পাঠকের উকিল
জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায় পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে ১৫ দিন পর পর তারই সমাধান পাওয়া যাবে।পাঠকের উকিল বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন। খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা,দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।এ ছাড়া [email protected] এই ঠিকানায়ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন। আমার স্বামীর নামে ঢাকায় একটি ফ্ল্যাট আছে। তাঁরা দুই ভাই ও এক বোন। আর আমাদের এক কন্যাসন্তান। ভবিষ্যতে আমরা আর কোনো সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন আমার প্রশ্ন হলো, আমার স্বামীর অবর্তমানে এই ফ্ল্যাটটির অংশীদার কে হবে? আমরা চাই, আমাদের কন্যা সব সম্পত্তির মালিক হোক। এ ব্যাপারে আমাদের করণীয় কী হতে পারে? আমি আমার মা-বাবার একমাত্র সন্তান। আমার নিজ নামে সম্পত্তি থাকলে আমার অবর্তমানে তার মালিক কে হবে? আমার মায়ের নামে ঢাকার অদূরে একটি জমি আছে। এ ক্ষেত্রে তাঁর অবর্তমানে ওই জমির ওয়ারিশ কে হবে? আমার মায়ের ভাইবোনেরা কি ওই জমির অংশীদার হবেন?সোনিয়াঢাকা। আপনার স্বামীর অবর্তমানে স্বামীর সম্পত্তির আট ভাগের এক ভাগ আপনার প্রাপ্য। বাকি সম্পত্তির অর্ধেক আপনার মেয়ে এবং আমার স্বামীর ভাইবোন মুসলিম আইন অনুযায়ী পাবেন। অর্থাৎ ভাইবোনদের দ্বিগুণ সম্পত্তি পাবেন। মেয়েকে ফ্ল্যাটটির মালিক করতে হলে আপনার স্বামীকে তাঁর জীবদ্দশায় হেবার মাধ্যমে হস্তান্তর করে দিতে হবে। আপনার মায়ের সম্পত্তিতে আপনি ছাড়াও আপনার মায়ের ভাইবোনেরা অংশীদার হবেন। আমার স্ত্রী তার বাবার বাড়িতে থাকার সময় ২০০৭ সালে পাশের বাড়ির একটি মেয়ে আমাকে প্রেমের প্রস্তাব দেয়। তাতে রাজি না হওয়ায় সে ঘটনার দুই-তিন মাস পর আমার স্ত্রীকে গিয়ে বলে যে আমার সঙ্গে তার সম্পর্ক আছে এবং আমি তাকে বিয়ে করেছি। কিন্তু সে কোনো প্রমাণ দিতে পারেনি। এই নিয়ে আমার স্ত্রী ও স্ত্রীর বড় বোনের সঙ্গে মেয়েটির ঝগড়া হয় এবং আমার শ্বশুরবাড়ির লোকজন তাকে মারধর করে। তাতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসার খরচও দেওয়া হয়। তখন থেকেই মেয়েটি ও তার পরিবার আমাকে বিপদে ফেলার চেষ্টা চালায়। ২০০৮ সালে মেয়েটির পরিবারের লোকজন আমাকে এবং আমার মা-বাবাকে মেরে আহত করে। ওই রাতেই আমরা থানায় সাধারণ ডায়েরি করি। পরে মামলা হয়। ১০ দিন পর মেয়ের বাবা আমাকেসহ আমার দুই ভাই ও বাবাকে আসামি করে একটি ডাকাতি মামলা এবং শুধু আমাকে আসামি করে নারী নির্যাতন আদালতে একটি ধর্ষণচেষ্টার মামলা করে। তদন্ত প্রতিবেদনে আমাকে নির্দোষ বলা হয়। তবু আমার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়। আমি আত্মসমর্পণ করে জামিন চাইলে তা নামঞ্জুর করে আমাকে জেলহাজতে পাঠানো হয়। আমি ১০ দিন পর জামিনে মুক্তি পাই। তারপর স্থানীয় ব্যক্তিদের মীমাংসায় মামলা দুটি তুলে নেওয়ার কথা বলে রোয়েদাদ দেয় এবং ২০০৯ সালে একটি মামলা তুলে নেয়। কিন্তু নারী নির্যাতন মামলাটি সে তুলে নেয় না এবং জামিনের পর থেকে এ পর্যন্ত কোর্টে হাজিরও হয় না। কোনো সাক্ষীও ওঠে না। দীর্ঘ তিন বছর মামলাটি চলছে। আমি নিয়মিত হাজিরা দিচ্ছি। এই মামলা থেকে আমি কীভাবে মুক্তি পেতে পারি?মো. ইকবাল হোসেনবরিশাল। আপনার মামলাটি যেহেতু তিন বছরের পুরোনো, সেহেতু আপনি নির্দিষ্ট কোর্টে দরখাস্ত দিয়ে সাক্ষী আনার আবেদন করতে পারেন। সাক্ষী আনা সম্ভব না হলে সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করে মামলা নিষ্পত্তির জন্য দরখাস্ত দাখিল করতে হবে। ২০০৭ সালে আমার বিয়ে হয়। আমার স্বামী বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মরত। আমাদের একটি সন্তানও আছে। আমি চাকরি খুঁজছি। বিয়ের পর থেকে এখন পর্যন্ত স্বামী আমাদের ভরণপোষণ দেয় না। আমাকে সে সন্দেহ করে। আমার নামে কুৎসা রটায়। এখন আমি বাবার বাড়িতে আছি। ভরণপোষণ চাইলে সে উল্টো ধমক দেয়। আমার মা-বাবাও কোনো সাহায্য করছেন না। কীভাবে আমি আমার দেনমোহর ও ভরণপোষণের টাকা পেতে পারি?মৌ, ঢাকা। আপনি মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের আওতায় আপনার ও আপনার সন্তানের ভরণপোষণের জন্য মামলা করতে পারেন নির্দিষ্ট কোর্ট ফি দিয়ে। সেই সঙ্গে দেনমোহরের আবেদন পারিবারিক আদালতেই করা যাবে। ১৯৯৮ সালে আমার বিয়ে হয়। দুটি সন্তান আছে। প্রথম সন্তান হওয়ার পর থেকে আমার স্বামী প্রায়ই আমাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতে থাকে। এর কারণহলো তার অন্য নারীর সঙ্গে সম্পর্ক। হঠাৎ একদিন অন্যের স্ত্রীকে বাড়িতে নিয়ে এসে ওই নারীকে বিয়ে করেছে বলে লিখিত নোটারি করা স্ট্যাম্প দেখায় এবং ওই নারী তার আগের স্বামীকে তালাক দিয়েছে বলে নোটারি করা তালাকের হলফনামা দেখায়।এ ঘটনার পর আমি আমার সন্তানদের নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নিই। পরে সামাজিকভাবে তার ওই বিয়ে কেউ মেনে নেয়নি বলে আমার স্বামী সেই নারীকে অন্যত্র পাঠিয়ে দেয়। সমাজের চাপে ১৫০ টাকার সরকারি স্ট্যাম্পে কিছু শর্তের অঙ্গীকারনামায় সই করে এবংআমাকে তার বাড়িতে নিয়ে যায়। কিন্তু সাত মাস পার হলেও সে অঙ্গীকারনামার কোনো শর্ত পূরণ করেনি বা মানেনি। আমার প্রশ্ন, আমার স্বামী এবং ওই নারীর বিয়ে বৈধ হয়েছে কি? অঙ্গীকারনামার শর্ত না মানার কারণে তার বিরুদ্ধে আমি আইনগত কোনো ব্যবস্থা নিতে পারব কি?কুলসুম আক্তারগলাচিপা, পটুয়াখালী। নোটারি করা স্ট্যাম্পের মাধ্যমে কোনো বৈবাহিক সম্পর্ক সৃষ্টি হয় না এবং তালাক কার্যকর করার ক্ষেত্রে মুসলিম আইনে নির্দিষ্ট বিধিবিধান রয়েছে। সুতরাং আপনার স্বামীর সঙ্গে ওই নারীর বিবাহ বৈধতা পায়নি। অঙ্গীকারনামার শর্ত পূরণের জন্য আপনি পারিবারিক আদালতে মামলা করতে পারেন। আমি একজন সরকারি চাকরিজীবী। ১৪ বছরের বিবাহিত জীবনে স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি। সে একরোখা এবং ঝগড়াটে। তিনবার সে আমাকে ও সন্তানদের ছেড়ে চলে যেতে চেয়েছে। উভয়ের পরিবার মিলে পারিবারিকভাবে সমাধান দিলেও তার মনঃপূত হয়নি। সামান্য কলহে সে আমাকে ও আমার মৃত মা-বাবাকে নিয়ে মন্দ কথা বলতে দ্বিধা করে না; যা আমার পক্ষে মেনে নেওয়া কঠিন। গত বছর ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে আগের কলহের জের ধরে সে বাপের বাড়িতে গিয়ে আর আসতে চায়নি। চাকরি ও সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে কোনো সিদ্ধান্তে আসতে পারছি না। আমি কি তাকে কোনো উকিল নোটিশ পাঠাতে পারি?জহিরবালুচড়া, চট্টগ্রাম। দাম্পত্য সম্পর্কে সমঝোতার মাধ্যমে ব্যক্তিগত ভুল-বোঝাবুঝির সমাধান সম্ভব। আপনার স্ত্রীর সঙ্গে মনোমালিন্য ও ঝগড়াঝাঁটি এড়িয়ে সম্পর্কোন্নয়নের চেষ্টা করতে পারেন। তবে উকিল নোটিশ দেওয়ার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। আমার নানা দুই ছেলে ও তিন মেয়ে রেখে মারা যান। নানার সম্পত্তি মুসলিম আইন অনুযায়ী ছেলেমেয়েদের মধ্যে ভাগ হয়। পরবর্তীকালে আমার বড় মামা ও মামি নিঃসন্তান অবস্থায় মারা যান। আমার বড় মামার একজন পালিত মেয়ে আছে। সেই মেয়ের সনদ ও বিয়ের কাবিননামায় বাবা হিসেবে আমার বড় মামার নাম উল্লেখ আছে। এখন পালিত মেয়েটি বড় মামার মেয়ে হিসেবে সম্পত্তি দাবি করছে। অনেকে বলছে, পালিত মেয়েটি যদি নিজেকে আমার বড় মামার আপন মেয়ে হিসেবে প্রমাণ করতে পারে, তবে শুধু আমার ছোট মামা ও মেয়েটি ওই সম্পত্তির উত্তরাধিকারী হবে এবং আমার মা ও আপন দুই খালা সে সম্পত্তি পাবেন না। এটা কি ঠিক? উল্লেখ্য, আমার এক খালা ভারতের নাগরিক। শুধু সনদ দিয়ে মেয়েটি কি নিজের মেয়ে হিসেবে প্রমাণ করতে পারবে?নাম প্রকাশে অনিচ্ছুক। মুসলিম আইনে দত্তক দেওয়ার কোনো বিধান নেই। অতএব, আপনার মামার পালিত মেয়েটি আপনার মামার সম্পত্তির কোনো অংশীদার নয়। মুসলিম আইন অনুযায়ী, আপনার মামার সম্পত্তির পাঁচ ভাগের দুই ভাগ আপনার ছোট মামা পাবেন। বাকি তিন ভাগ তিন বোনের প্রাপ্য। আমার বাবা একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। বয়স ৭৪ বছর। মা জীবিত নেই। আমরা তিন ভাইবোন। সবাই ভিন্ন ভিন্ন জায়গায় থাকি। আমার বাবা মাঝেমধ্যে গ্রামের বাড়িতে একা থাকেন। সেখানে এক গৃহকর্মী আছে, বয়স ৩৮। সে কৌশলে আমার বাবাকে গোপনে বিয়ে করে। বিয়ের কোনো লিখিত কাগজপত্র নেই। বিয়ের আসরে আমার বাবা ও মেয়েটি ছাড়া আরও দুজন উপস্থিত ছিলেন। প্রশ্ন হচ্ছে, মুসলিম আইন অনুযায়ী বিয়ে হয়েছে কি? পরবর্তীকালে আমার বাবা ভুল বুঝতে পেরেছেন এবং সম্পর্কটি এখন আর রাখতে চান না। বর্তমানে আমাদের কাছে আছেন। মেয়েটি এখন আমাদের বাড়িতে ঢুকে আত্মহত্যার হুমকি দিচ্ছে। সে ক্ষেত্রে আমাদের করণীয় কী? মো. লাবলু হোসেনপাবনা। চিঠির তথ্য অনুযায়ী, আপনার বাবার সঙ্গে গৃহকর্মীর বিবাহটি বৈধ। আপনার বাবা এই বৈবাহিক সম্পর্ক বজায় না রাখতে চাইলে মেয়েটিকে তালাক দিতে পারেন। বিবাহটি যেহেতু বৈধ, সেহেতু মেয়েটি তার দেনমোহর ও তিন মাসের ভরণপোষণের দাবিদার। আত্মহত্যার হুমকির বিষয়টি জানিয়ে আপনারা নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি করতে পারেন। আমার নানারা তিন ভাই। আমার নানা মেজো। আমার মা ছাড়া নানার আর কোনো সন্তান নেই। ইসলামি আইনে নানার মৃত্যুর পর অপর দুই ভাই তাঁর সম্পত্তির অংশীদার। তাঁরা যাতে অংশীদার না হন, সে জন্য আমার বাবা ১৯৮৮ সালে হেবা করে সব সম্পত্তি আমার মায়ের নামে নিয়ে নেন। এখন কেউ কেউ বলেন, হেবা করাতে নানার মৃত্যুর পর তাঁর অপর ভাইয়েরা বা ভাইয়ের সন্তানেরা যদি আদালতে মামলা করে, তাহলে তাঁরা তাঁদের প্রাপ্য অংশ পাবেন এবং ভোগদখল করতে পারবেন। আবার কেউ কেউ বলেন, হেবাকৃত জায়গাজমি কেউ কিনতে চায় না এবং বিক্রি করতেও নাকি অনেক ঝামেলা পোহাতে হয়। আমার নানা এখনো জীবিত। আমি শুনেছি, বাংলাদেশ সরকার পিতা-মাতা, সন্তান, স্ত্রীর জন্য নতুন একটি হেবার পদ্ধতি চালু করেছে, যাতে হেবাটি খুব শক্তপোক্ত হয় এবং প্রতিপক্ষ দ্বারা হয়রানি হওয়ার আশঙ্কা থাকে না। এখন কি এই নিয়মে নতুন হেবা করতে হবে? নাম প্রকাশে অনিচ্ছুক। সাধারণত হেবার মাধ্যমে কোনো সম্পত্তি হস্তান্তর করলে সেই সম্পত্তিতে অন্যের আর কোনো অধিকার বা দাবি থাকে না। হেবা কার্যকর করার ক্ষেত্রে হস্তান্তর অত্যাবশ্যক। তবে ২০০৪ সাল থেকে এ ধরনের দলিল রেজিস্ট্রি করার বাধ্যবাধকতা আছে। যেহেতু ১৯৮৮ সালে এ ধরনের বাধ্যবাধকতা ছিল না, সেহেতু আপনাদের কোনো সমস্যা হওয়ার আশঙ্কা নেই। মুসলিম শরিয়তে হেবার দ্বারা সম্পত্তি হস্তান্তর একটি গ্রহণযোগ্য মাধ্যম। হেবার শর্তাবলি পালন সাপেক্ষে সম্পত্তি হস্তান্তরে কোনো অসুবিধা নেই।