পাঠকের উকিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায় পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে ১৫ দিন পরপর তারই সমাধান পাওয়া যাবে।পাঠকের উকিল বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যাটি লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন। খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা, দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। আমার বড় ভাই তাঁর এক পরিচিত ব্যক্তিকে ৫০ হাজার টাকা ধার দেন। ধার দেওয়ার সময় তিনি একটি সাদা স্ট্যাম্পে ধার নেওয়া ব্যক্তি ও কয়েকজনের সই নেন। পাশাপাশি একটি ব্যাংকের ব্ল্যাংক চেকেও সই করিয়ে নেন। ঘটনাটি ঘটেছে দুই বছর আগে। তবে ওই কাজগুলো করার সময় কাগজপত্রে কোনো তারিখ উল্লেখ করা হয়নি। এখন সেই ব্যক্তি টাকা দিতে ঝামেলা করছে। এখন কি আমরা থানা বা কোর্টে মামলা করতে পারি?শারমিন সুলতানাচুয়াডাঙ্গা সরকারি কলেজ, চুয়াডাঙ্গা। আপনার বড় ভাই কী করণে অর্থ ধার দিয়েছেন, তা চিঠিতে উল্লেখ নেই। ওই পরিচিত ব্যক্তি টাকা ফেরত দিতে না চাইলে আপনার ভাই উক্ত চেকের মাধ্যমে ৫০ হাজার টাকা তোলার ব্যবস্থা করতে পারেন। চেকটি ব্যাংকে প্রত্যাখ্যাত হলে আপনারা হস্তান্তরযোগ্য দলিল আইনের আওতায় মামলা করতে পারেন। আমার দাদার সঙ্গে বিয়ে হওয়ার আগে দাদির আর একটি বিয়ে হয়েছিল। সেখানে একটা ছেলের জন্ম হয়েছিল। ছেলেটির জন্মের পর দাদির তালাক হয়ে যায়। তারপর আমার দাদার সঙ্গে বিয়ে হয়। বিয়ে হওয়ার পর আমার বাবা এবং পাঁচ ফুপুর জন্ম হয়। এবং দাদির আগের পক্ষের ছেলেটাও দাদির বিয়ের সময় দাদির সঙ্গে চলে আসে। আমার দাদা আপন ছেলের মতো তার ভরণপোষণ করেন। সেই ছেলেটি তাঁর তিন ছেলে ও এক মেয়ে রেখে ১৯৮৮ সালে মারা যান। তারপর আমার দাদা ২০০০ সালে ৩০ শতাংশ জমি দাদিকে লিখে দেন। দাদি গত ফেব্রুয়ারি মাসে মারা যান। আমার প্রশ্ন হলো, দাদির নামে থাকা ৩০ শতাংশ জমির বণ্টন কীভাবে হবে? দাদির আগের পক্ষের ছেলের উত্তরাধিকারীরা কি এই জমি পাবে?মোহাম্মদ রুহুল আমীনমেলান্দহ, জামালপুর। আপনার দাদির সম্পত্তির অংশীদার আপনার বাবা, ফুপু ও আপনার দাদির আগের স্বামীর সন্তান। যেহেতু আপনার দাদির আগের স্বামীর সন্তান মারা গেছেন, সেহেতু ওই সন্তানের উত্তরাধিকারী তিন ছেলে ও এক মেয়ে তাদের পিতার অংশের হকদার। এখানে উল্লেখ্য, ১৯৬১ সালের পারিবারিক আইন অধ্যাদেশের চতুর্থ ধারা প্রতিনিধিত্বের নীতিকে উত্তরাধিকারের ক্ষেত্রে প্রতিষ্ঠিত করেছে। সুতরাং আপনার দাদির প্রথম স্বামীর সন্তানের অবর্তমানে তাঁর ছেলেমেয়েরা উক্ত সম্পদের অংশ পাবে।আপনার দাদা আপনার দাদিকে যে ৩০ শতাংশ জমি লিখে দিয়েছেন, তা ছাড়া আপনার দাদি আপনার দাদার সম্পত্তির আট ভাগের এক অংশের অংশীদার, যা উত্তরাধিকারিণী হিসেবে তাঁর সব সন্তানের প্রাপ্য। আমার স্বামী আমাকে যৌতুকের দাবিতে প্রায়ই নির্যাতন করত। আমার বাবার আর্থিক অবস্থা মোটেও ভালো ছিল না। আমার স্বামী আমাকে একদিন মারাত্মকভাবে আহত করে। আমার বাবা আমাকে বাদী করে কোর্টে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। আমার স্বামী এখন জেলহাজতে। সে নাকি এখন তার ভুল বুঝতে পেরেছে। আমাকে পরে আর নির্যাতন করবে না এবং আমাকে নিয়ে সংসার করতে আগ্রহী। তার পরিবারের লোকজনও আমাকে মানসিকভাবে আঘাত করবে না বলে কথা দিয়েছে। কিন্তু আমার নিরাপত্তা নিয়ে আমার মা-বাবা চিন্তিত। আমার উকিল বলেছেন, স্ট্যাম্পে তার ও তার পরিবারের সদস্যদের স্বাক্ষর নিয়ে শর্তারোপ করে মীমাংসা করতে হবে। ওই মীমাংসানামার মেয়াদ কত দিন থাকবে? মীমাংসানামাটি কি উকিল সাহেব নিজে ব্যক্তিগতভাবে করে দিতে চাচ্ছেন, নাকি আদালত থেকে? আমি আপসনামায় কী ধরনের শর্ত দিতে পারি? আমি কি কোর্ট থেকে মামলার নকলটি উঠিয়ে রাখব? থানায় একটি সাধারণ ডায়েরি করার প্রয়োজন আছে কি? ইত্যাদি বিস্তারিত জানালে উপকৃত হব।নাম প্রকাশে অনিচ্ছুকচুয়াডাঙ্গা।  নারী ও শিশু নির্যাতন আইনের আওতায় অপরাধগুলো আপসযোগ্য নয়। আপনার চিঠিতে উল্লিখিত মীমাংসা বা আপসনামার আইনগত কোনো ভিত্তি নেই। তবে পারিবারিক সম্পর্কের উন্নয়ন ও ভবিষ্যতের সুখী দাম্পত্য জীবনের জন্য আদালতের বাইরে আপসনামা করা সম্ভব। এখানে উল্লেখ্য, আপসনামার শর্তাবলি আপনি পরবর্তী সময়ে আপনার স্বামীর বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন না। এ ক্ষেত্রে আরও উল্লেখ্য, শর্ত আরোপের মাধ্যমে কোনো বৈবাহিক সম্পর্ক বজায় রাখা যায় না। এ ক্ষেত্রে পারস্পরিক সমঝোতা ও সহমর্মিতার প্রয়োজন।