পাঠকের উকিল
জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায় পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে ১৫ দিন পর পর তারই সমাধান পাওয়া যাবে।পাঠকের উকিল বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। সঙ্গে প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন।
খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা, দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।
এ ছাড়া [email protected] ঠিকানায় ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন।

এক ব্যক্তি তিন মেয়ে ও এক ছেলে রেখে মারা যান। তাঁর স্ত্রী আবার বিয়ে করেন। এরই মধ্যে তাঁর আগের পক্ষের ছেলেটি মারা যায় এবং দ্বিতীয় ঘরে এক ছেলে সন্তান জন্ম নেয়। মৃত ব্যক্তি ও মৃত ছেলের অবর্তমানে সম্পত্তির মালিক হয় তিন কন্যা ও স্ত্রী। দ্বিতীয় ঘরের ছেলে তার মায়ের সম্পত্তির অংশ পাবে। কিন্তু প্রশ্ন হলো, প্রথম ঘরের মৃত ভাইয়ের সম্পত্তিরও অংশ পাবে কি না?
সেই ছেলেটি তার সৎবোনদের হয়রানি করছে এই বলে যে, ভাইটি তার জন্ম হওয়ার পর মারা গেছে। তাই তিনি তার ভাইয়ের সম্পত্তির অংশ পাবেন।
নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক
মৃত ছেলেটির অংশ তার মা ও বোনদের প্রাপ্য। মায়ের দ্বিতীয় ঘরের ছেলে সন্তান তার মায়ের সম্পত্তির অংশীদার হবে। সৎপিতার সম্পত্তিতে তার কোনো অধিকার নেই।
আমি বৌদ্ধ ধর্মাবলম্বী। আমাদের সম্প্রদায়ের একজন নারী তাঁর মার কাছ থেকে ৪০ শতাংশ জমি কিনে নিয়েছিলেন। তিনি এবং তাঁর স্বামী দুজনই মারা গেছেন। তাঁরা নিঃসন্তান ছিলেন। অনেক দিন ধরে তাঁর ভাই জমিগুলো ভোগদখল করে আসছেন। পরে ভগ্নিপতি এবং বোন প্রয়াত ও নিঃসন্তান—এই দাবি করে তিনি জমিগুলো বিক্রি করেন। দীর্ঘ ১২-১৩ বছর পর ওই সম্পত্তি প্রয়াত নারীর দেবরের স্ত্রী ও পুত্রসন্তানেরা শ্বশুরবাড়ির প্রাপ্য হিসেবে দাবি করছেন। এই বিষয়ে পরামর্শ চাই।
বাবু সুবল বড়ুয়া
রাউজান, চট্টগ্রাম
বৌদ্ধ ধর্মে নির্দিষ্ট উত্তরাধিকার আইন নেই। এ ক্ষেত্রে হিন্দু ধর্মের নিয়মনীতি অনুসরণ করা হয়। মেয়েটির সম্পত্তির মালিকানার বিষয়টি পরিষ্কার নয়। সম্পত্তিটি যদি মহিলার স্ব-উপার্জিত হয়, সে ক্ষেত্রে মহিলার ভাই সম্পত্তিতে অধিকারী হবেন। সম্পত্তিটি স্ব-উপার্জিত না হলে শ্বশুরবাড়ির লোকজন তা ভোগ করতে পারেন।
আমার বয়স যখন দেড় বছর, তখন আমার মা-বাবার ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর মা আর বিয়ে করেননি। আমাকে নিয়ে নানার বাড়িতে থেকেছেন। মা আর মামারাই আমার দেখাশোনা করেছেন, লেখাপড়া করিয়েছেন। বাবা আবার বিয়ে করেছেন। আমাদের কোনো খোঁজখবর রাখেননি।
আমি এখন স্নাতকোত্তর শ্রেণীর পড়া শেষ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ব্যবস্থাপক পদে কাজ করছি। আমার বয়স ২৯ বছর। আমার মা-বাবা দুজন দুই জেলার লোক। আমি আমার জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, শিক্ষার সনদে নিজের নাম, পিতার নাম, মাতার নাম যথাযথভাবে দিয়েছি। কিন্তু এরপর গ্রাম, ইউনিয়ন, পোস্ট অফিস, থানা, জেলা, বিভাগ—সবই মামাবাড়ির ঠিকানা ব্যবহার করেছি। আমার নিজ জেলা বলতে আমি মামাবাড়ির পরিচয়কেই বুঝি এবং কেউ আমার নিজ জেলা জিজ্ঞাসা করলে আমি মামাবাড়ির জেলাকে আমার নিজ জেলা বলি। আমার প্রশ্ন, বাংলাদেশি আইনে মামাবাড়ির জেলাকে আমার নিজ জেলা হিসেবে পরিচয় দেওয়া কি ঠিক?
নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক
সাধারণভাবে আপনার স্থায়ী ঠিকানা হবে আপনার পিতার ঠিকানা। বর্তমানে আপনি যেহেতু মামার সঙ্গে বসবাস করছেন এবং তাদের ঠিকানা ব্যবহার করছেন, সেহেতু আপনার আইনগত কোনো সমস্যা নেই।