে আমার বাবাই ওই ছেলের লেখাপড়া ও অন্যান্য খরচ বহন করে আসছেন। আমার বাবার ১৬০ শতাংশের মতো জমি আছে, যা তিনি তাঁর মৃত্যুর আগে আমাদের ভাগ করে দিতে ইচ্ছুক নন। প্রশ্ন হলো, বাবার মৃত্যুর পর আমরা তিন ভাইবোন ও সৎমা/ভাই এই সম্পত্তির কে কতটুকু অংশীদার হব? দ্বিতীয়ত, আমার মা উত্তরাধিকার সূত্রে আমার নানার কাছ থেকে ৬৬ শতাংশ সম্পত্তি পেয়েছেন। মায়ের অবর্তমানে এখন আমার বাবাই তা ভোগ করছেন। বাবার অবর্তমানে ওই সম্পত্তিরই বা কে কতটুকু অংশীদার হব, জানালে উপকৃত হব।
আবীর হাসান
চাটমোহর, পাবনা
আপনার বাবার মৃত্যুর পর তাঁর সম্পত্তির আট ভাগের এক ভাগ পাবেন তাঁর জীবিত স্ত্রী। বাকি সম্পত্তি আপনারা দুই ভাই এক বোন পাবেন। এখানে প্রথম পক্ষের ছেলেটি কোনো অংশ পাবে না। আপনার মায়ের সম্পত্তির চার ভাগের এক ভাগ আপনার বাবার প্রাপ্য। বাকি সম্পত্তি আপনারা দুই ভাই ও এক বোন পাবেন।
* আমি একটা মেয়েকে খুব পছন্দ করি। সেও আমাকে পছন্দ করে। মেয়েটার আগে একটা বিয়ে হয়েছিল, যাতে তার মত ছিল না। বিয়েটা ২০১৩ সালের ২২ নভেম্বর পারিবারিকভাবেই হয়। ছেলেটা ছিল তার খালাতো ভাই। কিন্তু বিয়ের পর মেয়েটা তাকে মানসিকভাবে মেনে নিতে পারেনি। ফলে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। ছেলেটা মেয়েটার খোঁজখবর নেওয়া বন্ধ করে দেয়। মেয়েটা তার বাবার বাড়িতে চলে আসে। এখনো সেখানেই আছে। ছেলেটার কাছ থেকে তালাক চাওয়া হলে সে দিতে রাজি হয় না। এখন আমাদের কিংবা মেয়েটার কী করণীয়? যা ইসলামি শরিয়াহ ও সরকারি আইন মোতাবেক গ্রহণযোগ্য। আমি মেয়েটাকে বিয়ে করতে চাই, সেও চায়। ওই ছেলেটা দেশের বাইরে আছে ২০১৪ সালের ৩ জানুয়ারি থেকে। ছেলে কিংবা মেয়ের দুই পরিবারের কেউই মেয়েটার মতামতের গুরুত্ব দিচ্ছে না। তারা কেউই তালাকের পক্ষে নয়। কিন্তু মেয়েটা তালাক নিতে চায়। আমরা একে অপরকে বিয়ে করত চাই। আমরা দুজন দেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষে পড়ি।
নাম প্রকাশে অনিচ্ছুক
মেয়েটা যেহেতু বিবাহিত সে ক্ষেত্রে ধরে নেওয়া যায় যে তিনি সাবালক অর্থাৎ তাঁর বয়স ১৮ বছরের বেশি। তালাকের নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে তালাক দেওয়ার পর আপনি মেয়েটাকে বিয়ে করতে পারেন। তবে তালাক কার্যকরী হওয়ার পরই তা সম্ভব।
* দত্তক নেওয়া সন্তানকে কীভাবে নিজের সম্পত্তির উত্তরাধিকার বানাব?
নাম প্রকাশে অনিচ্ছুক
মুসলিম আইনে দত্তক নেওয়ার কোনো বিধান নেই। তবে আপনি আপনার সম্পত্তি আপনার জীবিত অবস্থায় দান করতে পারেন। সে ক্ষেত্রে সম্পত্তি হস্তান্তর এই ধরনের দানের মূল উপাদান। হিন্দু আইনে দত্তক নেওয়ার বিধান আছে। দত্তক ছাড়া অন্য কোনো সন্তানাদি না থাকলে দত্তক সন্তান পুরো সম্পত্তির উত্তরাধিকার হবেন। তবে অন্য সন্তানাদি থাকলে সম্পত্তিতে তাঁরা অংশীদার হবেন।
* আমি আমার বাবার দ্বিতীয় পক্ষের মেয়েসন্তান। আমরা দুই বোন এক ভাই। বড় বোন বিবাহিত। আমি স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষে আর আমার ভাই প্রথম বর্ষে পড়াশোনা করে। এক সপ্তাহ আগে আমার বাবা গোপনে তাঁর সমস্ত সম্পত্তি (২ একর ৬৭ শতক) তাঁর প্রথম পক্ষের দুই ছেলেকে দলিল করে দিয়েছেন। আমার ভাইকে কোনো সম্পত্তি না দিয়ে, তাঁকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করেছেন। আমার বাবা আমাদের দুই ভাইবোনের পড়াশোনার কোনো খরচ বহন করেন না এবং মাসহ আমাদের কোনো ভরণপোষণ দেন না। তাতে আমরা মৌখিকভাবে অনেক অভিযোগ করলেও কোনো লাভ হয়নি। কিন্তু শেষ পর্যন্ত বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হব, এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারছি না। এমনকি তিনি আমাদের বসতবাড়িটাও তাঁর দুই ছেলের নামে লিখে দিয়েছেন। আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। তবে এখনো তাঁর ৬৯ শতক জমি ব্যাংকের কাছে দায়বদ্ধ (মর্টগেজ) আছে। এখন প্রশ্ন হলো, আমরা বাবার এই অন্যায় কাজের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নিতে পারি এবং উত্তরাধিকার সূত্রে কীভাবে তাঁর সম্পত্তির অংশ পেতে পারি। সঠিক আইনটি জানালে আমরা অনেক উপকৃত হব। বাংলাদেশে কি এমন আইন করা যায় না, যেখানে কোনো বাবাই তাঁর কোনো সন্তানকে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করতে পারবেন না?
সুলতানা
আপনার বাবা তাঁর জীবিত অবস্থায় তাঁর সম্পত্তি অন্য কাউকে লিখে দিতে পারেন। সে ক্ষেত্রে উত্তরাধিকারীরা ওই সম্পত্তির অধিকার হারাবেন। স্ত্রী ও সন্তানদের ভরণপোষণ দিতে আপনার বাবা বাধ্য। সে ক্ষেত্রে আপনারা পারিবারিক আদালতে ভরণপোষণের মামলা করতে পারেন। ব্যাংকের কাছে দায়বদ্ধ জমি ফেরত পেলে আপনারা তাতে অংশ পাবেন।