পাঠকের উকিল

আমি স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষে পড়ি। দুই বছর আগে একটি মেয়েকে কাজির মাধ্যমে বিয়ে করি। বিয়ের কাবিনে দেনমোহর ধরা হয়েছিল পাঁচ লাখ টাকা। এক বছর পর তার পরিবার আমাদের তিন লাখ টাকা যৌতুক দেয়। আরও এক বছর পর বিভিন্ন সমস্যার কারণে আমি মেয়েটিকে কাজির মাধ্যমে তালাক দিই। তালাকের নোটিশ ১৫ দিনের মধ্যে পৌঁছালে আমি তাদের কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেছি মর্মে আদালতে মামলা দায়ের করে। এরপর কাবিন বা মোহরানার টাকা দাবি করেও মামলা করা হয়। যৌতুকের মামলার তদন্তভার ইউনিয়ন পরিষদের ওপর ন্যস্ত হলে আমরা তাদের কাছে তিন লাখ টাকা যৌতুক নিয়েছিলাম, তার স্বীকারোক্তিমূলক স্বাক্ষর দিই।
এখন প্রশ্ন হচ্ছে, যৌতুক ও মোহরানার মামলায় কোনটাতে আমার কী ধরনের সাজা হতে পারে বা জরিমানা হতে পারে? আমি কি যৌতুক ও দেনমোহর—মোট আট লাখ টাকাই তাকে দিতে বাধ্য? আর আমার কোনো সাজা হলে সরকারি চাকরির ক্ষেত্রে তার কোন প্রভাব পড়বে কি না?
নাম প্রকাশে অনিচ্ছুক
l মোহরানার পাঁচ লাখ টাকা কোনো উশুল না থাকলে তার পুরোপুরিই আপনার স্ত্রীর প্রাপ্য। তালাক প্রদানের পরে যৌতুকের মামলা করলে তা থেকে আপনি অব্যাহতি পেতে পারেন। তবে যৌতুকের মামলা প্রমাণিত হলে পাঁচ বছর পর্যন্ত শাস্তির বিধান আছে এবং তা সরকারি চাকরির ক্ষেত্রে প্রভাব ফেলবে। ফৌজদারি মামলা হলে চাকরির ক্ষেত্রে সাময়িক বরখাস্ত করার বিধান আছে।
আমার বয়স ২১ বছর। পরিবারের অমতে পাঁচ বছর আগে বিয়ে করেছি। আমার স্বামী অলস প্রকৃতির। কোনো কাজ করতে চান না। বর্তমানে আমার একটি ছেলে আছে। তার বয়স ২০ মাস। আমার স্বামী বিয়ের পর থেকে আমার ও আমার সন্তানের কোনো দায়িত্ব পালন করেননি এবং তাঁর কিছু বদ-অভ্যাস আছে। তাঁকে অনেক পরিবর্তন করার চেষ্টা করেছি কিন্তু কোনো ফল পাইনি; বরং আমাদের ঝগড়া হতো। তাই একপর্যায়ে আমি তাঁকে বোঝানো ছেড়ে দিই। কিন্তু তারপরও কোনো পরিবর্তন আসেনি। তিনি আমার গায়ে অকারণে হাতও তোলেন, যদি তাঁকে তাঁর দায়িত্ব সম্পর্কে কোনো কথা বলতে যাই। এ নিয়ে দুই পরিবারে অনেক আলোচনা হয় কিন্তু তাঁর মধ্যে কোনো পরিবর্তন আসেনি। বড় বিষয় হলো, তাঁর সঙ্গে আমার বোঝাপড়া হয় না। আমার শ্বশুর আমাদের দায়িত্ব নেন কিন্তু তা আমার আত্মসম্মানে লাগে। একদিন একপর্যায় অনেক ঝগড়া হয় এবং আমি আমার বাপের বাড়ি চলে আসি মাস খানেক আগে। আমি আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি। তাই আমার শ্বশুরবাড়ির লোকেরা এবং আমার স্বামী আমাকে হুমকি দেন—আমার ছেলেকে নিয়ে যাবেন। তাঁরা বলেন, যদি আমি আইনের আশ্রয় নিই, তাহলেও আমি আমার সন্তানকে পাঁচ বছরের বেশি কাছে রাখতে পারব না। এখন আমার করণীয় কী?
উম্মে হাবিবা সুলতানা
চান্দিনা, কুমিল্লা
l মুসলিম আইন অনুযায়ী মা হিসেবে আপনি আপনার ছেলে সন্তানকে তার সাত বছর বয়স পর্যন্ত নিজের হেফাজতে রাখতে পারেন। এ ক্ষেত্রে সন্তানের ভরণপোষণ দিতে তার পিতা বাধ্য। পরে আপনি যদি প্রমাণ করতে পারেন যে সন্তানের কল্যাণের জন্য সন্তানকে আপনার হেফাজতে রাখা উচিত, সে ক্ষেত্রে আপনি সন্তানের অভিভাবকত্ব পেতে পারেন। সুতরাং আইনের আশ্রয় নিয়ে আপনি সন্তানের অভিভাবকত্ব ও ভরণপোষণ দাবি করতে পারেন।
আমি দিনাজপুর জেলার একটি দাখিল মাদ্রাসা থেকে ২০০৫ সালে দাখিল পাস করি। আমার দাখিল পরীক্ষার নাম রেজিস্ট্রেশনে আমার নিজের নাম ও আমার মায়ের নাম ঠিক থাকে, কিন্তু আমার বাবার নামে অক্ষরগত পরিবর্তন হয়। এতে সম্পূর্ণ নামের উচ্চারণ পরিবর্তন হয়। আমি রেজিস্ট্রেশন ফরমে আমার বাবার নাম লিখি MD. SADIKUL (মো. ছাদিকুল) কিন্তু মাদ্রাসা বোর্ডে এই নামের ‘D’ বর্ণটি পরিবর্তন হয়ে ‘F’ হয়ে MD. SAFIKUL (মো. ছাফিকুল) হয়। অন্যদিকে, আমার বাবা তাঁর নামের বানান লেখেন তাঁর সনদ অনুসারে MD. SADEQUL (মো. ছাদেকুল) যা আমি আগে ভালোভাবে খেয়াল করিনি। যা হোক, নাম ভুলের কথা জানতে পেরে আমি খুবই বিচলিত হই এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইনি। কিন্তু আমার মাদ্রাসাটি ছিল নতুন। মাদ্রাসা কর্তৃপক্ষ ফরমে নাম পূরণের সময় আমাদের সতর্ক করেনি যে, পিতা-মাতার নাম অবশ্যই তাঁদের সনদমতে হতে হবে। আমি পরীক্ষায় অংশগ্রহণ করতে না চাইলে মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আমাকে বলেন, আমার ভবিষ্যতের সব পরীক্ষায় বাবার ওই পরিবর্তিত নামটি ব্যবহার করলে কোনো সমস্যা হবে না। তাঁর কথামতো ওই নামেই পরীক্ষা দিয়ে পাস করে অন্য একটি প্রতিষ্ঠানে আলিমে ভর্তি হই। সেখানে এক শিক্ষককে নাম সংশোধনের জন্য টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র দিয়েছিলাম। কিন্তু তাঁর অবহেলায় সেখানেও কোনো সুফল হয়নি। আলিম পাস করার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ইংরেজি বিষয়ে স্নাতক করে এখন স্নাতকোত্তর শ্রেণিতে পড়ছি। এখন আমার সব সনদ ও জাতীয় পরিচয়পত্র আমার বাবার পরিবর্তিত নামেই আছে। এখন কাগজপত্রের হিসেবে আমার বাবার সন্তান নই। এই সমস্যার কারণে আমি কোনো চাকরিতে আবেদন করলে আমার ঠিকানায় পাঠানো ফেরত খাম আমার ঠিকানায় আসে না। কারণ, ডাকপিয়ন আমার বাবার সঠিক নামেই আমার ঠিকানার সন্ধান করেন।
এমতাবস্থায় আমার সরকারি কিংবা বেসরকারি চাকরি পেতে কোনো সমস্যা হবে কি না এবং বাবার সম্পত্তির উত্তরাধিকারী হতে কোনো সমস্যা আছে কি না? এ পর্যায়ে নাম সংশোধনের ব্যবস্থা আছে কি না?
নাম প্রকাশে অনিচ্ছুক
l আপনি আপনার নির্ধারিত মাদ্রাসা বোর্ডে আবেদনপত্রের মাধ্যমে আপনার সমস্যার কথা উল্লেখ করতে পারেন। পরবর্তীকালে নিয়মানুযায়ী আপনার পিতার নাম সংশোধন করে অন্যান্য প্রতিষ্ঠানে এই সংশোধনের তথ্য দিলে পিতার নাম পরিবর্তন করতে পারেন। এ ক্ষেত্রে আপনি এফিডেভিটের মাধ্যমে আপনার পিতার আসল নামটি সংশোধন করতে পারেন।
আমার বড় বোনের বিয়ে হয়েছে চার বছর হলো। তাঁদের আট মাসের একটি ছেলে সন্তান আছে এবং তাঁদের বিয়ে হয়েছে পারিবারিকভাবে। বিয়ের সময় আমার বোনের স্বামীকে ৩০ হাজার টাকা দিয়েছি এবং বিয়ের পর নানা কারণে ৫ হাজার, ১০ হাজার টাকা দিয়েছি। বর্তমানে তিনি বিদেশে যাওয়ার জন্য আমার বোনের কাছে টাকা চান। আমরা টাকা দিতে না পারায় আমার বোনকে সমিতি থেকে কিস্তি বাবদ টাকা তুলতে বলেন। বোন তাতে রাজি না হওয়ায় আমার বোনকে মারধর করা হয়। এর আগেও আমার বোনকে অনেক মারধর করা হয়েছে। এখন বোন আমাদের কাছে আছেন। আমরা খুব গরিব, মামলা করার মতো অবস্থা নেই। আবার বোনকে রাখার মতো অবস্থাও নেই। আমরা তাঁদের ছাড়াছাড়িও চাই না। এই অবস্থায় আমরা কোথায় যাব, কীভাবে সম্পর্কটা টিকিয়ে রাখতে পারি বা আইনি সাহায্য পেতে পারি?
শেখ রাসেল
বরিশাল
l আপনার বোনের সমস্যা জানিয়ে আপনি অথবা আপনার বোন মহিলা অধিদপ্তর অথবা সরকারি সংস্থা যেগুলো আইনি সহায়তা দেয়, তাদের কাছে আবেদন করতে পারেন। যেহেতু আপনার বোনকে আশ্রয় দিতে পারবেন না অথবা ছাড়াছাড়িও চাচ্ছেন না, সেহেতু আদালতের বাইরে সমস্যার সমাধান করার চেষ্টা করতে পারেন। তবে মারধর ও যৌতুক চাওয়ার অপরাধে নির্দিষ্ট আইনের আশ্রয় নেওয়া সম্ভব এবং তাতে আপনার বোনের স্বামীর শাস্তি হবে। প্রয়োজনে জাতীয় মহিলা আইনজীবী সমিতি, ব্লাস্ট এবং বরিশাল আদালতের লিগ্যাল এইড শাখায় যোগাযোগ করতে পারেন।