পাঠকের উকিল
জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায়পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে তারই সমাধান পাওয়া যাবে। এ বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন।খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা, দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। এ ছাড়া [email protected] এই ঠিকানায়ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন।
2আমি কলকাতার একটি হিন্দু মেয়েকে বিয়ে করতে যাচ্ছি। তার এবং আমার—দুই পরিবারই রাজি। ধর্ম পরিবর্তন করে মেয়েটি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য প্রস্তুত। এখন আমরা কীভাবে এই বিয়ের কাজটি সম্পন্ন করতে পারি? বিয়ের পর সে বাংলাদেশেই থাকতে চায়।
নাম প্রকাশে অনিচ্ছুক
*মেয়েটি ধর্ম পরিবর্তন করে যদি মুসলমান হয়, তবে মুসলিম আইন অনুযায়ী নির্দিষ্ট কাজির মাধ্যমে বিবাহ সম্পন্ন করতে হবে। কাবিননামার মাধ্যমে বিবাহ সম্পন্ন হওয়ার পর ওই বিবাহ রেজিস্ট্রেশন করা হবে। বাংলাদেশে নাগরিকত্ব আইন অনুযায়ী কোনো বিদেশি বাংলাদেশিকে বিয়ে করলে বৈবাহিক সূত্রে তিনি বাংলাদেশের নাগরিকত্ব পাবেন। তবে সেই বিদেশিকে পাঁচ বছর বাংলাদেশে অবস্থান করতে হবে। সুতরাং মেয়েটি ভারতীয় নাগরিক হলে বৈবাহিক সূত্রে বাংলাদেশের নাগরিক হয়ে এ দেশে থাকতে পারেন।
2আমরা তিন বোন, আমাদের কোনো ভাই নেই। আমার বাবা মানসিকভাবে অসুস্থ। আইন অনুযায়ী বাবা উইল না করলে কি আমরা বাবার সব সম্পত্তির মালিক হতে পারব? যেহেতু তিনি মানসিকভাবে অসুস্থ, সে ক্ষেত্রে আমাদের কী করণীয়?
খাদিজা তুল মুক্তা
চাঁদপুর সদর, চাঁদপুর।
*মুসলিম আইন অনুযায়ী আপনার বাবার মৃত্যুর পর তাঁর সম্পত্তির তিন ভাগের দুই ভাগ আপনারা পাবেন। বাকি এক ভাগ আপনার বাবার ভাইবোনেরা পাবেন। তবে জীবদ্দশায় আপনার বাবা আপনাদের পুরো সম্পত্তি হস্তান্তর করলে তা পরবর্তীকালে অন্যরা পাবেন না।
2আমি একজন সরকারি ব্যাংক কর্মকর্তা। আমার স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে দুই বছর ধরে আমরা আলাদা থাকছি। আমাদের এক সন্তান রয়েছে, যার ভরণপোষণ খরচ আমি দিতে চাই। আমার স্ত্রী তালাক দিতে রাজি নয়, আমি ডিভোর্স লেটার পাঠালে নারী নির্যাতনের মামলা করার হুমকি দিয়ে রেখেছে। এ ক্ষেত্রে আমার জিজ্ঞাসা, আমি তালাকের কাগজ পাঠালে সে নারী নির্যাতন বা অন্য কোনো মামলা করতে পারে কি না? মামলা করলে রায় আমার বিপক্ষে যাবে কি না? এ ছাড়া আমার চাকরি যাওয়ার আশঙ্কা রয়েছে কি?
নাম প্রকাশে অনিচ্ছুক
*চিঠির তথ্য অনুযায়ী দুই বছর আলাদা বসবাস করলে নারী নির্যাতনের মামলা করা সম্ভব নয়। সুতরাং ডিভোর্স লেটার পাঠানোর পর নারী নির্যাতনের মামলা রক্ষণীয় নয়। তবে মিথ্যা মামলা হলেও আপনাকে মামলা প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তবে এ ধরনের মামলা খারিজ হওয়া সম্ভব এবং আপনার চাকরির কোনো সমস্যা হবে না।