পাঠকের উকিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায় পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে ১৫ দিন পরপর তারই সমাধান পাওয়া যাবে। পাঠকের উকিল বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন। খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা,দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।এছাড়া [email protected] এই ঠিকানায়ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন।  আমার বাবা মারা গেছেন ২৪ বছর হয়ে গেল। তিনি প্রচুর সম্পত্তি রেখে যান। সব সম্পত্তির দায়িত্ব আমার বড় ভাইয়ের কাছে দিয়ে যান। আমরা ছয় ভাই, চার বোন। আমার বাবা যখন মারা যান, অন্য ভাইবোনেরা সবাই ছোট ছিলাম। এখন প্রায় ২৪ বছর পর যখন আমরা বাবার সম্পত্তি চাইলাম, তখন আমার বড় ভাই একটা অছিয়তনামা বের করে দেন, যার তারিখ, ভাষা সবকিছুই বেশ সন্দেহজনক। সেই অছিয়তনামায় লেখা আছে, মেয়েরা কোনো সম্পত্তি পাবে না। এ ছাড়া অন্য ভাইয়েরা যখন তাঁর সঙ্গে কথা বলতে চায়, তিনি বিভিন্নভাবে এড়িয়ে যান। অর্থাৎ তিনি বাবার সম্পত্তি কিছুতেই অন্য ভাইবোনকে দিতে চান না। এ নিয়ে কয়েকবার তাঁর সঙ্গে বসা হলেও তিনি উত্তেজিত হয়ে যান। তিনি সমাজে বেশ প্রভাবশালী। আমার প্রশ্ন হলো, কীভাবে আমরা আমাদের সম্পত্তি ফিরে পাব। সাবিহা গাজীপুর, ঢাকা।  আপনার বাবার মৃত্যুর পর আপনারা ছয় ভাই ও চার বোন আপনার বাবার সম্পত্তির উত্তরাধিকারী। অছিয়তনামা সন্দেহজনক হলে আপনারা অছিয়তনামা বাতিলের মামলা করতে পারেন। মুসলিম আইন অনুযায়ী, ছেলেরা মেয়েদের দ্বিগুণ অংশ পায়। সুতরাং ওই সম্পত্তির ১২ আনা ছেলেদের এবং চার আনা মেয়েদের প্রাপ্য।  আমার বাবা একজন সরকারি চাকরিজীবী। তাঁর সঙ্গে ১৯৮৮ সালে আমার মায়ের বিয়ে হয়। বিয়ের পর কয়েক দিনের মধ্যেই যৌতুকের বিষয়কে কেন্দ্র করে মা-বাবার মধ্যে বনিবনায় দারুণ অভাব দেখা দেয়। ক্রমেই তা এমন পর্যায়ে পৌঁছায় যে মা তাঁকে বিয়ের এক বছর পরই তালাক দিতে বাধ্য হন। সে সময় আমি মাত্র আড়াই মাসের শিশু। জন্ম থেকেই আমি নানার বাড়িতে আছি। আমি এখন স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্রী। আমার ভবিষ্যতের কথা ভেবে মা আর বিয়ে করেননি। তিনি চাকরি করেন না। শুনেছি, স্ত্রী স্বামীকে তালাক দিলেও নাকি আইনত স্বামীর কর্তব্য স্ত্রীর দেনমোহরের টাকা ও খোরপোশ দেওয়া এবং আনুষঙ্গিক কর্তব্যগুলো পালন করা। কিন্তু বাবা তার কোনোটাই করেননি। আমার জন্ম থেকে আজ পর্যন্ত তিনি আমাদের কোনো টাকা-পয়সা দিচ্ছেন না। মৌখিক বা লিখিতভাবে অনেকবার তাঁকে অনুরোধ করা সত্ত্বেও তিনি তা আমলেই নিচ্ছেন না। উল্লেখ্য, আমার কোনো মামা নেই। নানা ’৯৬ সালে অবসর নিয়েছেন। বর্তমানে তিনি অসুস্থ। তাঁর সংসার পেনশনের টাকায় কোনোমতে চলে। আমার ক্যারিয়ার গড়তে টাকার খুবই প্রয়োজন। এখন মায়ের দেনমোহর এবং আমাদের ভরণপোষণ আদায়ের জন্য কী করা উচিত?শিলা দক্ষিণ কমলাপুর, ঢাকা। ১৯৬১ সালের পারিবারিক আইনের ১০ ধারা মোতাবেক দেনমোহরের পদ্ধতি সম্পর্কে কাবিনে বিস্তারিত উল্লেখ না থাকলে স্ত্রী চাহিবামাত্র দেনমোহর পরিশোধযোগ্য। মুসলিম আইনে দেনমোহর স্ত্রীর কাছে একধরনের ঋণ। সুতরাং তালাকের পরও যেকোনো সময় আপনার মা তাঁর পাওনা দেনমোহর দাবি করতে পারেন। এ ছাড়া ইদ্দতকালীন তিন মাসের খোরপোশ বাবদ এবং আপনার ভরণপোষণের জন্য নির্ধারিত খরচও আপনাদের প্রাপ্য। যেহেতু এ ব্যাপারটি বারবার জানানোর পরও আপনার বাবা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি, সেহেতু আপনার মা মুসলিম পারিবারিক আদালতে দেনমোহর ও ভরণপোষণের জন্য মামলা করতে পারেন।  আমি ২০০৭ সালে পারিবারিকভাবে বিয়ে করি। বিয়ের আগে থেকে আমার স্ত্রীর এক ছেলের সঙ্গে প্রেম ছিল। আমি জানতাম না। বিয়ের দিনই সে বলে দেয়, সে ওই ছেলেকে বিয়ে করবে। সে ওই ছেলের সঙ্গে সব সময় যোগাযোগ করত। ইচ্ছামতো বাসা থেকে চলে যেত। বাধা দেওয়ার চেষ্টা করলে নারী নির্যাতনের মামলার ভয় দেখাত। একদিন আমি অফিসে থাকাকালীন আমার সব জিনিসপত্র নিয়ে তাদের বাসায় চলে যায়। তাদের বাসায় যাওয়ার পর আমার বিরুদ্ধে নারীনির্যাতন ও যৌতুক আইনে মামলা করে। মামলায় আদালত আমার জামিন মঞ্জুর করেন। আদালত আমার স্ত্রীকে জিজ্ঞেস করেন, সে এখন সংসার করবে কি না। সে সরাসরি না করে দেয়। আদালত উভয় পক্ষকে বসে মীমাংসা করে আদালতকে জানাতে বলেন। একদিন উভয় পক্ষের উকিলসহ দুই পক্ষ বসে মীমাংসা করার জন্য। কিন্তু ব্যর্থ হয়। আমার মোহরানা ছিল ছয় লাখ টাকা। দুই লাখ টাকা উসুল ছিল। আমার স্ত্রী চার লাখ টাকা এককালীন আদায় করতে চায়। আমার সামর্থ্য না থাকায় আমি এককালীন পরিশোধ করতে পারব না বলে সরাসরি জানিয়ে দিই। আমার ইচ্ছা ছিল আমি কিস্তিতে শোধ করব। কিন্তু আমি আমার স্ত্রীকে তালাক দেব না। সে আমাকে স্বেচ্ছায় তালাক দেবে।আমার প্রশ্ন, আমার স্ত্রী স্বেচ্ছায় আমাকে তালাক দিলে কি আমাকে সব টাকা দিতে হবে, নাকি অন্য কোনো নিয়ম আছে? আর আমাকে তালাক দিলে সব মোহরানার টাকা কি একসঙ্গে শোধ করতে হবে, নাকি কিস্তির মাধ্যমে শোধ করতে হবে?নাম প্রকাশে অনিচ্ছুকচট্টগ্রাম, বন্দরটিলা।  আপনি বা আপনার স্ত্রী যে পক্ষই তালাক দিক না কেন, দেনমোহর আপনাকে পরিশোধ করতে হবে। তালাক হোক বা না হোক, দেনমোহর আপনার স্ত্রীর প্রাপ্য। তবে আপনার আর্থিক সংস্থান অনুযায়ী আপনি কিস্তির মাধ্যমে ওই চার লাখ টাকা পরিশোধ করতে পারেন। এ ক্ষেত্রে আপনাকে আদালতে কিস্তির মাধ্যমে দেনমোহরের অর্থ পরিশোধের আবেদন করতে হবে। উল্লেখ্য, তালাক কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে দেনমোহর স্ত্রীর পাওনা হয়ে যায়।  পারিবারিকভাবেই ২০০৭ সালে আমাদের বিয়ে হয়। তিন লাখ টাকায় কাবিন হয় এবং পাঁচ ভরি স্বর্ণ দেওয়ার শর্ত ছিল। কিন্তু বিয়ের কিছুদিন যাওয়ার পর আমার স্বামী, শাশুড়ি ও পাশের বাড়িতে বিয়ে দেওয়া আমার ননদের অত্যাচারে আমার জীবন অতিষ্ঠ হয়ে উঠল। স্বর্ণ না দিয়ে আমার বাবার কাছ থেকে ২৫ হাজার টাকা উল্টো ধার নিল, যা এখনো শোধ করেনি। আমার একটা মেয়েও আছে। কিন্তু সম্প্রতি আমার স্বামীর অত্যাচার সীমা ছাড়িয়ে গেছে। সামান্য কথায় সে আমাকে মারধর করে। আমার দেবরও আমার গায়ে হাত তুলেছে। আমার শাশুড়ি ও ননদ সর্বদা আমার স্বামীকে খ্যাপায় এবং মিথ্যা বলে আমার থেকে দূরে রাখে। তবু আমার স্বামী-সন্তানকে আমি ভালোবাসি। কিন্তু এখন মনে হচ্ছে এটা আর সম্ভব নয়। কারণ, আমার স্বামী কিছুদিন আগে আমাকে বেদম পেটায়। বলে, ‘তোকে শুধু মারব, কিন্তু তালাক দেব না। পারলে নিজে তালাক দিয়ে যা।’ মুসলিম আইনে আমি যদি তালাক দিই, তাহলে কি মোহরানা পাব? উল্লেখ্য, আমার স্বামীর পক্ষ স্বর্ণ দেবে বলে এক লাখ টাকা উসুল নিয়েছে কিন্তু স্বর্ণ দেয়নি। আমার মেয়ের বর্তমান বয়স চার বছরের কাছাকাছি। আমার বাবা-মা তো আমাকে অন্যত্র বিয়ে দেবেন বলছেন এবং আমার মেয়েকে তাঁরা কিছুতেই আনবেন না। এ ক্ষেত্রে মেয়ে রেখে এলে আমি কি কোনো আইনি জটিলতায় পড়ব? এ ছাড়া যদি স্বামীর ঘরে থেকেই যাই, তবে আমার ওপর অত্যাচারের প্রতি কী ধরনের আইনি সহায়তা পেতে পারি? জোবেদা খাতুনকুমিল্লা।  মুসলিম আইনে মহিলারা ‘তালাক এ তাওফিজ’-এর ক্ষমতাবলে তালাক দিতে পারেন। কিন্তু এই অর্পিত ক্ষমতার কথা কাবিননামায় উল্লেখ থাকতে হবে। এই ক্ষমতা দেওয়া না থাকলে আপনি স্বেচ্ছায় তালাক দিতে পারবেন না। তবে আপনি পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের মামলা করতে পারবেন। বিবাহবিচ্ছেদ আইন, ১৯৩৯-এর আওতায় বিভিন্ন কারণে বিচ্ছেদ চাওয়া যেতে পারে। এই আইনে উল্লিখিত কারণগুলোর যেকোনো একটিতে বিবাহবিচ্ছেদ হতে পারে। মুসলিম আইনে তালাক অথবা বিচ্ছেদ হলে আপনি মোহরানা পাবেন। মেয়েকে আপনি তার বয়ঃসন্ধি পর্যন্ত কাছে রাখতে পারেন এবং মেয়ের ভরণপোষণের দাবি জানিয়ে মামলা করতে পারেন। ১৯৯৮ সালে খালাতো বোনকে বাবা-মায়ের অনুরোধে বিয়ে করি। বর্তমানে বেসরকারি সংস্থায় কর্মরত। আমার দুটি পুত্রসন্তান আছে—বয়স নয় ও তিন বছর। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ি ও আমার স্ত্রীর পক্ষ থেকে আমার লেখাপড়া বন্ধ করে কর্মজীবনে প্রবেশের পরামর্শ ছিল। বাবা দিনমজুর ছিলেন। তবু আমি আমার বাবা-মায়ের বড় সন্তান হিসেবে বহু ত্যাগের বিনিময়ে পড়া শেষ করেছি। শ্বশুর সরকারি চাকরি করেন। শ্বশুরবাড়ি আমার বাড়ি থেকে ১০০ গজ দূরে। আমার স্ত্রী আমার সঙ্গে সর্বদাই গালমন্দ ও মেজাজ দেখিয়ে আচরণ করে। সাংসারিক ভালো-মন্দ বা বাচ্চাদের লেখাপড়া নিয়ে খোঁজখবর জানতে চাইলেও তার কাছে শান্তি পাই না। আমার নামে মানুষের কাছে বিভিন্ন রকমের বদনাম রটায়। আমাকে বিভিন্ন সময় শারীরিক নির্যাতনও করেছে। তার প্রতিকার পাইনি। তার মা-বাবাকে অভিযোগ করলে বরং উল্টো বুঝে আমার বিরুদ্ধে সালিস ডাকেন। এর পরিপ্রেক্ষিতে প্রতিবাদ করলে সে আত্মহত্যার চেষ্টা করে। দিন দিন অশান্তি বৃদ্ধি পাচ্ছে। এখন আমি কী করব জানালে উপকৃত হব। যদি আমি বিবাহবিচ্ছেদ ঘটাতে চাই, তাহলে আইনি কোন প্রক্রিয়ায় গেলে আমার কোনো সমস্যা হবে না?নাম প্রকাশে অনিচ্ছুকঢাকা, উত্তরা। ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনের ৭ ধারার আওতায় তালাকের ফরম কাজি অফিসে পাওয়া যায়। ৭ ধারা মোতাবেক ওই ফরম পূরণ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি করপোরেশনের মেয়র বরাবর পাঠাতে হবে। ওই নোটিশ প্রাপ্তির ৯০ দিন পরে সাধারণত তালাক কার্যকর হয়। দেনমোহরের যে অর্থ উসুল হয়নি, তা আপনার স্ত্রীর প্রাপ্য।