পাঠকের উকিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাহিদ মাহতাব
নাহিদ মাহতাব

জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায়পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে তারই সমাধান পাওয়া যাবে। এ বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন।খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা, দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। এ ছাড়া [email protected] এই ঠিকানায়ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন।

* ঢাকার একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এলাকায় বর্তমানে মুঠোফোন সেট চুরির ঘটনা অনেক বেড়ে গেছে। হলের নিজ নিজ কক্ষ থেকে মুঠোফোন সেট চুরি যাচ্ছে। ফলে ছাত্ররা অনিরাপদ বোধ করছেন। থানায় সাধারণ ডায়েরি করলেও কোনো প্রতিকার পাওয়া যায় না। মুঠোফোন সেট চুরির ঘটনাকে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন ছোটখাটো ঘটনা হিসেবে দেখে পাত্তা দিচ্ছে না। ফলে প্রতি মাসেই অসংখ্য মুঠোফোন সেট চুরির ঘটনা ঘটে। মুঠোফোন সেটে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে, তাই এই চুরির ঘটনাকে খাটো করে না দেখে একই সঙ্গে নিম্ন ও নিম্নমধ্যবিত্ত শিক্ষার্থীদের কথা মাথায় রেখে আমরা এ বিষয়ের একটি প্রতিকার চাই। আমরা এই চুরির ঘটনায় মামলা করতে চাই। আমরা কীভাবে সরকারি উকিলের সাহায্য নিতে পারি এবং কীভাবে এ মামলা নিয়ে লড়তে পারি? পরামর্শ দিলে কৃতজ্ঞ থাকব।

সাইফুল ইসলাম খান
ঢাকা।

* প্রতিটি আদালত প্রাঙ্গণে লিগ্যাল এইডের অফিসে সরকারি সাহায্যে আইনগত সহায়তা প্রদান করা হয়। নির্দিষ্ট ফরমে আবেদনের মাধ্যমে এই আইনগত সুবিধা নেওয়া সম্ভব। এ ছাড়া চুরি যাওয়া মুঠোফোন সেটগুলোর পরবর্তী সময়ে ব্যবহার বন্ধ করার প্রয়োজনীয় পদক্ষেপ ফোন সংযোগদাতা প্রতিষ্ঠানগুলো নিতে পারে।

* আমার প্রশ্ন, স্ত্রীকে না জানিয়ে স্বামী যদি দ্বিতীয় বিয়ে করেন এবং প্রথম স্ত্রী ও সন্তানের ভরণপোষণ না দেন, তবে প্রথম স্ত্রী কীভাবে আইনি সহায়তা পেতে পারেন?
যদি প্রথম স্ত্রী স্বামীকে তালাক দিতে চান, তাহলে সন্তান কে পাবেন?
তালাকের পর সন্তানের ভরণপোষণ কে বহন করবেন?
নাম প্রকাশে অনিচ্ছুক
* সন্তান ও স্ত্রীর ভরণপোষণ স্বামী দিতে বাধ্য। এই ভরণপোষণের জন্য একজন স্ত্রী পারিবারিক আদালতে মামলা করতে পারেন। স্বামী তাঁর আর্থিক সংগতি অনুযায়ী স্ত্রী ও সন্তানকে ভরণপোষণ দিতে বাধ্য।

* ২০১৩ সালে আমার বোনের বিয়ে হয়। বোন এখন তাঁর স্বামীকে তালাক দিতে চান। বিয়ে কাজি অফিসে নিবন্ধিত হয়েছিল। বর্তমানে আমার বোন কানাডায় থাকেন এবং সে দেশের স্থায়ী বাসিন্দা। তাঁর স্বামী থাকেন বগুড়ায়। তিনি কানাডা যাওয়ার জন্য চেষ্টা করেছেন কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র পাননি। আমি ঢাকায় থাকি। বোনের তালাকের আইনি প্রক্রিয়া কি আমরা ঢাকা থেকেই করতে পারব, নাকি বগুড়ায় যেতে হবে? তালাকের প্রক্রিয়া কি কাজি অফিসের মাধ্যমেই করতে হবে?
আরেকটি বিষয়। আমরা তিন ভাই, তিন বোন। একই ভবনে আমাদের সাতটা ফ্ল্যাট রয়েছে। এর একটি আমার মায়ের। এখন আমার মা চাচ্ছেন ফ্ল্যাটটি তাঁর ছেলেমেয়েদের উইল করে দিয়ে দিতে। তিনি কি মুসলিম আইন অনুযায়ী এটা করতে পারেন? আমরা ভাই ও বোনেরা কি সমান অংশ পাব?
নাম প্রকাশে অনিচ্ছুক

* কাবিননামায় স্ত্রীর তালাক দেওয়ার ক্ষমতা প্রদান করা থাকলে আপনার বোন স্বামীকে তালাক দিতে পারবেন। সে ক্ষেত্রে কাজি অফিসের মাধ্যমে স্বামীর স্থায়ী ঠিকানায় নোটিশ পাঠাতে হবে।
উইল নিয়ে বিভিন্ন মতবিরোধ আছে এবং উত্তরাধিকারদের উইল করার ক্ষেত্রে বাধানিষেধ রয়েছে। সে ক্ষেত্রে আপনার মা তাঁর জীবদ্দশায় তাঁর ফ্ল্যাটটি সন্তানদের দান করতে পারেন।

* আমার স্বামী দুই বছর আগে বেকারত্বজনিত হতাশার শিকার হয়ে আমাকে তালাক দেন। আমাদের একটা তিন বছর বয়সী মেয়ে আছে। এখন আমার স্বামী তাঁর ভুল বুঝতে পেরে আবার আমাদের নিয়ে সংসার করতে চান। আমরা মুসলিম। যত দূর জানি, এটা নিয়ে বিতর্ক আছে। আমরা কি হিল্লা ছাড়া আবার বিয়ে করতে পারব?
নাম প্রকাশে অনিচ্ছুক
* ১৯৬১ সালে মুসলিম পারিবারিক আইন প্রণয়নের পর হিল্লা বিয়ের প্রথা বাতিল হয়ে গেছে। সুতরাং তালাকের পর পুনরায় একই স্বামীকে বিয়ের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন বিয়ের প্রয়োজন নেই। অতএব আপনার স্বামীকে পুনরায় বিয়েতে কোনো বাধা নেই। তবে একই স্বামীকে এভাবে তিনবারের বেশি বিয়ে করা সম্ভব নয়।

* আমি ও আমার স্ত্রী দুজনই সরকারি চাকরিজীবী। আমরা আমাদের এক দরিদ্র দূরসম্পর্কের আত্মীয়ের এক মাস বয়সী কন্যাকে তাঁদের পূর্ণ সম্মতিতে এককালীন নিয়ে নিয়েছি। সে এখন আমাদের সন্তান হিসেবে বড় হচ্ছে। নাম রেখেছি ছালছাবিল। বয়স এখন এক বছর। আমি আমার সম্পত্তি আমার একমাত্র কন্যা হিসেবে ছালছাবিলকে উইল করে দিতে চাই। এতে কোনো আইনগত বাধা আছে কি না? কিংবা আমার অবর্তমানে ভবিষ্যতে আমার ভাই-ভাতিজারা ছালছাবিল আমার কন্যা নয় বলে ওই সম্পত্তিতে কোনো দাবি বা হস্তক্ষেপ করতে পারবে কি না?
বাবলু
কুড়িগ্রাম।
* প্রথমেই উল্লেখ্য যে মুসলিম আইনে দত্তক নেওয়ার কোনো বিধান নেই। সুতরাং ছালছাবিলকে সন্তান হিসেবে গ্রহণের আইনগত কোনো বিধান নেই। উইল নিয়ে বিভিন্ন মতবিরোধ রয়েছে এবং তিন ভাগের এক ভাগ সম্পত্তির বেশি উইল করা সম্ভব নয়। এ ক্ষেত্রে ছালছাবিল সাবালক হওয়ার পর আপনি আপনার সম্পত্তি তাকে হেবা করে হস্তান্তর করতে পারেন।
হস্তান্তরের পর এই সম্পত্তিতে অন্য কারও অধিকার থাকবে না।