পাঠকের উকিল
জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায় পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে ১৫ দিন পর পর তারই সমাধান পাওয়া যাবে।পাঠকের উকিল বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন।খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা,দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।এ ছাড়া [email protected] এই ঠিকানায় ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন। আমার নাতনি মানে আমার মেয়ের মেয়ে। জন্মের পর থেকেই আমার কাছে বড় হচ্ছে। এখন তার বয়স ১২ বছর। জন্ম দেওয়ার পরই আমার মেয়ের দায়িত্ব শেষ। তারপর থেকেই নাতনির সব দায়িত্ব আমি পালন করছি। আমার মেয়ে এবং জামাই বিয়ের পাঁচ বছর পর আলাদা হয়ে গিয়েছে। তারপর মেয়ে আরেকটা বিয়ে করেছে এবং সে ঘরে একটা ছেলে হয়েছে। কিছুদিন আগে আমার মেয়ে এসে আমাদের সঙ্গে ঝগড়া করে আমার নাতনিকে মারধর করে নিয়ে যায়। নাতনি তার মায়ের কাছে যাবে না। ফোন করে বলে আমাকে কবে নিয়ে আসবে। আমার মেয়ের কোনো কিছুই আমার পছন্দ নয়। আমার নাতনিকে তার মায়ের কাছে রাখা নিরাপদ মনে করছি না। বুঝতে পারছি না কীভাবে তাকে নিয়ে আসব।নাম জানাতে অনিচ্ছুক আপনি আদালতে আপনার নাতনির অভিভাবকত্ব দবি করে আবেদন করতে পারেন। এ ক্ষেত্রে আদালত শিশুটির কল্যাণের বিষয় বিবেচনা করে অভিভাবক নিয়োগ দেবেন। এ ছাড়া শিশুর নিজস্ব পছন্দের বিষয়টি আদালতে গুরুত্ব পাবে। যেহেতু শিশুটি আপনার কাছেই বড় হয়েছে, সে ক্ষেত্রে সার্বিক পরিস্থিতির আলোকে শিশুটির অভিভাবক হওয়ার সম্ভাবনা আপনার আছে। এক বছর আগে রাজশাহীতে আমার ফুফুর বাড়ি বেড়াতে যাই। সেখানে গিয়ে একটি মেয়েকে আমার খুব ভালো লেগে যায়। সেও আমাকে পছন্দ করে। আমাদের সম্পর্ক চলতে থাকে। গত জানুয়ারিতে আমার ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে জানতে পারি, সে আমার দাদির বোনের মেয়ে। এখন খুব চিন্তায় আছি। আমার প্রশ্ন, ইসলাম ধর্ম অনুযায়ী আমি কি তাকে বিয়ে করতে পারি? আমার পরিবার কখনো এ বিয়েতে রাজি হবে না। এখন আমি কী করব। নাম প্রকাশে অনিচ্ছুক মুসলিম আইনে রক্তের সম্পর্কযুক্ত ব্যক্তিদের মধ্যে বিবাহ নিষিদ্ধ করা হয়েছে। দাদির বোনের মেয়ে এ ধরনের সম্পর্কের মধ্যে পড়েন না। সুতরাং মেয়েটিকে বিয়ে করতে আপনার কোনো বাধা নেই। আমার বাবার দুই স্ত্রী। আমি ছোট মায়ের সন্তান। আমার আরও দুটি ভাই আছে আমার মায়ের গর্ভের। এ ছাড়া বড় মায়ের ঘরের দুই ছেলে রয়েছে। আমি বিয়ে করিনি। আমার নিজের নামে কিছু জমি রয়েছে। আমার প্রশ্ন হলো, আমার মৃত্যুর পর এই সম্পত্তির অংশিদার কে কে হবেন? আমি চাই, আমার সম্পত্তি শুধু আমার দুই ভাই (নিজের মায়ের সন্তান) পাবে। আমি যদি কোনো অছিয়তনামা বা উইল করে যাই, তাহলে সেটা সম্ভব কি না। আমার পক্ষে এই মুহূর্তে রেজিস্ট্রি করে দেওয়া সম্ভব নয়। রতনউত্তরা, ঢাকা আপনার মৃত্যুর পর আপনার সম্পত্তির ওয়ারিশ হবেন আপনার মা-বাবা ও দুই ভাই। আপনার বৈমাত্রেয় ভাইয়েরা আপনার সম্পত্তির অংশ পাবেন না। সাধারণত উইল বা অছিয়তনামা অনাত্মীয় এবং এক-তৃতীয়াংশ সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য। এ ধরনের উইল মৃত্যুর পর কার্যকর হয়। দূরসম্পর্কের এক মামাতো ভাইয়ের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। এখন সেটা ভালোবাসার রূপ নিয়েছে। আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি, কিন্তু আমাদের পরিবার এই সম্পর্ক মানবে না। এ অবস্থায় আমরা দুজন কাজি অফিস বা কাজির মাধ্যমে বিয়ে করতে চাইছি। আইনগতভাবে আমাদের বিয়ের বয়স হয়েছে। কাজি অফিস বা কাজির মাধ্যমে বিয়ে করতে কি কাগজপত্র লাগে এবং বিবাহ আইন অনুযায়ী এই বিয়ে সঠিক হবে কি না, যদি কোনো সমস্যা দেখা দেয়, তবে বিয়ে আইনত টিকবে কি না?নাম প্রকাশে অনিচ্ছুক মুসলিম আইনে বিয়ে একধরনের চুক্তি। এ ক্ষেত্রে ‘প্রস্তাব’ এবং ‘গ্রহণ’ প্রয়োজনীয়। দুজন পুরুষ অথবা একজন পুরুষ, দুজন নারী সাক্ষীর উপস্থিতিতে একপক্ষ কর্তৃক প্রস্তাব পেশ এবং অপরপক্ষ কর্তৃক তা গ্রহণের মাধ্যমে একটি বৈধ বিয়ে সম্পন্ন হয়। সুতরাং বিয়ের ক্ষেত্রে আপনাদের কোনো কাগজপত্র প্রয়োজন নেই। আমার বাবার দুই ভাই এক বোন। বোন সবার বড়। বাবা তাঁর বড় বোনের স্বামীর কাছ থেকে ২০ বছর আগে ৫০ কাঠা জমি ৪০ হাজার টাকায় কিনেছিলেন। তা অবশ্য কিনেছিল বিশ্বাসের ওপর ভিত্তি করে। কিন্তু কোনো কাগজে লিখিত হয়নি বা কোনো ডিড সম্পাদন করা হয়নি। আমাদের কাছে প্রমাণ বলতে ফুফুর হাতে লেখা তিনটি চিঠি রেখেছি। সেই চিঠিতে এমন লেখা আছে যে তুমি আমার কাছ থেকে ৪০ হাজার টাকা দিয়ে জমিটি ক্রয় করো, পরে সময় করে এসে তোমাকে জমি লিখে দেব। কিন্তু বাবার বড় বোনের স্বামী কাউকে কিছু না বলে সেই জমিটি আমার ছোট চাচার কাছে নামমাত্র মূল্যে বিক্রি করে দিয়েছেন। ছোট চাচা সেই জমি বিক্রির জন্য পাঁয়তারা করছেন। এ অবস্থায় আমরা কি মামলা বা আইনের আশ্রয় নিতে পারি?মো. প্রিন্স হায়দারঢাকা। আপনার বাবা তাঁর বড় বোনের স্বামীর বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতায় চুক্তিপ্রবলের (এনফোর্সমেন্ট অব কনট্র্যাক্ট) মামলা করতে পারেন। তবে এ ক্ষেত্রে আপনার বাবাকে মৌখিক লেনদেন প্রমাণ করতে হবে। এ ছাড়া তিনি প্রদেয় অর্থ ফেরত পাওয়ার জন্য আইনের আশ্রয় নিতে পারেন। আমার বিয়ে হয় ১৯৮৮ সালের ১৮ মার্চ। প্রায় তিন বছর ঘর-সংসার করার পর তালাক হয়ে যায় ১৯৯১ সালের ২৬ জানুয়ারি। আমি এখন পর্যন্ত কাউকে বিয়ে করে ঘর-সংসার করিনি। গত বছর ২২ ডিসেম্বর আমার এক আত্মীয়ের মাধ্যমে জানতে পারলাম, আমার স্বামী আমাকে নিয়ে পুনরায় ঘর-সংসার কতে চায়। কিন্তু জানতে পারি, হিল্লা বিয়ে ছাড়া আমাদের পুনর্মিলন কোনোভাবেই সম্ভব নয়। হিল্লা বিয়ে করতে আমি কোনোভাবে রাজি নই। এ অবস্থায় আমি আপনার শরণাপন্ন হলাম। এর কোনো প্রতিকার আছে কি না জানার জন্য। নাম জানাতে অনিচ্ছুক মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১ অনুযায়ী একই স্বামীর সঙ্গে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী বিবাহ বা হিল্লা বিয়ের কোনো প্রয়োজন নেই। সুতরাং তালাকের পরও আপনি আপনার আগের স্বামীকে আবার বিয়ে করতে পারেন।