পাঠকের উকিল
জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায় পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে ১৫ দিন পরপর তারই সমাধান পাওয়া যাবে।পাঠকের উকিল বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন। খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা,দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। স্বামীর দ্বিতীয় বিয়ে এবং দাম্পত্য কলহের কারণে আমি গত বছরের ১৮ মে নোটারি পাবলিকের মাধ্যমে আমার স্বামীকে তালাক দিই। আমাদের এক ছেলে ও এক মেয়ে। তালাক দেওয়ার পর থেকে আমার স্বামী আমাকে আমার সন্তানদের সঙ্গে যোগাযোগ করতে দিচ্ছে না। আমার ছেলের বয়স ১১ বছর এবং মেয়ের বয়স ৯ বছর। বর্তমানে আমি একটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানে কর্মরত। অন্য একজনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি। আমি চাই, সন্তানেরা আমার কাছে থেকে ভালোভাবে পড়ালেখা করুক। এ ব্যাপারে আমার বর্তমান স্বামীও একমত। কিন্তু আমার প্রথম স্বামী কোনোভাবেই ছেলেমেয়ের সঙ্গে আমাকে যোগাযোগ করতে দিচ্ছেন না। একবার আমি আমার সন্তানদের সঙ্গে দেখা করতে গেলে তিনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন। এমনকি অপহরণকারী বলে আমার নামে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করেছেন এবং আমার মা-বাবাকেও শারীরিকভাবে লাঞ্ছনা এবং তাঁদের নামে থানায় মামলা করবে বলে হুমকি দিয়েছেন। আমার প্রথম স্বামীর একটাই কথা, সন্তানদের কোনো দিন আমার সঙ্গে কোনোরকম যোগাযোগ ও সম্পর্ক রাখতে দেবেন না। সন্তানদের পড়ালেখা ও দেখাশোনার দায়িত্ব নিতে কীভাবে আইনগত ব্যবস্থা নেওয়া যায়? নাম প্রকাশে অনিচ্ছুক মুসলিম আইনে সন্তানের আইনানুগ অভিভাবক হচ্ছেন বাবা। কিন্তু একজন মা হেফাজতকারী হিসেবে ছেলেসন্তানকে সাত বছর এবং মেয়েসন্তানকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাঁর কাছে রাখতে পারেন। আবার বিয়ে না করা পর্যন্ত মায়ের এই অধিকার অক্ষুণ্ন থাকে। মায়ের পুনর্বিবাহের ফলে এই অধিকার বাবার ওপর বর্তায়। সুতরাং, আইন অনুযায়ী আপনি সন্তানদের নিজের কাছে রাখার অধিকার হারিয়েছেন। পারিবারিকভাবেই আমাদের বিয়ে হয়েছিল। আমার স্বামী সে সময় সরকারি কর্মকর্তা ছিলেন। আমাদের ৩২ বছরের বিবাহিত জীবন চলছে। ২০০৫ সালে থেকে আমি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ি। এখন পঙ্গু অবস্থায় জীবন যাপন করছি। বিয়ের কিছুদিন পর লোকমুখে জানতে পারি, আমার স্বামীর সঙ্গে তাঁর এক ভাবি ও ফুফাতো বোনের অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল। এসব শুনে আমি আমার বাবার বাড়ি ফিরে আসি এবং এ বিষয়ে তাঁদের জানাই। বাবা ধৈর্য ধরতে বললেন। বাবা একটা সমাধানে আসতে চেয়েছিলেন। ইতিমধ্যে আমার স্বামী নিজের ভুল বুঝতে পেরে আমাকে আবার নিতে আসেন। তিনি বাবা ও অন্য মুরব্বিদের সামনে ক্ষমা চান। আমার পরিবারের সবার সম্মতিতে আমি আবার স্বামীর সঙ্গে ফিরে আসি। কিন্তু ২০০৮ সালে গৃহকর্মীর সঙ্গে তাঁর সম্পর্ক থাকার প্রমাণ পাই। তাঁর জন্য বাসায় কোনো গৃহকর্মী রাখা যেত না। আমার পঙ্গু অবস্থায় তিনি আমাকে না জানিয়ে বাড়ি ছেড়ে চলে যান। এখন আমি একা এবং অসহায়। আমি জানতে চাই, প্রথম স্ত্রীর বিনা অনুমতিতে দ্বিতীয় বিয়ে করা যায় কি না?এমনকি তিনি তাঁর এক ভাতিজিকে তাঁর টাকা-পয়সার নমিনি করে রেখেছেন। জানতে পারি, তিনি আমাদের সেই গৃহকর্মীকে নিয়েই এখন বাস করছেন। আমি আর তাঁর সংসার করতে চাই না। নাম প্রকাশে অনিচ্ছুকবনানী, ঢাকা। মুসলিম পারিবারিক আইন, ১৯৬১-এর ৬ ধারা অনুযায়ী দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে একজন পুরুষের আরবিট্রেশন কাউন্সিলের লিখিত অনুমতির প্রয়োজন। এ ক্ষেত্রে বিনা অনুমতিতে বিয়ের বিরুদ্ধে মামলা করলে সেই ব্যক্তির এক বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অথবা কারাদণ্ড ও জরিমানা উভয়ই হতে পারে। তবে আপনার স্বামী তাঁর ভাতিজিকে তাঁর অর্থের অংশে নমিনি করার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। আমি একজন চাকরিজীবী নারী। গত ২০০৯ সালের ২৮ ফেব্রুয়ারি আমার স্বামীকে তালাক দিই। আমার তিন ছেলেমেয়ে এখন আমার কাছে আছে। ২০০৯ সালের সেপ্টেম্বর মাসে আমি বাচ্চাদের ভরণপোষণ ও মোহরানার টাকার জন্য মামলা করি। আমার উকিলকে চার হাজার টাকা দিয়েছি। তিনি বলেছেন, আর কোনো টাকা লাগবে না। শুধু আমাকে একবার আদালতে যেতে হবে। কিন্তু আমি তিনবার আদালতে উপস্থিত হই বাচ্চাদের নিয়ে। শেষবার সিদ্ধান্ত হয়, বাচ্চারা আমার কাছে থাকবে এবং ২৩-৯-০৯ তারিখ থেকে প্রতি মাসে বাচ্চাদের জন্য ছয় হাজার টাকা ও মোহরানার ৬০ হাজার টাকা এবং আমার তিন মাসের খোরপোষ বাবদ ১৫০০ টাকাসহ মোট ১ লাখ৩ হাজার ৫০০ টাকা আমাকে দিতে হবে।এরপর আমার উকিল ৯৮ হাজার ৫০০ টাকা আমার আগের স্বামীর কাছে থেকে গ্রহণ করেন। কিন্তু আমাকে দেন ৭৮ হাজার টাকা এবং আমাকে মামলা তুলে নেওয়ার কথা বলেন। পরের মাস থেকে আমার প্রাপ্য টাকা ওঠানোর কথা। কিন্তু কোর্টের সিদ্ধান্তের পর ১০ মাস চলে গেলেও আমি টাকা পেয়েছি ছয় মাসের।প্রশ্ন হলো, আমার চার মাসের টাকা কীভাবে পাব? উকিল ৯৮ হাজার ৫০০ টাকার জায়গায় আমাকে ৭৮ হাজার টাকা দিয়েছে, বাকি ২৫ হাজার টাকা তিনি রেখেছেন। এই ২৫ হাজার টাকা কোন হিসেবে রেখেছেন?প্রতি মাসে ঠিকমতো টাকা না দিলে আমি কোথায় অভিযোগ করব?নাম প্রকাশে অনিচ্ছুক প্রথমত, আপনি নির্দিষ্ট বারের সভাপতির কাছে ওই উকিলের বিরুদ্ধে পেশাগত অসদাচরণের অভিযোগ করতে পারেন। চিঠিতে আদালতের সিদ্ধান্তের ব্যাপারটি পরিষ্কার নয়। তবে আদালতের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধিত না হলে আপনি আদালতে ওই টাকা আদায়ের জন্য আবেদন করতে পারেন। এ ক্ষেত্রে আদালত অপরিশোধিত অর্থের জন্য তিন মাস পর্যন্ত কারাদণ্ডের আদেশ দিতে পারেন। ২০০৫ সালে আমার এক আত্মীয়ের সঙ্গে আমার বিয়ে হয়। তখন আমি উচ্চমাধ্যমিকে পড়ি। আমার দেনমোহর এক হাজার এক টাকা পরিশোধ। আমার স্বামী মাধ্যমিক পাস। সে সৌদি আরবে থাকে। বিয়ের ১৫ দিন পর বিদেশে চলে যায়। এখন আমি ইংরেজিতে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষে পড়ছি। বিয়ের আগে বলেছিল, উচ্চমাধ্যমিক পাস করলে আমাকে বিদেশে নিয়ে যাবে। তা না হলে এখানে পড়াশোনা করাবে। ২০০৮ সালে সে দেশে আসে। তখন আমার অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দিতে হোস্টেলে যাওয়া নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হয় এবং সে রাগ করে বিদেশে চলে যায়। সেই থেকে আমাকে গালি-গালাজ করে, মাঝেমধ্যে ভালো ব্যবহার করে। শ্বশুরবাড়ি গেলে আটকিয়ে রাখে। গ্রামের মোড়ল-মাতব্বর ডেকে আমাকে বলে তালাক দাও, না হলে পড়াশোনা ছাড়ো। তার মূল সমস্যা পড়াশোনা নিয়েই। ও আমাকে সন্দেহ করে, বলে বাইরে থাকলে মেয়েরা খারাপ হয়ে যায়। আমার শ্বশুর-শাশুড়ি যৌতুকলোভী। আমার বিরুদ্ধে সব সময় আমার স্বামীকে ভুল ধারণা দেন। তিন-চার মাস পর অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা। সে দেশে আসবে এবং বলছে, পরীক্ষা দিতে দেবে না। আমার অনার্স শেষ করতে এখনো দেড় বছর লাগবে। সে দেশে এসে ছয় মাস পর চলে যাবে। সে আমাকে বলছে, তোমাকে পরীক্ষা দিতে দেব না। আর যদি জোর করে দাও, তাহলে তোমাকে আমি তালাক দেব এবং আমি আরেকটি বিয়ে করব। আমার স্বামীকে আমি খুব ভালোবাসি। তার সংসার করতে চাই। তা ছাড়া ভবিষ্যতের কথা ভেবেও পড়াশোনা শেষ করতে চাই। এখন আমার স্বামী যদি দেশে এসে পড়াশোনা ছেড়ে দিতে বলে ও না ছাড়লে ডিভোর্স দেয় এবং বিয়ে করে, তাহলে আমি কী করব? কী ধরনের আইনি সহযোগিতা পেতে পারি। পড়াশোনার কারণে ডিভোর্স করতে পারবে কি? আমার যাবতীয় ভরণপোষণ আমার বাবা চালান। স্বামী নামমাত্র কিছু টাকা পাঠায়।নাম প্রকাশে অনিচ্ছুকরাজশাহী। আপনার সমস্যাটির আইনগত কোনো সমাধান নেই। পড়াশোনা করার জন্য আইনগতভাবে তালাক দেওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু ছেলেটি আপনার চেয়ে অল্প শিক্ষিত, সেহেতু সে আপনার পড়াশোনা বন্ধ করার জন্য একধরনের চাপ সৃষ্টি করছে। স্বামীর নিরাপত্তাহীনতা কাটানোর জন্য আপনাকেই উদ্যোগী হতে হবে।