পাঠকের উকিল
জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায় পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে ১৫ দিন পরপর তারই সমাধান পাওয়া যাবে।পাঠকের উকিল বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন। খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা,দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। আমার বাবা ও চাচা দুই ভাই। আমার দাদি জীবিত থাকা অবস্থায় বাবা ও চাচা মারা যান। এর আরও ২০ বছর পর আমার দাদি মারা যান। মারা যাওয়ার সময় আমার দাদির অনেক পৈতৃক সম্পত্তি তাঁর নামে ছিল। তাঁর কোনো ভাইবোন জীবিত নেই। মারা যাওয়ার আগ পর্যন্ত দাদি আমার চাচি ও চাচাতো ভাইদের সঙ্গে থাকতেন। দাদি মারা যাওয়ার দুই বছর পর চাচি বলেন, দাদি তাঁর সব সম্পত্তি তাঁকে টিপসই দিয়ে নিবন্ধন করে দানপত্র করে গেছেন এবং সেই হিসেবে ওই সম্পত্তি বর্তমানে সিডিএ অধিগ্রহণ করায় ওই সম্পত্তির মূল্য বাবদ তাঁরা টাকাও বুঝে নিয়েছেন। আমার প্রশ্ন হলো, আমার দাদি কি কোনো নাতি-নাতনি ছাড়া শুধু তাঁর এক পুত্রবধূকে (চাচি) সব সম্পত্তি দানপত্র করতে পারেন? এটা কি আইনত বৈধ? এ ব্যাপারে আমার বাবার ওয়ারিশ হিসেবে আমরা কি এর দাবিদার হয়ে কোনো মামলা করতে পারব? করতে পারলে চট্টগ্রামের কোথায় মামলা করা যাবে। এস এম জাকারিয়াচান্দগাঁও, চট্টগ্রাম। আপনার দাদি স্বেচ্ছায় দানপত্রের মাধ্যমে তাঁর পুরো সম্পত্তি যেকোনো ব্যক্তিকে হস্তান্তর করতে পারেন। এ ধরনের দানপত্রে সম্পত্তির অংশের কোনো সীমাবদ্ধতা নেই। তবে দানপত্রটি জাল বা শঠতাপূর্ণ হলে আপনারা প্রতিকার পেতে পারেন। আমার এক আত্মীয় তাঁর তিন মাস বয়সের একমাত্র ছেলেকে আট বিঘা সম্পত্তি দান করেছিলেন। সেই ছেলের বয়স এখন আট বছর। আমার সেই আত্মীয়ের এখন আর অবশিষ্ট কোনো জমি নেই। তিনি লিখিত বা নিবন্ধনের মাধ্যমে দান করেছিলেন। পারিবারিক প্রয়োজনে এখন সেই দানকৃত সম্পত্তি বিক্রি করতে চাইছেন আর আমরা সেই সম্পত্তি কিনতে চাইছি। প্রশ্ন হলো, সন্তানকে দান করা সম্পত্তি তিনি বিক্রি করতে পারবেন কি না? আর সেই সম্পত্তি যদি আমরা ক্রয় করি, তাহলে সন্তান সাবালক হওয়ার পর সম্পত্তি দখলে আনতে চাইলে আনতে পারবে কি না? আর দখলে এলেও আমরা তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারব কি না?মো. আকতার হোসেনরায়গঞ্জ, সিরাজগঞ্জ। আপনার আত্মীয় পারিবারিক প্রয়োজনে তাঁর নাবালক ছেলেকে দানকৃত সম্পত্তি নিজে বিক্রি করতে চাইলে তাঁকে আদালত থেকে অনুমতি গ্রহণ করতে হবে। অনুমতি গ্রহণ করার পর এ ধরনের বিক্রয় সম্ভব। যেহেতু আপনার আত্মীয় তাঁর নাবালক ছেলের নামে সম্পত্তি হস্তান্তর করে ফেলেছেন, সে কারণে সম্পত্তির ওপর তাঁর স্বত্ব তাঁর ছেলের ওপর বর্তায়। এ অবস্থায় আদালতের অনুমতি প্রয়োজন। অনুমতি নিয়ে বিক্রির পর ছেলে সাবালক হওয়ার পর সে জমি দখল নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা হিন্দু। আমার বাবা অসুস্থ। আত্মীয়রাও তেমন খোঁজ রাখেন না। বড় বোনের বিয়ের পর থেকে সমস্যা শুরু। ভেবেছিলাম, উচ্চশিক্ষিত ছেলে ভালো হবে, বিয়ের আগে কথাবার্তায় ভালোই মনে হয়েছিল। কিন্তু বিয়ের প্রায় দুই বছর হতে চলছে আজ পর্যন্ত ছেলে বা তার কোনো আত্মীয় আমাদের বাসায় আসেনি। আমাদের কোনো আত্মীয়স্বজন তাদের বাসায় গেলে খুব বাজে ব্যবহার করে, অপমান করে। বিয়ের দুই মাস পর থেকে তারা আমার বোনের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করে। বোনের মাধ্যমে জানতে পারলাম, তার স্বামীর চরিত্রও ভালো নয়। বোন ১০-১২ দিনের বেশি আমাদের কাছে থাকলে বোনজামাই আবার বিয়ে করবে বলে হুমকি দেয়। বিয়েতে আমরা অনেক যৌতুক দিই। আমাদের ধর্মে বিবাহ নিবন্ধন তেমন চালু নেই বলে বিয়ের ভিডিও ছাড়া আর কোনো প্রমাণ নেই। এমনকি যৌতুক হিসেবে নগদ টাকা ও যেসব আসবাব দিয়েছি, সেগুলোর রসিদও সুযোগ বুঝে হাতিয়ে নিয়েছে। যদি সে বিয়ে করে, তবে কীভাবে প্রমাণ করব যে সে আমার বোনের স্বামী আর বিয়েতে যৌতুক হিসেবে নগদ টাকা ও আসবাব দিয়েছি? বোনজামাই বোনকে জানিয়েছে, কখনো সন্তান নেবে না। যদি কখনো কোনো সন্তান পৃথিবীতে আসে, তবে সে অস্বীকার করবে। বোনকে কখনো এমনিতে মুক্তিও দেবে না। সে বলেছে, তাকে ছেড়ে গেলে নাকি বোনের জীবন ধ্বংস করে দেবে। আমরা চাই, আমার বোন স্বাভাবিকভাবে সংসার করুক, তাকে যেন শারীরিক বা মানসিক নির্যাতন না করা হয়। এ ব্যাপারে আমরা কী করতে পারি। আর যদি একান্তই সংসার করতে না পারে, তবে কীভাবে তাকে ছাড়িয়ে আনা ও যৌতুক ফেরত আনা যায়। আশা করছি, সমস্যাটি সমাধানের পথ দেখাবেন। নাম প্রকাশে অনিচ্ছুক। হিন্দু বিয়ের ক্ষেত্রে তালাকের কোনো বিধান নেই। যদি দাম্পত্য জীবন বহাল রাখা আদৌ সম্ভব না হয়, সে ক্ষেত্রে আলাদাভাবে বসবাসের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। উল্লেখ্য, যৌতুক আইনসিদ্ধ নয়। যৌতুক দেওয়া অথবা নেওয়া দুটোই অপরাধ। তবে যৌতুক আইনে মামলা করতে গেলে যৌতুক প্রদান বা যৌতুক দাবির সময় থেকে একটি নির্দিষ্ট সময়কালের মধ্যে মামলা দিতে হয়। আপনার চিঠিতে সময়সীমার উল্লেখ নেই। মানসিক ও শারীরিক অত্যাচারের বিরুদ্ধে আপনি আইনগত প্রতিকার পেতে পারেন, তবে দাম্পত্য জীবন ব্যাহত হওয়ার আশঙ্কা আছে। আমি একটি ছেলেকে ভালোবাসতাম। সে আমার ছোটবেলার খেলার সাথি। বড় হয়ে সম্পর্ক হয়। আমি স্কুলে চাকরি করি। ভাড়া বাসায় থাকি। বাড়িওয়ালা আমাদের সম্পর্কের কথা জানতেন। ছেলেটি আমাকে না জানিয়ে অন্য মেয়েকে বিয়ের সিদ্ধান্ত নেয়। এ কথা শুনে বাড়িওয়ালা আমাদের বিয়ে দেন। নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে হয়। বিয়ের সময় উভয় পক্ষের দু-একজন আত্মীয়স্বজন ছিলেন। ছেলে আমাকে এক সপ্তাহ পর নিয়ে যাবে বলে আমার এক আত্মীয়ের বাসায় রেখে যায়। কিন্তু সে আর আসে না। তার বাসায় গেলে সে আমাকে অস্বীকার করে। আমি তার বাসায় থেকে গেলাম। কিন্তু সে আমাকে অত্যাচার করা শুরু করল। শুধু তা-ই নয়, বাসার কাজের লোকেরাও আমাকে অপমান করে। সে বলে, আমার সঙ্গে তার সংসার করা সম্ভব নয়। আমি প্রায় দুই মাস থেকেছি। এর মধ্যেও কিন্তু তার সঙ্গে দৈহিক সম্পর্ক হয়েছে। আমি চাকরির জন্য আবার ঢাকায় চলে আসি। পরেরবার গিয়ে দেখি সে বাসা বদল করেছে আমাকে না জানিয়ে। আমি কোনো উপায় না পেয়ে আইন ও সালিশ কেন্দ্রের মাধ্যমে মামলা করি। কিন্তু সে মোটা অঙ্কের টাকা খরচ করে হাইকোর্ট থেকে আগাম জামিন পায়। সে বিত্তশালী। হিন্দু আইনে কি তালাকের ব্যবস্থা নেই? মামলা চলাকালে সে কি বিয়ে করতে পারবে? সে ইদানীং বিয়ে করার জন্য মেয়ে দেখে বেড়াচ্ছে। এ জন্য আমাদের বিয়েটাকেও অস্বীকার করছে। এমনি যদি করবে, তাহলে আমাকে বিয়ে করল কেন? সঠিক পরামর্শ চাই। নাম প্রকাশে অনিচ্ছুক মোহাম্মদপুর, ঢাকা। হিন্দু আইনে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ের কোনো বিধান নেই। এই আইনে বিয়ের বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করার প্রয়োজন আছে। নির্ধারিত আচার-অনুষ্ঠান পালনের মাধ্যমে হিন্দু বিয়ে সম্পাদিত হয়। আপনি আইন ও সালিশ কেন্দ্রের মাধ্যমে কী ধরনের মামলা করেছেন, তা পরিষ্কার নয়। চিঠির তথ্য অনুযায়ী ধরা যেতে পারে যে ছেলেটির দ্বারা আপনি প্রতারিত হয়েছেন। ছেলেটি যেহেতু বিয়েটা মানেনি, সেহেতু সে পুনরায় বিয়ে করলে আপনার বিশেষ করণীয় নেই। আমি বিবাহিত। একটি মেয়ে আছে। আমি আমার ছোট দেবরকে ভালোবাসি। কিছুদিন আগে আমার স্বামী বিষয়টি জেনে যায়। বিষয়টি নিয়ে অনেকবার তার সঙ্গে আমার ঝগড়াঝাঁটি হয়েছে। সে প্রথমে আমাকে তালাক দিতে চেয়েছিল। আমি ক্ষমা চাইলে সম্পর্ক স্বাভাবিক হয়। কিন্তু এখন কথায় কথায় আমার সঙ্গে পুরোনো কথা নিয়ে ঝগড়া করে, সন্দেহ করে। এখন আমি তালাক চাইলেও সে আমাকে তালাক দিতে চায় না। পারলে নিজে তালাক নিয়ে চলে যেতে বলে। আমি আমার দেবরকে ভুলতে পারছি না। তাকে খুব ভালোবাসি। তাকে সবকিছু খুলে বলেছি। সে বলে, বড় ভাই বেঁচে থাকতে আমাদের বিয়ে করা সম্ভব নয়। এখন আমি কী করব সিদ্ধান্ত নিতে পারছি না। প্রতিনিয়ত সে সন্দেহ করে। ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হয়। তালাক দিলে আমার মেয়েকে কাছে পাব কি? আমার স্বামী মেয়েকে আমার কাছে দিতে চায় না। নাম প্রকাশে অনিচ্ছুকনাটোর। আপনার স্বামী যেহেতু আপনাকে তালাক দিতে চাইছেন না, সেহেতু আপনি স্বামীর সঙ্গে পুনরায় সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে পারেন। দেবরের সঙ্গে আপনার সম্পর্কটি নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়। তালাকের পর আপনি মেয়েসন্তানের হেফাজতকারী হিসেবে তাকে তার বয়ঃসন্ধিকাল পর্যন্ত আপনার কাছে রাখতে পারেন। আমার মায়েরা চার বোন। কোনো ভাই নেই। ২০০৪ সালে আমার ছোট খালার বিয়ের পর থেকে খালু ঘরজামাই হিসেবে থাকেন। নানা জমি বণ্টন করেন। কিন্তু পাঁচ ভাগের মধ্যে আমার ছোট খালাকে চার ভাগ দেওয়া হয়। আর এক ভাগ মাসহ অন্য খালারা পান। এতে মা ও খালারা একত্র হয় জমির সুষম বণ্টনের কথা বললে নানা ও নানি উভয়েই অসম্মতি দেন। ফলে নানা ও খালাদের মধ্যে সম্পর্কের দূরত্ব সৃষ্টি হচ্ছে। প্রশ্ন হচ্ছে, আমার খালুরা কি আইনি কোনো ব্যবস্থা নিতে পারবেন? ডি জে মাসুম দিনাজপুর। চিঠির তথ্য অনুযায়ী সম্পত্তির মালিক হচ্ছেন আপনার নানা। তিনি জীবদ্দশায় যেভাবে ইচ্ছা পোষণ করেন, সেভাবে সম্পত্তি বিলি-বণ্টন করার অধিকার রাখেন। তিনি যদি সম্পত্তি লিখিতভাবে রেজিস্ট্রি দলিলের মাধ্যমে দিয়ে থাকেন, সেখানে অন্য ওয়ারিশদের আর কিছু বলার অধিকার থাকে না। বিষয়টি যেহেতু পারিবারিক, সেহেতু পারিবারিকভাবে আপস-মীমাংসা করাই বাঞ্ছনীয়।