পাঠকের উকিল
>জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায়পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে তারই সমাধান পাওয়া যাবে। এ বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন।খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা, দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। এ ছাড়া [email protected] এই ঠিকানায়ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন।

* আমার ভাই ১৬ বছর বয়সে কাজি অফিসে গিয়ে বিয়ে করে। তখন সে তার বয়স বাড়িয়ে বলেছিল। কিন্তু অফিশিয়াল কাগজে তার এবং তার স্ত্রীর বয়স ১৬ তখন। সাত-আট বছর ধরে তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। যে কাজী অফিসে তাদের বিয়ে হয়েছিল, সেখানে তাদের বিয়ের কোনো কাবিননামাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার ভাই বর্তমানে আরেক মেয়েকে বিয়ে করতে চায়। এ জন্য সে আগের স্ত্রীকে তালাক দিতে চায়। কিন্তু যেহেতু কোনো কাগজ পাওয়া যায়নি আগের বিয়ের, তালাক দেওয়ার প্রয়োজনীয়তা কি আছে?
* কাজী অফিসে প্রয়োজনীয় স্বাক্ষীসহ বিয়ে সম্পন্ন হলে সেই বিয়েকে বৈধ বিয়ে হিসেবে ধরা হবে। পুনরায় বিবাহ করতে চাইলে আপনার ভাইকে প্রথম স্ত্রীকে নির্দিষ্ট কাজী অফিসের মাধ্যমে তালাক প্রদান করতে হবে। নির্দিষ্ট নিয়মমাফিক তালাক প্রদান করে তবেই আবার বিবাহ করা সম্ভব। তবে প্রথম স্ত্রী দেনমোহর ও তিন মাসের ভরণপোষণ পাওয়ার অধিকারী হবেন।
* কোনো মেয়ে তার বাবা জীবিত থাকা অবস্থায় মারা গেলে মেয়ের ছেলে-মেয়ে কি তাদের মায়ের অংশ পাবে? পেলে কতটুকু অংশ পাবে?
নাম প্রকাশে অনিচ্ছুক
ঢাকা
* ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী বাবা জীবিত থাকাকালীন ছেলে অথবা মেয়ের মৃত্যু হলে তাদের প্রাপ্য অংশ তাদের ছেলেমেয়েরা পাবে। সুতরাং প্রতিনিধিত্ব আইন অনুযায়ী মেয়ের প্রাপ্য অংশ তার ছেলেমেয়েরা পাবে। এ ক্ষেত্রে ছেলে সন্তান মেয়ে সন্তানের দ্বিগুণ সম্পত্তি পাবে।
* আমি হিন্দু ধর্মাবলম্বী। আমার মামা একজন এবং মায়েরা দুই বোন। আমার প্রশ্ন হলো—
১. আমার দিদিমা (মায়ের মা) ২০১৩ সালে আমার মায়ের কাছে সাড়ে ৫ শতাংশ জমি সাব-রেজিস্ট্রি মূলে বিক্রয় করেন এবং দিদিমা ২০১৬ সালে মারা যান। ওই জমি খারিজ করা হয়নি। এখন আমার মামা কি ওই জমি ফেরত নিতে পারবেন?
২. আমার দিদিমা দুই বিঘা জমি রেখে মারা যান। এখন কি আমার মায়েরা দুই বোন ওই জমির অংশীদার হবেন?
সুশান্ত কুমার
নাটোর।
* হিন্দু ধর্মে নারীরা সম্পত্তির উত্তরাধিকারী হবেন না। তবে জীবদ্দশায় তাঁরা সম্পত্তি ভোগ করতে পারবেন। জীবদ্দশায় মেয়েরা প্রয়োজনে প্রমাণ সাপেক্ষে সম্পত্তি হস্তান্তর করতে পারেন। যেহেতু জীবদ্দশায় আপনার দিদিমা আপনার মায়ের কাছে সম্পত্তি রেজিস্ট্রি মূল্যে হস্তান্তর করেছেন, সেহেতু আপনারা উক্ত সম্পত্তিতে আপনাদের নাম খারিজ করতে পারবেন। দিদিমা যে দুই বিঘা রেখে মারা গেছেন, তা আপনার মা ও তাঁর বোন তাঁদের জীবদ্দশায় ভোগ করতে পারবেন।