পাঠকের উকিল
জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায় পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে ১৫ দিন পর পর তারই সমাধান পাওয়া যাবে।পাঠকের উকিল বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন। খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা, দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। এ ছাড়া [email protected] এই ঠিকানায় ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন। স্নাতকোত্তর পরীক্ষা শেষ হওয়ার পর পারিবারিকভাবে আমার বিয়ে হয়। দেনমোহর ছিল ১০ লাখ টাকা। দুই লাখ টাকা কাবিননামায় উসুল দেখানো হয়। কিন্তু বাস্তবে উসুল বাবদ কোনো টাকা দেওয়া হয়নি। বিয়ের এক বছরের মধ্যে আমার একটি মেয়ে হয়। সন্তান জন্ম নেওয়ার পর আমার স্বামীর সমর্থনেই শাশুড়ি ও ননদেরা নানাভাবে আমাকে মানসিক নির্যাতন করতে থাকেন। একপর্যায়ে তার সঙ্গে আমার বনিবনা না হওয়ায় আমি তাকে তালাক দিই। তালাক কার্যকর হওয়ার পর আমার দেনমোহর ও মেয়ের ভরণপোষণের জন্য পারিবারিক আদালতে মামলা করি। আদালত যথারীতি ডাকযোগে ও পেয়াদার মাধ্যমে সমন জারি করেন। ইতিমধ্যে পাঁচবার মামলার তারিখ ধার্য হয়। কিন্তু আমার স্বামী একবারও হাজির হয়নি। আমার স্বামী একটি বিদেশি কোম্পানিতে চাকরি করে। জায়গাজমি যা আছে, তা তার মা-বাবার নামে। আমার প্রশ্ন, মামলার বিবাদী হাজির না হলে আদালত তাকে হাজির করার ব্যবস্থা নিতে পারেন কি না। মামলার রায় একতরফা হলে দেনমোহর ও ভরণপোষণ কীভাবে আদায় করা যাবে। আইনের কোনো ফাঁকফোকর দিয়ে দেনমোহর ও ভরণপোষণ না দেওয়ার সুযোগ আছে কি না।মুক্তাচট্টগ্রাম মামলায় বিবাদী হাজির না হলে আদালত একতরফা রায় প্রদান করবেন। এর মাধ্যমে ভরণপোষণ ও দেনমোহর আদায় করা সম্ভব। একতরফা রায়ের পরে তা কার্যকর করার জন্য আদালতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সাধারণত এসব ক্ষেত্রে আদালত কিস্তির মাধ্যমে দেনমোহর ও ভরণপোষণ প্রদানের আদেশ দিয়ে থাকেন। আমি স্নাতক শেষ বর্ষে পড়ি। পাঁচ বছর আগে একটি ছেলের সঙ্গে আমার সম্পর্ক হয়। ছেলেটি ব্যাংকে চাকরি করে। হঠাৎ করে কিছুদিন আগে ছেলেটি বিয়ে করে এবং বিয়ের এক মাস পরই তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এভাবে প্রায় সাত মাস চলে গেছে। এখন তার স্ত্রী তার কাছে আসতে চায় না। ইদানীং ছেলেটি আমার সঙ্গে প্রায়ই কথা বলে এবং আমাকে নিয়ে সংসার করতে চায়। পারিবারিক চাপেই সে নাকি বিয়ে করতে পারেনি এবং এটা নাকি তার জীবনের সবচেয়ে বড় ভুল। এখন আমার পক্ষে কি এ বিয়ে করা ঠিক হবে? আমি অবিবাহিত। হিন্দু আইন অনুযায়ী বিবাহিত ছেলেকে কি বিয়ে করা যায়? ছেলেটি চায়, তার স্ত্রী থেকে আলাদা হয়ে যেতে। এটা কি সম্ভব?নাম প্রকাশে অনিচ্ছুকহবিগঞ্জ। হিন্দু আইনে কোনো সেপারেশন বা পৃথক্করণের বিধান নেই। তবে ছেলেটি ও তাঁর স্ত্রী দুজনের সম্মতিতে আলাদা হতে পারেন। এফিডেভিটের মাধ্যমে সাধারণত এ ধরনের পৃথক্করণ প্রচলিত আছে। এ ধরনের পৃথক্করণের পরবর্তী সময়ে আপনারা বিয়ে করতে পারেন। আমার বয়স ৪১ বছর এবং আমি তিন সন্তানের মা। ১৯৯৩ সালে পরিবারের কাউকে না জানিয়ে আমার সমবয়সী এক ছেলেকে কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলি। বিয়েতে সাক্ষী ছিল তার বন্ধুরা। বিয়ের পর তার বা আমার পরিবারের কাউকে এ খবর জানাইনি। কয়েক মাস পর সে বিদেশে চলে যায়। প্রথম দেড় বছর যোগাযোগ থাকলেও পরে একটানা পাঁচ মাস সে কোনো যোগাযোগ না করাতে আমি আদালত থেকে একটা তালাকনামা জোগাড় করে পাঠিয়ে দিই (১৯৯৫ সালে)। এর প্রায় ৩ সপ্তাহ পর পারিবারিকভাবে আমার বাবা-মায়ের পছন্দের ছেলের সঙ্গে আমার বিয়ে হয়। তালাকনামা পেয়ে সেই প্রবাসী ছেলে আমাকে ফোন করে কিন্তু তারপর ১৬ বছরের মধ্যে আর কোনো যোগাযোগ হয়নি। বর্তমানে আমি স্বামী ও তিন সন্তান নিয়ে সুখে আছি। আমার স্বামী এবং বাবা-মাকে আমার অতীত কিছু জানাইনি, জানাতেও চাই না। কিন্তু সব সময় আমার মনে হচ্ছে, কোথায় যেন ভুল হয়েছে বা হচ্ছে। ইসলামি আইন মোতাবেক আমার কি কোথাও ভুল হয়েছে? ভুল হয়ে থাকলে এ মুহূর্তে শোধরানোর উপায় কী? নাম প্রকাশে অনিচ্ছুকঢাকা চিঠির তথ্য অনুযায়ী, আপনি কোর্টের মাধ্যমে ডিভোর্স লেটার পাঠিয়েছেন। তবে নোটিশটি পরে চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছিল কি না এবং পুনরায় মিলনের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছিলেন কি না এ ব্যাপারে আপনার নিশ্চিত হওয়া প্রয়োজন। তালাক এ তওফিজ প্রদত্ত থাকলে আপনি আইন মোতাবেক তালাক প্রদান করতে পারেন। আমার বয়স ৩৫। মা-বাবা আমাকে ছয় মাস বয়স থেকে লালনপালন করছেন এবং সন্তানের স্বীকৃতি দিয়ে আসছেন। এমনকি আমার জাতীয় পরিচয়পত্রেও তাঁদের নামই আছে। বাবা মারা গেছেন চার বছর আগে। মারা যাওয়ার পর জানতে পারলাম, আমি তাঁদের সন্তান নই, পালিত পুত্র। আমার বাবার এক ভাই ও তিন বোন। আমার প্রশ্ন, আমি কি বাবার সম্পত্তির অংশ থেকে কিছুই পাব না? আর এখন এ সম্পত্তির আইনগত কে কে মালিক হবেন? মৃত্যুর আগে বাবা কাউকে কোনো দান, অছিয়ত বা হেবা কিছুই করে যাননি। মো. জাহিদুল ইসলামমানিকনগর, ঢাকা। মুসলিম আইনে অ্যাডপশনের কোনো বিধান নেই। সুতরাং পালিত পুত্র হিসেবে আপনার পিতা-মাতার সম্পত্তিতে আপনার কোনো অধিকার নেই। যেহেতু আপনার পিতা-মাতা আপনার নামে অছিয়ত বা হেবানামা সম্পাদন করেননি, সেহেতু মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী আপনার মা-বাবার ভাইবোনেরা ওই সম্পত্তির মালিক হবেন। আমরা তিন ভাই ও এক বোন। আমরা যখন ছোট ছিলাম, আমার বাবা আমাদের বাড়ির এক কাজের মেয়েকে বিয়ে করেছিলেন। ওই পক্ষের একটি পুত্রসন্তানও হয়েছিল আমাদের বাড়িতেই। এর কিছুদিন পরই একদিন গ্রাম্য সালিসের মাধ্যমে আমার বাবা ওই মেয়েটিকে তালাক দেন। সালিসে আমার বাবার ১০ হাজার টাকা জরিমানা হয়, যা তিনি মেয়েটির অভিভাবকের হাতে দেন এবং শিশুপুত্রকে তার মা অর্থাৎ মেয়েটির কাছে দিয়ে দেন। সেই সন্তানের বয়স এখন আনুমানিক ১৬-১৭ বছর। আমার প্রশ্ন, বাবার ওই সন্তান বাবার সম্পত্তির কোনো অংশ পাবে কি না? আমার বাবা যদি আমাদের তিন ভাইয়ের নামে বাবার স্থাবর-অস্থাবর সম্পত্তি দানপত্র করে দলিল করে দেন, তাহলে ভবিষ্যতে ওই ছেলে কি (বাবা মারা যাওয়ার পর) আমাদের কাছ থেকে আইনের মাধ্যমে সম্পত্তির কোনো অংশীদার হবে?এম এইচ উদ্দীনসান্তাহার, বগুড়া উত্তরাধিকারী হিসেবে আপনার বাবার দ্বিতীয় স্ত্রীর পুত্র আপনারা তিন ভাই ও এক বোনের সঙ্গে আপনার বাবার সম্পত্তির অংশীদার। আপনার বাবার মৃত্যুর পর তাঁর সম্পত্তি তাঁর স্ত্রী ও সন্তানের ওপর বর্তাবে। তবে আপনার বাবা জীবিতকালে যদি তাঁর সম্পত্তি শুধু আপনাদের নামে দানপত্র করে দখল হস্তান্তর করেন, সে ক্ষেত্রে দ্বিতীয় স্ত্রীর পুত্র কোনো অংশ দাবি করতে পারবে না। আমার বয়স ২৬ বছর। ২০০৪ সালে একটা ছেলের সঙ্গে আমার সম্পর্ক হয়। বিয়ের কথা বললে ছেলেটি বিভিন্ন সমস্যার কথা বলে এবং অনেক দেরিতে বিয়ে করবে বলে জানায়। একপর্যায়ে ২০০৭ সালের দিকে আমি তার সঙ্গে যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দিই। ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে তার সঙ্গে আমি যোগাযোগ করি। সে আমাকে জানায়, আজও সে আমাকে ভালোবাসে। আরও জানায়, সে এখনো বিয়ে করেনি। এর এক দিন পর একটি মেয়ে আমাকে ফোন করে তার স্ত্রীর পরিচয় দিয়ে বলে, আমি যেন ছেলেটির সঙ্গে আর কথা না বলি। এপ্রিল মাসের শেষের দিকে ছেলেটি আমাকে জানায়, স্ত্রীর সঙ্গে তার ডিভোর্স হয়ে গেছে। এর পর থেকে সে আবার নিয়মিত যোগাযোগ করে। আমার পরিবার থেকে বিয়ের জন্য জোরাজুরি করলে ব্যাপারটি আমি তাকে জানাই। সে জানায়, তার বিরুদ্ধে তার স্ত্রীর পক্ষ থেকে মামলা করা হয়েছে, যদিও সে আমাকে জানায়, দুই পক্ষ বসে দেনমোহরের টাকা ও ভরণপোষণের টাকা দিয়ে সমঝোতার মাধ্যমে ডিভোর্স হয়। আমার প্রশ্ন, সমঝোতার পরও কি মামলা করা যায়? ছেলেটি জানায়, তার পরিবার মামলাটি দেখছে এবং সে এক দিনও কোর্টে হাজিরা দেয়নি। আমি জানতে চাই, একটি মামলা শেষ হতে কত দিন সময় লাগে? মামলা চলাকালে কি আরেকটি বিয়ে করা সম্ভব?নাম প্রকাশে অনিচ্ছুক মুসলিম আইনে তালাক দেওয়ার নির্দিষ্ট বিধিবিধান আছে। সেসব বিধান সমঝোতার মাধ্যমে তালাক দেওয়ার ক্ষেত্রেও প্রযোজ্য। তালাকের এ-সংক্রান্ত নোটিশ চেয়ারম্যানের কাছে পাঠাতে হয়। ওই নোটিশ দেওয়ার ৯০ দিন পর তালাক কার্যকর হয়। ছেলেটির স্ত্রী ছেলেটির বিরুদ্ধে কী মামলা করেছে, তা বোধগম্য নয়। তবে তালাকটি নিয়ম অনুযায়ী হয়ে থাকলে আপনার সঙ্গে ছেলেটির বিয়েতে আইনগত কোনো বাধা নেই।