পাঠকের উকিল
জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায় পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে ১৫ দিন পরপর তারই সমাধান পাওয়া যাবে।পাঠকের উকিল বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন। খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা,দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।এ ছাড়া [email protected] এই ঠিকানায়ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন। আমার বয়স ২২, স্নাতক তৃতীয় বর্ষে পড়ি। দুই বছর ধরে একটি মেয়ের সঙ্গে সম্পর্ক আছে। তার বয়স ১৯। সনদপত্র অনুযায়ী আমার বয়স ২০ এবং তার ১৮। পারিবারিকভাবে আমাদের বিয়েতে জটিলতা আছে। এ কারণে আমরা কোর্ট ম্যারেজ করতে ইচ্ছুক, যাতে পরবর্তী সময়ে আমার বা তার পক্ষের কেউ কোনো সমস্যা সৃষ্টি করতে না পারে। এভাবে বিয়ে করার জন্য প্রয়োজনীয় তথ্যাদি বা কাগজপত্র এবং খরচ জানতে চাই।নাম প্রকাশে অনিচ্ছুকরাজশাহী ইসলাম ধর্মে কোর্ট ম্যারেজের কোনো বিধান নেই। সাধারণত ছেলেমেয়েরা পিতা-মাতার অমতে স্বেচ্ছায় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে, তা প্রতিষ্ঠা করার জন্য নোটারি পাবলিকের সামনে হলফনামা সম্পাদন করে। তাকেই কোর্ট ম্যারেজ বলা হয়। কোনো এক ব্যক্তির প্রথম স্ত্রী মারা গেলেন। সেই সংসারে রয়েছে একজন কন্যাসন্তান। আবার সেই ব্যক্তি বিয়ে করেন। কিছুদিন পর তিনি মারা গেলেন। মারা যাওয়ার আগে তিনি সম্পত্তি দলিল বা লিখিতভাবে নিবন্ধন করে দেননি তাঁর প্রথম স্ত্রীর কন্যা ও দ্বিতীয় স্ত্রীকে। ওই ব্যক্তির সম্পত্তির সম্পূর্ণ মালিকানা প্রথম স্ত্রীর কন্যা ও দ্বিতীয় স্ত্রী পাবেন, নাকি আরও কেউ অংশ পাবে? হিন্দু উত্তরাধিকার আইনমতে জানতে চাই। উজ্জ্বল কুমার রায় চট্টগ্রাম ওই মৃত ব্যক্তির দ্বিতীয় স্ত্রী জীবনস্বত্বে তাঁর স্বামীর সম্পত্তিতে অধিকার অর্জন করবেন। দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর পর তাঁর প্রাপ্ত সম্পত্তি পুনরায় তাঁর স্বামীর সন্তানেরা পাবেন। বিধবার মৃত্যুর পর অথবা বিধবার পুনর্বিবাহের পর হিন্দু উত্তরাধিকার আইনে কন্যার স্থান। তবে এ ক্ষেত্রে কন্যাও বিধবার মতো সীমিত অধিকারসম্পন্না হবেন। আমার মাত্র একজন কন্যাসন্তান। আমার নিজের কোনো ভাইবোন নেই। আমার নিজ নামে কোনো সম্পত্তি থাকলে আমার অবর্তমানে সেই সম্পত্তির মালিক কে হবে? আমার চাচাতো ভাইবোনেরা কি সেই সম্পত্তির মালিক হবে? হেবা দলিল মানে কি উইল করা? অপ্রাপ্তবয়স্ক কারও নামে হেবা দলিল করা যায় কি? প্রয়োজনে হেবা বাতিল করা যায়?নাম প্রকাশে অনিচ্ছুক। একমাত্র কন্যাসন্তান হিসেবে মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী আপনার অবর্তমানে আপনার পুরো সম্পত্তির অর্ধেক তাঁর প্রাপ্য। বাকি অর্ধেক আপনার ভাইবোনদের মধ্যে নির্দিষ্ট অংশে বণ্টিত হবে। হেবা দলিলের ক্ষেত্রে সম্পত্তির হস্তান্তর অপরিহার্য। সাধারণত হেবার মাধ্যমে সম্পত্তি হস্তান্তর করলে সেই সম্পত্তিতে আপনার কোনো অধিকার থাকবে না এবং উক্ত দলিল বাতিলের কোনো সম্ভাবনা নেই। মুসলিম আইন অনুযায়ী একজন ব্যক্তি যেকোনো গর ওয়ারিশকে তাঁর সম্পত্তির এক-তৃতীয়াংশ উইল করতে পারেন এবং হেবার ক্ষেত্রে উইলের মাধ্যমে এক-তৃতীয়াংশ প্রদানের সীমাবদ্ধতা নেই অর্থাৎ একজনের পুরো সম্পত্তি হেবার মাধ্যমে হস্তান্তর সম্ভব। অপ্রাপ্তবয়স্ক কারও নামে হেবা করতে হলে তা তাঁর অভিভাবকের মাধ্যমে করতে হয়। পরবর্তী সময়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পর ওই সম্পত্তির অধিকার তাঁর ওপর বর্তাবে। ২০০৬ সালে আমার বিয়ে হয় পারিবারিকভাবেই। বিয়ের পর জানতে পারলাম, আমার স্বামীর পাঁচ লাখ টাকা ঋণ আছে। সে এই টাকা শোধ দেওয়ার জন্য আমার পরিবারকে চাপ দেয়। আমার পরিবারের পক্ষে এত টাকা দেওয়া অসম্ভব, এটা জানতে পারার পর সে এবং তার পরিবার মিলে আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। আমার তিন বছরের একটি মেয়ে আছে। ওদের যন্ত্রণায় শ্বশুরবাড়িতে থাকা আমার পক্ষে অসম্ভব হয়ে ওঠে। আমি মেয়েকে নিয়ে বাবার বাসায় চলে এসেছি। এক বছর যাবৎ স্বামী আমাকে কোনো ভরণপোষণ দেয় না। আমি কোনো কাজে বের হলে তার পালিত কিছু বখাটে ছেলে খুব বিরক্ত করে। আমার নামে কুৎসা রটায়। আমি আর তার সংসার করতে চাই না। ভরণপোষণ চাইলে উল্টো ধমক দেয়। কীভাবে আমি আমার দেনমোহর ও ভরণপোষণের টাকা পেতে পারি? আইনগত কী উপায়ে আমি আমার মেয়েকে আমার কাছে রাখতে পারি, যাতে সে কখনো দাবি না করতে পারে? আমি কোথায় গেলে কম খরচে আইনগত সহায়তা পাব? নাম প্রকাশে অনিচ্ছুকচট্টগ্রাম আপনি পারিবারিক আদালতে আপনার ও আপনার মেয়ের ভরণপোষণ ও দেনমোহরের পাওনা অর্থ দাবি করে মামলা করতে পারেন। আইনগতভাবে আপনি আপনার মেয়েকে তার বয়োসন্ধি পর্যন্ত আপনার হেফাজতে রাখতে পারেন। আপনি আইনগত সহায়তার জন্য আইন ও সালিশ কেন্দ্র, ব্লাস্ট, জাতীয় মহিলা আইনজীবী সমিতি নামক এনজিওগুলোতে যোগাযোগ করতে পারেন। এসব এনজিও মামলা করার ব্যাপারে সহায়তা করে থাকে। ১৯৯৮ সালে অভিভাবকেরা প্রতিবেশী একজন ছেলের কাছে আমাকে বিয়ে দেন। বিয়ের দুই সপ্তাহ পর আমার স্বামী ইউরোপের একটি দেশে চলে যান। তাঁর সেখানকার নাগরিকত্ব আছে। খুব শিগগির আমাকে ইউরোপে নিয়ে যাবেন, তাই তাড়াতাড়ি পাসপোর্ট করি। কিন্তু আমার স্বপ্ন স্বপ্নই থেকে যায়। জানতে পারি, সেখানে তাঁর প্রেমিকা আছে। তাঁর সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি।বেশ কয়েক বছর পর শহরে বড় বোনের বাড়ি বেড়াতে এসে এক ক্ষুদ্র ব্যবসায়ীর সঙ্গে আমার পরিচয় ও ঘনিষ্ঠতা হয়। একদিন তিনি আমাকে কোর্টে নিয়ে যান। কোনো কিছু বুঝে ওঠার আগেই একজন আইনজীবী বিভিন্ন সাদা কাগজে আমার স্বাক্ষর নেন। কয়েক মাস পর জানতে পারি, প্রবাসী স্বামীর সঙ্গে আমার বিবাহবিচ্ছেদের পক্ষে আদালত একতরফা রায় দেন।অতঃপর ওই ব্যবসায়ী আমাকে একটি কাজি অফিসে নিয়ে যান। ওখানে আমরা দুজনেই নিকাহনামায় সই করি। তিন মাস পর বিষয়টি জেনে আমার বোন আমার ওপর প্রচণ্ড রেগে যান। বোনের মতে, আমাদের সম্পদের লোভে নাকি তিনি আমাকে লুকিয়ে বিয়ে করেছেন। এসব শুনে আমি তাঁর সঙ্গে আর সম্পর্ক রাখতে চাই না। সব যোগাযোগ বিচ্ছিন্ন করে গ্রামের বাড়ি চলে যাই।অভিভাবকেরা পুনরায় আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগেন। কিন্তু তাঁরা অনেক চেষ্টা করেও আমার দ্বিতীয় স্বামীর কাছ থেকে বিয়ের প্রমাণাদি ফেরত আনতে পারেননি। ব্যর্থ হয়ে তিনি আরেকজনের পরামর্শ নেন। সেই ব্যক্তির মতে, স্ত্রী কর্তৃক প্রদত্ত তালাক ইসলামি আইনানুযায়ী অগ্রহণযোগ্য নয়। যেহেতু প্রথম স্বামী আমাকে তালাক দেননি, সেহেতু আমার দ্বিতীয় বিয়েটা বাতিল বিয়ে হিসেবে গণ্য হবে। আমাকে এখন বিয়ে দিতে হলে দ্বিতীয় স্বামীর সঙ্গে যোগাযোগের কোনো প্রয়োজন নেই। প্রথম স্বামীর কাছ থেকে তালাকনামা আনতে হবে। প্রথম স্বামী আমাকে তালাকনামা দিয়ে দেন। বছর খানেক পর তাঁরা আমার দ্বিতীয় বিয়ের কথা গোপন করে তৃতীয়বার বিয়ে দেন। কিন্তু এখন আমার দ্বিতীয় স্বামী ফিরে এসেছেন। তিনি নাকি আমার বিরুদ্ধে মামলা করবেন। বিষয়টি নিয়ে আমি চিন্তিত। আমি বর্তমান সংসার টিকিয়ে রাখতে চাই।নাম-ঠিকানা প্রকাশে অনিচ্ছুক অসহায় এক ভুক্তভোগী চিঠির তথ্য অনুযায়ী, দ্বিতীয় স্বামীর সঙ্গে আপনার কোনো বৈধ তালাক হয়নি। সুতরাং দ্বিতীয় স্বামীর সঙ্গে বিবাহিত থাকাকালীন তৃতীয় বিবাহটির আইনগত সিদ্ধতা নেই। দ্বিতীয় স্বামীকে আইন অনুযায়ী তালাক দিয়ে আপনি আবার বিয়ে করতে পারেন। এখানে উল্লেখ্য, একজন মুসলিম নারীর জন্য একই সময়ে একাধিক স্বামী গ্রহণ আইনসম্মত নয়। স্বামী জীবিত থাকা অবস্থায় এবং তালাকপ্রাপ্ত না হয়ে অন্য স্বামীর সঙ্গে বিবাহ বাতিল (Void) বলে গণ্য হবে।