পাঠকের উকিল
জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায় পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে ১৫ দিন পরপর তারই সমাধান পাওয়া যাবে। পাঠকের উকিল বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন। খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা,দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। আমি বিয়ে করেছি ১৬ বছর আগে। বিয়ে হয়েছিল ঢাকায় এবং আমার ইচ্ছার বিরুদ্ধে। তাই চালাকি করে বিয়ে নিবন্ধনের সময় মা-বাবার নাম সঠিক রেখে ভুল ঠিকানা দিয়েছিলাম। বর্তমানে আমার স্ত্রী ও ছেলেমেয়ে আমার সঙ্গে আছে। এখন প্রশ্ন হচ্ছে, মুসলিম বিবাহ আইনে কোনো এই বিয়েতে প্রকার সমস্যা আছে কি না? মুসলিম আইনে আপনার বিয়ে সম্পর্কে কোনো ত্রুটি নেই। তবে আপনি ইচ্ছা করলে নিকাহনামার ভুল অংশগুলো সংশোধন করে নিতে পারেন। আমার এক আত্মীয় সরকারি চাকরি করতেন, বর্তমানে পেনশন পাচ্ছেন। আমার কাছ থেকে কয়েক দফায় দুই লাখ ৮৮ হাজার টাকা নেন ভারতে ব্যবসা করবেন বলে; পরে এক দফায় ৩৫ হাজার টাকা দেন। বাকি টাকা আর ফেরত দিচ্ছেন না। তিনি ভারতের নাগরিকত্ব নিয়েছেন। বেশির ভাগ সময় সেখানেই থাকেন। শুধু পেনশনের টাকা ওঠানোর জন্য বাংলাদেশে আসেন। দেখাও করেন না। এখন আমি এই টাকার জন্য কীভাবে আইনি ব্যবস্থা নিতে পারি। দ্বৈত নাগরিকত্ব নিয়েও তিনি বাংলাদেশ সরকারের পেনশন নিচ্ছেন। নিজের সব অর্থসম্পদ ভারত নিয়ে গেছেন। এ অবস্থায় দেশের অর্থসম্পদ ভিন্ন দেশে স্থানান্তরের জন্য কোনো শাস্তি হবে কি না? তিনি আইনগতভাবে সরকারি পেনশন পান কি না? তিনি সোনালী ব্যাংকের মাধ্যমে পেনশন তুলছেন।শাশুতোষ শর্ম্মাচাঁদপুর সদর, চাঁদপুর। বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বৈত নাগরিকত্বের কোনো বিধান নেই। আপনার আত্মীয় যেভাবে অর্থ স্থানান্তর করেছেন, তাতে অনুমেয় যে তিনি অবৈধ পন্থায় স্থানান্তর করেছেন। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে সরকার অর্থবরাদ্দ বন্ধ করতে পারে এবং তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য আপনি আইনের আশ্রয় নিতে পারেন। আমি ঢাকায় স্নাতক শ্রেণীতে পড়ছি। ২০১০ সালে আমাদের এলাকার একজন লোকের সঙ্গে আমার ঝগড়া হয়। পরে তিনি আমার নামে ৩২৬ ধারায় একটি মিথ্যা মামলা করেন, যার প্রধান আসামি আমাকে করা হয়। মামলা করার কিছুদিন পরেই আমার নামে হুলিয়া জারি হয় এবং ওই মামলায় আমাকে ২১ দিন জেল খাটতে হয়। এখন আমি জামিনে আছি। জামিনের হাজিরা দিতে প্রতি মাসে আমাকে ঢাকা থেকে কুমিল্লায় যেতে হয়, যা আমার কাছে মানসিক দুশ্চিন্তা ও পড়ালেখায় অসুবিধার কারণ। যেহেতু এটি একটি মিথ্যা মামলা, যদি বাদী মামলা না ওঠান, তাহলে অন্য কোনো উপায়ে সহজে এ থেকে খালাস পাওয়া যাবে কি না? আর ভবিষ্যতে সরকারি চাকরি পেতে কোনো অসুবিধা হবে কি না?এম এস চৌধুরীলাকসাম, কুমিল্লা। আপনার বর্ণিত মামলাটি একটি ফৌজদারি মামলা। মামলাটি কোন পর্যায়ে আছে, তা চিঠি থেকে স্পষ্ট নয়। ফৌজদারি মামলায় হাজিরা দেওয়াই নিয়ম। তবে যুক্তিসংগত কারণে ফৌজদারি কার্যবিধির ২০৫ ও ৫৪০-এর ধারা মোতাবেক, আপনি হাজির না হয়ে আপনার নিযুক্ত আইনজীবীর মাধ্যমে মামলা পরিচালনা করতে পারেন। সে ক্ষেত্রে আদালতে দরখাস্ত দিয়ে তা মঞ্জুর করাতে হবে। মামলায় খালাস পেলে তা আপনার চাকরির ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি করবে না। মামলা মিথ্যা প্রমাণিত হলে বাদীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। আমার বয়স ২৩ বছর। ছোটবেলা থেকেই আমি আমাদের গ্রামের এক মেয়েকে ভালোবাসি এবং সে-ও আমাকে ভালোবাসে। সনদপত্র অনুযায়ী তার বয়স ১৮ বছর পূর্ণ হলে আমরা নোটারি পাবলিকের মাধ্যমে আমাদের বিয়ের ঘোষণা দিয়ে একটি অ্যাফিডেভিট করি। তাতে আমরা আমাদের এই বিয়ে সামাজিক প্রথা অনুযায়ীও বলবৎ হওয়ার কথা উল্লেখ করি এবং সময়মতো কাজি অফিসে গিয়ে বিয়ে নিবন্ধন করে নেওয়ার কথা বলি। কিন্তু পরবর্তী সময়ে এ বিষয়টি তাদের বাসায় জানাজানি হলে তাকে বাসায় আটকে রাখা হয়। এ জন্য আমাদের আর বিয়ের নিবন্ধন করা সম্ভব হয়নি। এখন তার মা-বাবা ধরেই নিচ্ছেন, আমাদের মধ্যে কোনো বিয়ে সম্পন্ন হয়নি। তাই তাঁরা জোর করে তাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং সে রাজি না হওয়ায় তার ওপর বিভিন্ন রকম অত্যাচার করছেন। এ অবস্থায় আমার করণীয় কী? নাম প্রকাশে অনিচ্ছুক আমাদের দেশে একটি ভুল ধারণা প্রচলিত আছে যে, নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়। কিন্তু নোটারি পাবলিকের মাধ্যমে মুসলিম শরিয়তে বিয়ের কোনো বিধান নেই। মুসলিম শরিয়তে বিয়ে সম্পন্ন হতে হলে দুজন পুরুষ সাক্ষী বা চারজন মহিলা সাক্ষী অথবা একজন পুরুষ ও দুজন মহিলা সাক্ষীর সামনে নিকাহ সম্পন্ন হতে হয়। এটাই মুসলিম শরিয়ত অনুযায়ী বিয়ের একমাত্র নিয়ম। পরবর্তী সময়ে ১৯৬১ সালে মুসলিম পারিবারিক অধ্যাদেশ অনুযায়ী বিয়ে নিবন্ধনের ব্যবস্থা করা হয়েছে। বিয়ে নিবন্ধন না হলেও কিন্তু বিয়ে অবৈধ বা বাতিল হবে না, কেবল বিয়ে নিবন্ধন না করার জন্য তা শাস্তিযোগ্য করা হয়েছে। আপনার পত্রে উল্লেখ করা হয়নি যে মুসলিম শরিয়ত অনুযায়ী বিয়ে হয়েছিল কি না। যদি হয়ে থাকে, তাহলে বিবাহসম্পর্ক বিচ্ছেদ না করে পুনরায় বিয়ে সম্ভব নয়। মেয়েটিকে তাঁর পরিবার জোর করে বিয়ে দিতে চাইলে তা দণ্ডনীয় অপরাধ হবে। সে ক্ষেত্রে আপনি আইনগত প্রতিকার পেতে পারেন। আমি যখন স্নাতক (সম্মান) শেষ বর্ষের ছাত্র, তখন আমাদের বাড়ির পাশের প্রাইমারি স্কুলের এক শিক্ষিকার সঙ্গে আমার বড় ভাইয়ের বিয়ের কথা চলছিল। এরপর হঠাৎ একদিন আমার বড় ভাই অসুস্থ হয়ে মারা যান। আমি মানসিকভাবে একেবারে ভেঙে পড়ি। মেয়েটিও খুব কষ্ট পায়। সেই থেকে মেয়েটি প্রায়ই আমাদের বাড়িতে আসত, সবার খোঁজখবর নিত। এভাবে মেয়েটির সঙ্গে আমার ঘনিষ্ঠতা বাড়তে থাকে। একপর্যায়ে আমরা পরস্পরকে ভালোবেসে ফেলি। কিন্তু কিছুদিন যেতে না-যেতেই এক প্রবাসী ছেলের সঙ্গে তার বিয়ে হয়ে যায়। অনেক দিন পর মুঠোফোনের মাধ্যমে মেয়েটির সঙ্গে আমি যোগাযোগ করলে সে তার ভুল স্বীকার করে। এরপর আবার তার সঙ্গে সম্পর্ক হয়। বিয়ের পর মেয়েটি এক দিনের জন্যও সুখী হতে পারেনি। মেয়েটির স্বামী প্রায় সময়ই দেশের বাইরে অবস্থান করেন। মেয়েটি তার শিক্ষকতার স্বল্প আয়ে দুটি অবুঝ সন্তান নিয়ে কোনোভাবে দিন যাপন করছে। মেয়েটির স্বামী আমাদের ব্যাপারে সবকিছুই জানেন। আমাকে তিনি কয়েকবার এই ব্যাপারে হুমকিও দিয়েছেন। এখন আমরা পেছনের সবকিছু ভুলে যদি আবার নতুন করে জীবন শুরু করি, তাহলে কি কেনো আইনি জটিলতায় পড়ব?মো. হুমায়ুন আকলিমবন্দরটিলা, বন্দর, চট্টগ্রাম। অন্যের স্ত্রীর সঙ্গে সম্পর্ক স্থাপন ব্যভিচার ও অপরাধ। আপনি যদি মেয়েটির সঙ্গে আবার সম্পর্ক স্থাপন করতে চান, সে ক্ষেত্রে মেয়েটিকে তাঁর বর্তমান বৈবাহিক সম্পর্ক অবসান করতে হবে। বিবাহবিচ্ছেদের পরই আপনি তাকে বিয়ে করতে পারেন। আমরা দুই ভাই ও এক বোন বাবার দ্বিতীয় সংসারের সন্তান। পারিবারিক কলহে বাবার সঙ্গে মায়ের ছাড়াছাড়ি হয়ে গেছে। প্রথম পক্ষের ভাইবোনেরা বাবার ঢাকার বাড়িতে থাকে, যেখানে আমাদের কোনো ঠাঁই নেই। ওই বাড়ির তিন ভাগের এক ভাগ বড় মায়ের নামে। কিন্তু বড় মা এখন বেঁচে নেই। বাবা ঢাকার বাড়িতে উঠতে পারেন না, কারণ ওরা জায়গা দেয় না। তাই তিনি এখন গ্রামের বাড়ি থাকেন। গ্রামেও বাবার অনেক সম্পদ। ছাড়াছাড়ির সময় মায়ের পক্ষ নেওয়ায় আমরা বাবার চোখের কাঁটা হই। তা ছাড়া তিনি কখনো আমাদের ঠিকমতো ভরণপোষণ দিতেন না। এখন বাবা আমাদের গ্রামের বাড়িতে উঠতে দেন না। বড় মায়ের মৃত্যুর পর বাবা আবার বিয়ে করেন। তৃতীয় সংসারে তিন বোন। খবর নিয়ে জানতে পারি, বাবা তৃতীয় মা ও ওই পক্ষের সন্তানদের গ্রামের সব সম্পদ লিখে দেবেন। আমরা আগেও কিছু পাইনি, পরেও না। তাই বাবা সম্পত্তি লিখে দেওয়ার আগে কীভাবে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারি?মো. ইসমাইল হোসেনহিসাববিজ্ঞান বিভাগসরকারি তিতুমীর কলেজ, ঢাকা। সম্পত্তির মালিক আপনাদের বাবা। তিনি জীবিত অবস্থায় তাঁর সম্পত্তি যাকে ইচ্ছা লিখে দিতে পারেন। সে ক্ষেত্রে কোনো পক্ষের ছেলেমেয়েরা আপত্তি উত্থাপনের আইনগত অধিকার রাখেন না। আপনার বাবা আপনাদের যথাযথ ভরণপোষণ দেননি। আপনারা যদি নাবালক হয়ে থাকেন, সে ক্ষেত্রে আপনার মা আপনার বাবার কাছ থেকে ভরণপোষণ দাবি করতে পারেন। আপনার সমস্যাটি যত না আইনগত, তার চেয়ে বেশি পারিবারিক ও ব্যক্তিগত। সুতরাং, পারিবারিক ও ব্যক্তিগত উদ্যোগেই এ সমস্যার সমাধান সম্ভব। আমার দাদা মারা যাওয়ার সময় তাঁর তিন ছেলে ও তিন মেয়ে রেখে যান। আমার বড় চাচা মানসিক ভারসাম্যহীন এবং অবিবাহিত অবস্থায় মারা যান। বড় চাচা মারা যাওয়ার কয়েক বছর আগে আমার বাবা নিখোঁজ হন, ১৮-১৯ বছর পরও তাঁর খোঁজ পাইনি। আমার বাবার সংসারে মা, আমরা দুই ভাই ও এক বোন। আমার ছোট চাচার সংসারে চাচা, চাচি, চাচার দুই ছেলে ও তিন মেয়ে।বড় চাচা মারা যাওয়ার আগে আমার বাবা নিখোঁজ হওয়ার কারণে কিংবা খোঁজাখুঁজির পরও না পাওয়ায় তাঁকে মৃত বলে মনে করি। বড় চাচা মারা যাওয়ার আগে আমার বাবা (পরিবারের মেজ ছেলে) হারিয়ে যাওয়া কিংবা মারা যাওয়াতে আমরা বড় চাচার সম্পত্তি থেকে বঞ্চিত হব কি? যদি না হই, বড় চাচার সম্পত্তি আমাদের মধ্যে কীভাবে বণ্টন হবে? মঞ্জুর আলমচট্টগ্রাম। আপনার বড় চাচা মারা যাওয়ার সময় যদি আপনার বাবা বেঁচে থাকেন, সে ক্ষেত্রে আপনার বাবা অন্য ভাইবোনের সঙ্গে আপনার বড় চাচার সম্পত্তিতে উত্তরাধিকারী হয়েছেন। আপনার বাবা মারা যাওয়ার পর তাঁর সম্পত্তিতে আপনারা উত্তরাধিকারী হয়েছেন। আপনার বড় চাচার সম্পত্তিতে আপনার বাবা ও আরেক চাচা প্রত্যেকে সাত ভাগের দুই ভাগ এবং আপনার প্রত্যেক ফুফু সাত ভাগের এক ভাগ হিসাবে সম্পত্তি লাভ করবেন। আপনার দাদার সম্পত্তিও তিন ছেলে ও তিন মেয়ের মধ্যে মুসলিম শরিয়ত অনুযায়ী বণ্টিত হবে। সেই অনুযায়ী আপনার বাবার প্রাপ্য অংশ আপনারা পাবেন।