পাঠকের উকিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাহিদ মাহতাব
নাহিদ মাহতাব
জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায় পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে তারই সমাধান পাওয়া যাবে। এ বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন। খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা, দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। এ ছাড়া [email protected] এই ঠিকানায় ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন।

আমরা সাত ভাইবোন ছিলাম। ১১ বছর আগে মেজো বোন মারা গেছে। আর তিন বছর হলো মেজো ভাই মারা গেছেন। মেজো ভাইয়ের সম্পদ নিয়ে সমস্যা দেখা দিয়েছে। তাঁর জমি ও ব্যাংকের টাকার ওয়ারিশ কে হবে? তাঁর স্ত্রী ও ছয় বছরের এক মেয়ে আছে।

মুসলিম আইনে মৃত ভাইয়ের সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা কীভাবে হবে, কে কত অংশ পাবে তা জানতে চাই। মা এখনো বেঁচে আছেন। আর বড় ভাইয়ের ছেলে আছে। ছোট ভাইয়ের মেয়ে আছে।

পলাশ

মগবাজার, ঢাকা

আপনারা আপনাদের পৈতৃক সম্পত্তির উত্তরাধিকার। বর্তমানে আপনার মা পুরো সম্পত্তির ৮ ভাগের ১ ভাগ পাবেন। বাবা ৮ ভাগের ৭ ভাগ। সাত ভাইবোনের মধ্যে ২ আনুপাতিক ১ হারে ভাগ হবে। অর্থাৎ ভাইয়েরা বোনদের অংশের দ্বিগুণ পাবেন। মৃত মেজো ভাইয়ের সম্পত্তির ৮ ভাগের ১ ভাগ তাঁর স্ত্রী পাবেন এবং বাকি অংশের অর্ধেক তাঁর একমাত্র মেয়ে পাবেন। যেহেতু মেজো ভাইয়ের কোনো পুত্রসন্তান নেই, সেহেতু বাকি অর্ধেক অংশ জীবিত ভাইবোনেরা পাবেন। মেজো বোনের প্রাপ্য অংশ আপনারা ভাইবোন পাবেন।

বড় ভাই ও ছোট ভাইয়ের ছেলেমেয়েরা তাঁদের সম্পত্তির উত্তরাধিকার, যা তাঁদের মৃত্যুর পরেই কার্যকর হবে।

আমার সাবেক স্বামী একজন বহুগামী পুরুষ। এ ছাড়া আমার ওপর অত্যাচার করত। তাই গত বছরের ৩০ জানুয়ারি আইনগতভাবে আমি তাকে তালাক দিয়েছি। বর্তমানে তার ফেসবুক অ্যাকাউন্টে আমার ছবি দিয়ে ‘আমার স্ত্রী’ লিখে স্ট্যাটাস দেয়। আমাকে সে নানা রকম হুমকি দেয় ফেসবুকে। আমার নিজের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই অথচ ওই ব্যক্তি আমার নাম, কলেজের নাম, ছবিসহ ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে এবং তা রীতিমতো ব্যবহার করে চলেছে। ফেসবুকে তার এই কর্মকাণ্ডে আমি যে হয়রানির শিকার হচ্ছি সে ব্যাপারে কি কোনো আইনগত ব্যবস্থা নিতে পারি?

নাম প্রকাশে অনিচ্ছুক

আপনি তথ্যপ্রযুক্তি আইনের আওতায় আপনার সাবেক স্বামীর বিরুদ্ধে মামলা করতে পারেন। এ ধরনের কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ। এ ছাড়া বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) কর্তৃপক্ষের কাছে আবেদন করলে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে।

আমার স্বামী সরকারি চাকরি করে। আমাদের তিন মেয়ে। আমার স্বামীরা তিন ভাই, দুই বোন। আমার শ্বশুর জীবিত থাকাকালে তাঁর সব সম্পত্তি আমার স্বামী ও তার তিন ভাইসহ দুই বোনকে রেজিস্ট্রিকৃত বাঁটোয়ারা করে দিয়ে যান। পরে আমার স্বামী নিজ চেষ্টায় খরিদসূত্রে আরও কিছু সম্পত্তির মালিক হয়। এ অবস্থায় আমার দেবরেরা বিভিন্ন কথা লোকমুখে ছড়াতে থাকে। যেমন, আমাদের পুত্রসন্তান না থাকায় তারা সম্পত্তির ভাগ পাবে। কিন্তু পরে আমার স্বামী তার সব সম্পত্তি আমাকে ও তিন কন্যাকে রেজিস্ট্রি করে দেয়। আমার দেবর ও ননদেরা যদি আমার স্বামীর সম্পত্তির জন্য বাঁটোয়ারা মামলা করে, সে ক্ষেত্রে তারা কি সেই সম্পত্তির ভাগ পাবে?

নাম প্রকাশে অনিচ্ছুক

সাতক্ষীরা

আপনার স্বামী জীবিত অবস্থায় তাঁর সম্পত্তি আপনি ও আপনাদের তিন কন্যাকে রেজিস্ট্রি করে দিলে আপনারা সেই সম্পত্তির মালিক হবেন এবং সেই সম্পত্তিতে অন্য কারও অধিকার থাকবে না। আর তা পুনরায় বাঁটোয়ারা করাও সম্ভব নয়। তবে তাঁরা কোনো মামলা করলে আপনারা তাঁর প্রতিদ্বন্দ্বিতা করবেন।

একটি মেয়ের সঙ্গে তিন বছর ধরে আমার সম্পর্ক চলছে। মেয়েটির বয়স ২১ বছর। কিন্তু আমার বয়স ১৯ বছর। আমার পরিবারের সদস্যরা আমাদের সম্পর্ক কিছুতেই মানবে না। এটা তারা জানিয়ে দিয়েছে। এখন আমরা দুজনে হিন্দুধর্ম মতে রেজিস্ট্রি করতে এবং রেজিস্ট্রির এক বছর পর বিয়ে করতে চাচ্ছি। যেহেতু আমার বয়স ১৯ বছর তাই আমরা কি এখন রেজিস্ট্রি করতে পারব এবং তা কীভাবে করব?

নাম প্রকাশে অনিচ্ছুক

সাধারণত ছেলেরা ২১ ও মেয়েরা ১৮ বছর বয়সে নিজ নিজ সম্মতিতে বিবাহ করতে পারেন।

আমার বাপ-চাচারা মোট চারজন। আমার বাবা সবার বড়। আমার জন্মের আগে বাবা মারা যান। যে কারণে আমার মাকে অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে। একসময় তিনি নানাবাড়িতে চলে আসেন। আমি বড় হওয়ার পর চাচাদের সঙ্গে মিলে ২৫ শতাংশ জমি কিনেছিলাম। আমার নামে সেই জমি সমহারে দলিল হয়েছে। কিন্তু চাচারা ওই জমি আমাদের দখলে দিতে চায় না। আইনগত কী ব্যবস্থা নিতে পারি?

অপূর্ণতা

কুমিল্লা

আপনি দেওয়ানি আদালতে স্বত্ব ঘোষণা ও দখল হস্তান্তরের মামলা করতে পারেন। সাধারণত এ ধরনের মামলা সময়সাপেক্ষ হয়ে থাকে। এ ছাড়া আপনার বাবার প্রাপ্য সম্পত্তিতে আপনি ও আপনার মায়ের অংশ আছে। বাবার সম্পত্তির ৮ ভাগের ১ ভাগ আপনার মা ও বাকি অংশের অর্ধেক আপনার প্রাপ্য। এই সম্পত্তির জন্যও আপনারা মামলা করতে পারেন।