পাঠকের উকিল
>

জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায়পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে তারই সমাধান পাওয়া যাবে। এ বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন।খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা, দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। এ ছাড়া [email protected] এই ঠিকানায় ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন।
* আমার বিয়ে হয়েছে ৩০ বছর আগে। আমাদের একটি মেয়ে আছে। মেয়ের বয়স এখন ২২ বছর। সে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। আমাদের বিয়ে হয় ১৯৮৬ সালে। ১৯৮৭ সালে স্বামী সৌদি আরবে যান। এখনো সেখানে আছেন। প্রতি দুই বছর পরপর বাড়ি আসেন। আমি মেয়েকে নিয়ে সাতক্ষীরা নিজ বাড়িতে বসবাস করি। আমার স্বামী একদিন মোবাইল ফোনে হঠাৎ বলেন, তিনি বিয়ে করেছেন। আমি তাঁর কথা বিশ্বাস করিনি। ভাবলাম, আমার সঙ্গে রসিকতা করছেন। তারপর থেকে আগের মতো আমাকে ফোন করেন না। আমার বাসার বিশ্বস্ত কাজের মেয়েটা বাড়ি চলে গেল। ১১ দিন হয়ে গেল আর আসে না। আমি তাকে আনতে গেলে তার মা বলে, আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, সে আর কাজ করবে না। এদিকে আমার স্বামী মাসে একবারও ফোন করেন না। আমি ফোন দিলে কেটে দেন। এক মহিলা একদিন আমাকে বলেন, তোমার স্বামী তো বিয়ে করেছেন তোমার কাজের মেয়েকে। আমি পরে খোঁজখবর নিয়ে জানলাম, কথা সত্য। স্বামীকে ফোন দিলে ধরে না, তাই চিঠি লিখলাম। আমার কী দোষ ছিল? আমাদের মাসের খরচ বন্ধ করে দিয়েছেন কেন? কিছুদিন পর তিনি চিঠি পেয়ে আমাকে ফোনে জানান, তাঁর ওই বউকে যদি আমার কাছে রাখি, তবে আমাদের খরচ দেবেন। আমি রাখতে রাজি হইনি।
২০১২ সালের ৩১ আগস্ট আমার স্বামী কাজের মেয়েকে বিয়ে করেন। এই ৩ বছর ৮ মাস হলো কোনো খোঁজখবর নেন না। তাঁদের একটা পাঁচ মাসের কন্যা আছে। আমার বাবা, ভাই কেউ নেই। মা খুব গরিব। এখন আমি মেয়েটাকে নিয়ে কী করব বুঝতে পারছি না। তার বাবার জায়গা-জমি, টাকাপয়সা প্রচুর আছে। আমার মেয়ে কি কিছু পাবে না? কী করলে মেয়েটা তার বাবার কাছ থেকে ন্যায্য অধিকার বুঝে পাবে। ২০১৩ সালের ১৭ ফেব্রুয়ারি সৌদি আরব থেকে আমাকে তালাক পাঠিয়েছেন, আমার তাঁকে কিছুই দিতে হবে না। মেয়েটাকে যেন বঞ্চিত করা না হয়। কী করলে মেয়ে তার বাবাকে ফিরে পাবে?
মেহেরুন হাবীব
মুনজিতপুর, সাতক্ষীরা।
* প্রথম স্ত্রীর বিনা অনুমতিতে দ্বিতীয় বিবাহ শাস্তিযোগ্য অপরাধ। আপনাকে নিয়ম অনুযায়ী তালাক প্রদান না করে তালাকের আগেই বিবাহ করে আপনার স্বামী শাস্তিযোগ্য অপরাধ করেছেন। উত্তরাধিকারী হিসেবে আপনার কন্যা তার বাবার সম্পত্তির হকদার হবে। দ্বিতীয় স্ত্রী, কন্যাসহ আপনার কন্যা আপনার সাবেক স্বামীর সম্পত্তির অংশ পাবে।
* একজন হিন্দুধর্মাবলম্বী ব্যক্তির কোনো পুত্র নেই। শুধু এক বিবাহিত কন্যা আছে। ওই কন্যার নাতি ও নাতনি আছে। এখন সেই ব্যক্তির মৃত্যুর পর কে হবে তাঁর সম্পত্তির উত্তরাধিকারী—তাঁর বিধবা স্ত্রী, নাকি বিবাহিত কন্যার নাতি-নাতনি?
হরেন্দ্র বৈদ্য
শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
* হিন্দু আইনে মহিলারা জীবনস্বত্বে (লাইফ ইন্টারেস্ট) সম্পত্তি ভোগ করতে পারেন। অর্থাৎ স্ত্রী ও কন্যা তাদের জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ করতে পারবেন কিন্তু বিশেষ প্রয়োজন ছাড়া ওই ব্যক্তির সম্পত্তি তাঁর স্ত্রী বিক্রি করতে পারবেন না। শুধু ছেলেরা ওই সম্পত্তির উত্তরাধিকারী হবেন। এখানে হিন্দু ব্যক্তিটির নাতি ওই সম্পত্তির প্রকৃত উত্তরাধিকারী হবেন।