পাঠকের উকিল

জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায়পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে তারই সমাধান পাওয়া যাবে। এ বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন।খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা, দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। এ ছাড়া [email protected] এই ঠিকানায়ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন।
* আমি একজনকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। আমাদের সম্পর্ক চার বছরের। তাকে বাড়ি থেকে বিয়ে দিতে চাচ্ছে। আর আমিও এখনো কিছু করছি না। আমাদের সম্পর্কও মানছে না দুই পরিবার। আমরা আমাদের সম্পর্ককে এফিডেভিট করে রাখতে চাচ্ছি। এফিডেভিট করলে কি আমরা আমাদের সম্পর্ককে ধরে রাখতে পারব?
নাম প্রকাশে অনিচ্ছুক, পঞ্চগড় সদর থেকে।
* এফিডেভিট করা হলেও বিবাহের রীতিনীতি অনুসরণ করে বিবাহ করা বাঞ্ছনীয়। যেহেতু আপনারা দুজনেই সাবালক, সেহেতু আপনার সর্বসম্মতিতে নির্দিষ্ট নিয়মে বিবাহ করলে পরবর্তীকালে কোনো ঝামেলা হবে না।
* আমি স্নাতক (সম্মান) শেষ বর্ষের পরীক্ষা দেব। আমার সঙ্গে হিন্দুধর্মাবলম্বী একজন মেয়ের সম্পর্ক রয়েছে। আমরা দুজন দুজনকেই অনেক বেশি ভালোবাসি। কিছুদিন আগে ওর পরিবার সব বুঝতে পারে। ওকে এক মাস ঘরে আটকে রেখে জোর করে বিয়ে দেয়। আজ বিয়ে হওয়ার প্রায় দুই মাস হয়ে গেল। ও আমার কাছে ফিরে আসতে চায়। আমার জন্য সব করতে পারবে। আমিও চাই। আসলে আইন কী বলছে, আমি তা জানতে চাই। আমরা কি বিয়ে করতে পারব? আর আমাদের কী করা উচিত?
দেলোয়ার, ঢাকা।
* একজন বিবাহিত নারীকে বিবাহ করার কোনো বিধান আইনে নেই। নির্দিষ্ট নিয়মে বিবাহবিচ্ছেদ বা তালাকের পরই মেয়েটিকে পুনরায় বিবাহ করতে পারবেন। তবে মেয়েটি হিন্দুধর্মাবলম্বী হলে তার তালাক প্রদানের অধিকার নেই। ধর্মান্তরিত হলে পুনরায় বিবাহে বাধা নেই।
* একটি কো-অপারেটিভ সংস্থার কাছে আমার অনেক টাকা আটকে আছে। আমি কোনোভাবে টাকা তুলতে পারিনি। কী করব?
ইব্রাহীম খলিল
* আপনি দেওয়ানি আইনের আওতায় মানি মোকদ্দমা করতে পারেন। তবে মামলার আগে বাংলাদেশ ব্যাংককে উক্ত কো-অপারেটিভের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যে আবেদন করতে পারেন।
* আমার সমস্যা হচ্ছে, আমার মায়েরা চার বোন ও এক ভাই। নানা মারা গেছেন। নানি জীবিত। নানার সম্পত্তি তিন বোন নিয়েছেন। ছোট খালা এখনো নেননি। অনেক ঘোরাঘুরি করছেন কিন্তু মামা বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন।
আমার নানির দুই আনা সম্পত্তিসহ নিজের নামে ৯৯ শতাংশ জমি ছিল, যা মায়েরা চার বোন এবং এক মামা উত্তরাধিকারসূত্রে পাওনাদার ছিল। কিন্তু গত ১০ জুলাই তারিখে আমার মামা, মামাতো ভাই, বোন এবং মামি চাপ দিয়ে মামার নামে রেজিস্ট্রি করে নিছে। রেজিস্ট্রি করার পর ঘটনাটি জানাজানি হয়। এখন আদৌ কি আমার মায়ের প্রাপ্য অংশ ফিরে পাওয়া সম্ভব?
জিল্লুর লোহানি
পীরগাছা, রংপুর
* তিন বোন যেহেতু তাঁদের প্রাপ্য অংশ নিয়েছেন, বাকি এক বোন তাঁর প্রাপ্য অংশের জন্য স্বত্ব ঘোষণার মামলা করতে পারেন।
মুসলিম আইনে জীবিত থাকাকালীন যে কেউ তাঁর সম্পত্তি আরেকজনকে প্রদান করতে পারেন। উত্তরাধিকার আইন শুধু মৃত্যুর পর কার্যকর হবে। তবে চিঠির তথ্য অনুযায়ী চাপ সৃষ্টির মাধ্যমে রেজিস্ট্রেশন করা হলে ওই দলিল বাতিলের মামলা করা সম্ভব।
* আমার মা ১০ বছর আগে একটা মামলার শিকার হন সিরাজগঞ্জে। আমাদের বাসা রংপুরে হওয়ায় এবং তিনি নারী বলে এত দূর নির্দিষ্ট তারিখগুলোতে যেতে পারেননি। একপর্যায়ে মামলার পরোয়ানা জারি হয়। যিনি উকিলের সহকারী ছিলেন, তিনি মোটা অঙ্কের টাকা দাবি করে মামলার কাজ করতে চান। সামর্থ্য না থাকায় আমরা তা দিতে পারিনি। ফলে আমার মা ১০ বছর ধরে পলাতক আছেন। আর সেই উকিল বা তাঁর সহকারী কোনো রকম সহযোগিতা করতে বা কাগজপত্র দিতে রাজি নয়। আমরা কী করতে পারি?
আল-অয়ন রাসেল।
* আপনার মা পলাতক অবস্থায় আইনের আশ্রয় নিতে পারেন না। তাঁকে আদালতে আত্মসমর্পণ করে জামিনের (বেইল) আবেদন করতে হবে। সামর্থ্য না থাকলে আপনারা লিগ্যাল এইডের মাধ্যমে মামলা পরিচালনা করতে পারেন। ওয়ারেন্ট হওয়ার পর আদালতে আত্মসমর্পণ করা ছাড়া আপনার কোনো গত্যন্তর নেই।