পাঠকের উকিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাহিদ মাহতাব
নাহিদ মাহতাব
জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায় পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে তারই সমাধান পাওয়া যাবে। এ বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন। খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা, দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। ই–মেইল: [email protected]

 আমার চার ভাই এক বোন। বোনের বিয়ে হয়েছে। মা মারা গেছেন ২০১৩ সালে। আমরা দুই ভাই সাবালক আর দুই ভাই নাবালক থাকায় আমার বাবা দ্বিতীয় বিয়ে করেন। বিয়ে করার এক মাস পরে আলাদা বাসায় চলে যান। আমাদের বাবা ছুটিতে এলে রান্নাবান্না করে দিতেন এবং সারা দিন আমাদের বাসায় থাকতেন। রাতে দ্বিতীয় স্ত্রীর বাসায় যেতেন। গত ২০ মার্চ দ্বিতীয় মায়ের বাসায় যাওয়ার পথে বাবা সড়ক দুর্ঘটনায় মারা যান। আমার নাবালক দুটি ভাই নিয়ে দ্বিতীয় মাকে বাড়িতে থাকার জন্য বলেন মুরব্বিরা। কিন্তু বাবা মারা যাওয়ার ছয় দিন পর তিনি বাবার বাড়ি চলে যান। বাবা পুলিশের চাকরি করতেন। এখন মা বাবার অর্ধেক পেনশন পাওয়ার জন্য পুলিশ কার্যালয়ে আবেদন করেছেন। আমরা চার ভাই লেখাপড়া করি। কীভাবে আমরা পেনশনের ৭৫ শতাংশ পেতে পারি।

মো. আলগীল হোসেন
বুড়িচং, কুমিল্লা
 পেনশনের ক্ষেত্রে কোনো মতবিরোধ বা কাউন্টার ক্লেইম থাকলে তা আদালতের ওয়ারিশ সার্টিফিকেট অনুযায়ী ভাগ করতে হবে।

 আমার বয়স ১৯ বছর। গত চার বছর ধরে আমার একটি মেয়ের সঙ্গে গভীর সম্পর্ক চলছে। আমাদের সম্পর্ক খুব ভালোভাবেই কাটছে। দুজনে সিদ্ধান্ত নিয়েছি, আমরা বিয়ে করব। কিন্তু মেয়েটির বয়স ১৬ বছর। তাই আমরা আগামী দুই বছর অপেক্ষা করেই বিয়ের কাজ সম্পন্ন করতে চাচ্ছি। কিন্তু আমাদের দুজনের ধর্ম আলাদা। বিষয়টি মেয়ের পরিবারে জানাজানির পর তারা সাফ জানিয়ে দিয়েছে, তারা কোনোভাবেই মেনে নেবে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি বিয়ের সময় হলে, পালিয়ে গিয়ে বিয়ে করব। আমরা কীভাবে আমাদের বিয়ে সম্পন্ন করতে পারি?
নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক
 আপনার বিশেষ বিবাহ আইনের (স্পেশাল ম্যারেজ অ্যাক্ট) আওতায় বিবাহ করতে পারেন। তবে বিবাহের আগে আপনাদের একধরনের ডিক্লারেকশন দেওয়া প্রয়োজন। এ ছাড়া এ ধরনের বিবাহ দায়িত্বপ্রাপ্ত অফিসার নির্দিষ্ট অফিসে সম্পন্ন করবেন।

 আমার এক আত্মীয় ২০১৪ সালে মা-বাবার পছন্দে বিয়ে করেন। বিয়ের ছয়-সাত মাস পর স্বামী-স্ত্রীর ঝগড়া-বিবাদ ও মতের মিল না হওয়ায় এবং অভিভাবকদের মনোমালিন্যের কারণে তাঁরা আলাদা হয়ে যান। স্ত্রী বর্তমানে বাবার বাড়িতে আছেন। কাবিনের অর্ধেক টাকা স্ত্রীকে পরিশোধ করা হয়েছে। স্ত্রী স্বামীর ঘরে ফিরে যেতে চান না। এ অবস্থায় কীভাবে আইনসিদ্ধভাবে তালাক দেওয়া যায়? দীর্ঘদিন যাবৎ স্বামী-স্ত্রী বা দুই পরিবারের কোনো যোগাযোগ নেই।
দীন মোহাম্মদ
সিলেট

 মুসলিম আইনে তালাক প্রদানের নির্দিষ্ট নিয়মকানুন আছে। সাধারণত কাজি অফিসের মাধ্যমে এই তালাক প্রদান করা হয় এবং তা কার্যকর হতে তিন মাস সময় প্রয়োজন। তালাকের নোটিশ সিটি করপোরেশন ও যাকে তালাক দিতে যাচ্ছেন, তার স্থায়ী ঠিকানায় পাঠাতে হবে। পরবর্তী সময়ে সিটি করপোরেশন ‘রিকনসিলেশন’-এর উদ্দেশ্যে দুই পক্ষকে হাজির হতে বলবে। কোনো ধরনের আপস না হলে তালাকটি চূড়ান্ত হবে এবং পরবর্তী সময়ে তার রেজিস্ট্রেশন করতে হবে।
 বাংলাদেশে হিন্দু মেয়েদের বাবার সম্পত্তিতে অধিকার আছে কি?
হরেন্দ্র বৈদ্য
শ্রীমঙ্গল, মৌলভীবাজার
 বাংলাদেশে হিন্দু আইনে কন্যাসন্তান সম্পত্তিতে উত্তরাধিকার হবেন না। তবে জীবনস্বত্বে তিনি প্রয়োজনে তা ব্যবহার করতে পারেন।

 আমরা এক ভাই, চার বোন। আমাদের বাবা ২০১০ সালে এবং মা ২০১৪ সালে মারা যান। বাবার নামে সম্পত্তি ছিল। আমার বাবার মৃত্যুর আগে ২০০৯ সালে ডেভেলপারের সঙ্গে চুক্তি হয়। পৌনে দুই কাঠার সম্পত্তি। চুক্তি মোতাবেক আমরা পাব পাঁচটি ফ্ল্যাট ও ডেভেলপার পাবে পাঁচটি ফ্ল্যাট। বাড়ির কাজ সম্পন্ন হওয়ার পথে। কিন্তু এক ভাই হিসাবে পাঁচটি ফ্ল্যাটের মধ্যে চার বোনকে কী নিয়মে বণ্টন করব? মুসলিম ফারায়েজ অনুযায়ী বাবা ও মায়ের অবর্তমানে ওই সম্পত্তির (ফ্ল্যাটের) কে কতটুকু অংশীদার হবে?
তপু মিয়া
মিরপুর, ঢাকা
 মুসলিম ফারায়েজ অনুযায়ী আপনার বাবা-মায়ের সম্পত্তির তিন ভাগের এক ভাগ আপনার প্রাপ্য এবং তিন ভাগের দুই ভাগ আপনার চার বোন পাবেন। পাঁচটি ফ্ল্যাট যেহেতু ছয় ভাগে ভাগ করা সম্ভব নয় সেহেতু পারস্পরিক আলোচনার মাধ্যমে অথবা অর্থের মাধ্যমে আপনারা বাঁটোয়ারা করতে পারেন।