পাঠকের উকিল

জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায় পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে ১৫ দিন পর পর তারই সমাধান পাওয়া যাবে।পাঠকের উকিল বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব।
আমি একজন গৃহিণী এবং তিন সন্তানের মা। আমার স্বামী আমাকে না জানিয়ে ঢাকায় বিয়ে করেছেন। এখন আমাদের ভরণপোষণ দেওয়া বন্ধ করে দিয়েছেন। আমি গ্রামের চেয়ারম্যানকে বিষয়টি জানালে তিনি আমাদের স্বামী-স্ত্রীর সই একটি সাদা স্ট্যাম্পে রেখে তিন মাস পর সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। এখন আমার কী করা উচিত?
নাম প্রকাশেঅনিচ্ছুক
হাজীগঞ্জ, চাঁদপুর
চেয়ারম্যানের সাদা স্ট্যাম্প কাগজে সই নেওয়ার বিষয়টি পরিষ্কার নয়। ভরণপোষণের জন্য আপনি পারিবারিক আদালতে মামলা করতে পারেন। আপনার স্বামী আপনাদের ভরণপোষণ দিতে বাধ্য।
একজন বিবাহিত মেয়ের সঙ্গে আমার প্রেম হয়, এর পর শারীরিক সম্পর্ক হয়। মেয়েটি বলে, স্বামীর সঙ্গে তার কখনো শারীরিক সম্পর্ক হয়নি। আমি হিন্দু, মেয়েটি মুসলমান। একপর্যায়ে তার একটি ছেলেসন্তান হয়। সন্তানের বয়স যখন এক বছর, তখন সে তার স্বামীকে তালাক দেয়। সে এখন বলে, এই ছেলেটি আমার। তার দায়িত্ব আমাকেই নিতে হবে। কিন্তু এত দিন বলে আসছিল, ছেলেটি তার আগের স্বামীর। মেয়েটির সঙ্গে আমার কোনো রকম বৈবাহিক সম্পর্ক বা কোনো প্রমাণাদি নেই। তার ও আমার ইচ্ছা অনুযায়ী শারীরিক সম্পর্ক হয়। বর্তমানে আমি সমাজ ও আমার পরিবার থেকে একরকম বিতাড়িত। আমি এভাবে বেঁচে থাকতেও পারছি না। আমি মুক্তি পেতে চাই।
নাম প্রকাশে অনিচ্ছুক
মুসলিম আইনে একজন বিবাহিত নারীর সন্তানের বাবা ধরা হয় তাঁর স্বামীকে। তবে আপনার সঙ্গে বিবাহিত মেয়েটির অবৈধ সম্পর্কের ফলে যে শিশুটি পৃথিবীতে এসেছে, তার ভবিষ্যৎ চিন্তার নৈতিক দায়িত্ব আপনার।
আমার বাবার দুই স্ত্রী। প্রথম পরিবারে তিন ছেলে। দ্বিতীয় পরিবারে তিন ছেলে, এক মেয়ে। আমি দ্বিতীয় পরিবারের ছেলে। আমার বাবা প্রথম পরিবার নিয়ে থাকেন। তিনি সেই পরিবারের সন্তানদের লেখাপড়া করিয়ে ভালো চাকরি দিয়েছেন। আমাদের কোনো টাকাপয়সা দেন না। অনেকবার সালিস হওয়ার পরও তিনি বলেন, ‘আমি কোনো টাকাপয়সা দিতে পারব না। আমার বিরুদ্ধে মামলা করলেও কোনো লাভ নেই। আমার টাকা আমি না দিলে কেউ কিছু করতে পারবে না।’ আমার বাবা সরকারি চাকরি করেন। মা আমাদের নিয়ে বাবার অফিসে গিয়ে অভিযোগ জানালে কি আমরা তাঁর ফান্ড থেকে কোনো টাকা পাব?
নাম প্রকাশে অনিচ্ছুক
আপনার বাবার সদিচ্ছা ছাড়া আপনাদের পক্ষে তাঁর ফান্ড থেকে টাকা পাওয়া সম্ভব নয়। তবে ভরণপোষণের জন্য আপনারা আদালতে মামলা করতে পারেন।
আমরা পাঁচ ভাই, পাঁচ বোন। আমার বাবা গত বছর মারা যান। তিনি তাঁর বড় সন্তানের নামে তুলনামূলক বেশি সম্পত্তি রেখে গেছেন। মৃত্যুর আগে তিনি বলেছেন, আমি তো সবাইকে সমান ভাগ দিতে পারলাম না, তোমরা সবাই সমানভাবে ভাগ-বাঁটোয়ারা করে নিয়ো। আমার প্রশ্ন, বাবার নামে যে সম্পত্তি আছে তা তো আমরা সমান ভাগে ভাগ পাব। কিন্তু বড় ভাইয়ের নামে যা আছে, তারও কি সমান ভাগ হবে?
নাম প্রকাশে অনিচ্ছুক
আপনার বাবা তাঁর জীবদ্দশায় যে সম্পত্তি তাঁর অন্য ছেলেদের নামে কিনেছেন তাতে আপনাদের কোনো অধিকার নেই। মুসলিম আইন অনুযায়ী শুধু আপনার বাবার সম্পত্তিতে আপনারা অংশীদার হবেন।
আমরা দুই ভাই, এক বোন। বাবা মারা গেছেন। আমাদের একমাত্র চাচা এখন আমাদের পৈতৃক সূত্রে পাওয়া জমির ভোগদখল করছেন। আমরা আমাদের বাবার ভাগ চাইতে গেলে তিনি হুমকি দেন। স্থানীয় মানুষও তাতে সমর্থন দেন। আমরা কীভাবে আমাদের পাওনা অংশটুকু পেতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক
বাবার মৃত্যুর পর তাঁর সম্পত্তিতে আপনার মা ও আপনারা ভাইবোনেরা অংশীদার। এ ক্ষেত্রে আপনাদের প্রাপ্য অংশের জন্য স্বত্ব ঘোষণার মামলা করতে পারেন। নির্দিষ্ট দেওয়ানি আদালতে কোর্ট ফি প্রদানের মাধ্যমে এ ধরনের মামলা করতে হয়।