পাঠকের উকিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায় পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে ১৫ দিন পর পর তারই সমাধান পাওয়া যাবে।পাঠকের উকিল বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন।খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা, দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।এ ছাড়া [email protected] এই ঠিকানায় ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন। আমি মা-বাবার একমাত্র সন্তান। বাবা মারা গেছেন। আমি যে বাড়িতে বসবাস করছি, আমার বাবা ক্রয়সূত্রে সেটির মালিক ছিলেন, যা ২০০১ সালে কেনা। এর অর্ধেক আমার বাবার নামে আর বাকি অর্ধেক মায়ের নামে নিবন্ধন করা হয়েছিল। লোকমুখে শুনেছি যে মায়ের অবর্তমানে যে অংশটুকু মায়ের, তা থেকে আমার মামা বা খালারা নাকি পাবেন। আমি জানতে চাই, এ কথাটা কি সত্য?মো. নুরুজ্জামাননারায়ণগঞ্জ। আপনার মায়ের অবর্তমানে আপনার মায়ের সম্পত্তির অংশীদার হবেন আপনার নানা-নানি, আপনার বাবা ও আপনি। এ ক্ষেত্রে আপনার বাবার অংশ হবে চার ভাগের এক ভাগ এবং আপনার নানা-নানির ছয় ভাগের এক ভাগ। বাকি পুরো সম্পত্তি আপনার প্রাপ্য। এ ক্ষেত্রে আপনার মামা ও খালারা আপনার মায়ের সম্পত্তির কোনো অংশ পাবেন না। আমার এক আত্মীয় অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা। ছয় ছেলেমেয়ে রেখে তাঁর প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি আবার বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীর কোনো সন্তান হয়নি। তিনি চাকরি থেকে অবসর নেওয়ার সময় পেনশনের টাকা তোলার জন্য যখন কাগজপত্র জমা দেন, তখন তাঁর বড় মেয়েকে নমিনি করেছেন। এখন পেনশনের টাকা তিনি মাসে মাসে তুলছেন। প্রশ্ন হলো, তাঁর অবর্তমানে পেনশনের এ টাকাটা কে পাবেন—তাঁর মেয়ে না তাঁর দ্বিতীয় স্ত্রী।পারভিনবি.বাড়িয়া। আপনার বাবার অবর্তমানে তাঁর পেনশনের অর্থ পাবেন তাঁর নমিনি অর্থাৎ তাঁর বড় মেয়ে। পেনশনের অর্থের ক্ষেত্রে উত্তরাধিকার আইন প্রযোজ্য নয়। সুতরাং নমিনি ছাড়া অন্য কেউ এই অর্থের অংশীদার হবেন না। আমরা পাঁচ বোন এক ভাই। আমার ভাই ১৯৯৯ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। তিনি দুই নাবালক ছেলে ও এক বিবাহিত মেয়ে রেখে যান। আমার বাবার ১৭২ শতাংশ জমি আছে। এ ছাড়া বাকি সব জমি নদীর ভাঙনে নিয়ে যায়। ভাই মারা যাওয়ার পর আমার বাবা ৬২ শতাংশ জমি ভাইয়ের সন্তানদের নামে লিখে দেন। তখন ভাইয়ের ছেলেরা নাবালক ছিল। এরপর ২০০৭ সালে বাবা মারা যান, তখন অবশিষ্ট ১১০ শতাংশ জমি নিয়ে কথা হলে জানতে পারি যে সেই সম্পত্তি ভাইয়ের স্ত্রী ও সন্তানদের নামে লিখে দেওয়া হয়েছে। আমার প্রশ্ন, মেয়েরা কি এ কারণে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হবে? যদি আইনের আশ্রয় নেওয়া হয়, তাহলে কি বাবার সম্পত্তি আমরা পাব? নাম প্রকাশে অনিচ্ছুক। আপনার বাবা তাঁর জীবদ্দশায় তাঁর সম্পত্তি যাকে ইচ্ছে লিখে দিতে পারেন। এ ছাড়া নাবালককে সম্পত্তি লিখে দিতে আইনত কোনো বাধা নেই। সুতরাং এ ক্ষেত্রে আইনের আশ্রয় নিয়ে ওই সম্পত্তি দাবি করার কোনো সুযোগ নেই। ২০০৬ সালে আমার সঙ্গে এক মেয়ের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্ক একসময় দৈহিক সম্পর্কে রূপ নেয় এবং মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সেটা জানার পরই আমি তার সঙ্গে বিয়ে নিবন্ধন করি। মেয়েটি আমাকে বলে, ‘লেখাপড়া যেহেতু চলছে তাই গর্ভের সন্তানটি নষ্ট করে ফেলি।’ আমি কিছু না বললেও সে নিজের ইচ্ছায় তা করে ফেলে। সে আরও বলে যে মাস্টার্স পরীক্ষা দিয়ে পরিবারকে আমাদের বিয়ের ব্যাপারটা জানাবে। ইতিমধ্যে তার বিয়ের প্রস্তাব আসতে থাকে। সব বিয়ে মেয়েটি ভেঙে দেয়, একপর্যায়ে পরিবার তার কথা না শুনে হঠাৎ করে গত ১০ এপ্রিল তাকে পরিবার থেকে বিয়ে দিয়ে দেয়। এই দ্বিতীয় বিয়ের কোনো বৈধতা আছে কি?মো. বাবুলহাড়িয়ালকুঠি ইউনিয়নতারাগঞ্জ, রংপুর। বিবাহিত থাকাকালে আপনার স্ত্রীর দ্বিতীয় বিয়ে আইনগতভাবে বৈধ নয়। এ ধরনের বিয়ের আইনগত কোনো সিদ্ধতা নেই। সুতরাং মেয়েটি এখনো আপনার বিবাহিত স্ত্রী। এ ক্ষেত্রে আপনি পারিবারিক আদালতে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা করতে পারেন। পরিবারের সদস্যদের মধ্যে আমি ছোট এবং শিক্ষাগত যোগ্যতার (স্নাতকোত্তর) দিক দিয়ে এগিয়ে। আর আমার বাবা, মা ও ভাই গোঁড়ামির দিক দিয়ে এগিয়ে। তাঁরা বলেন, মেয়েদের বাবা, ভাই বা স্বামী ছাড়া চলাফেরা করা উচিত নয়। তাঁরা আমার বন্ধুদের সঙ্গে মেশাকে অস্বাভাবিক চোখে দেখেন এবং বন্ধুবান্ধবদের সঙ্গে চাকরির পরীক্ষা দিতে যেতে দেন না। এমনকি চাকরি পছন্দের ক্ষেত্রেও আমার মতামতের মূল্য দেওয়া হয় না। বিভিন্ন কারণে আমি স্বাধীনতাহীনতা, অধিকারহীনতা ও নিরাপত্তাহীনতা অনুভব করছি, যা একজন প্রাপ্তবয়স্ক হিসেবে আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। আমি তাঁদের বিরুদ্ধে আইনি সহায়তায় যেতে চাই। দেশে কি কোনো কার্যকর আইন আছে অভিভাবকের বিরুদ্ধে লড়ার? কীভাবে এগোলে আমি আমার প্রাপ্য অধিকার পাব?আরিফুনরাজশাহী। প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েকে তার ইচ্ছের বিরুদ্ধে আটকে রাখা অথবা তার চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা আইনের পরিপন্থী কিন্তু এসবের বিরুদ্ধে আইনানুগ প্রতিকার সহজ নয়। এসব ক্ষেত্রে ব্যক্তিগত ও সামাজিক প্রতিরোধই উপযুক্ত। শিক্ষিত মেয়ে হিসেবে আপনি আপনার পরিবারের আস্থা অর্জনের চেষ্টা করতে পারেন। আমার বয়স যখন ছয় এবং ছোট ভাইয়ের বয়স দুই বছর, তখন আমার মা আমাদের ছেড়ে চলে যান। তিনি এখন অন্যত্র সংসার করছেন এবং আমাদের সঙ্গে তাঁর কোনো সম্পর্কও নেই। আমার বাবাও আবার বিয়ে করেন এবং সে পক্ষেও তাঁর দুটি ছেলে আছে। যাদের বয়স যথাক্রমে ১২ ও আট বছর। আমি একমাত্র কন্যা হিসেবে সব সময়ই আমার পরিবারে উপেক্ষিত ছিলাম এবং প্রবল মানসিক কষ্টের মধ্যেও ২০০৮ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাই। ২০১০ সালে আমার বিয়ে হয়। সৌভাগ্যক্রমে আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি অনেক ভালো মনের মানুষ। আমি বর্তমানে একটি কন্যাসন্তানের মা। বিয়ের পর থেকে এ পর্যন্ত আমার বাবা আমাকে দেখতে আসেননি এবং কোনোভাবেই আমার খোঁজখবর রাখেননি। আদর স্নেহ থেকে বঞ্চিত করার পাশাপাশি আমাকে তাঁর সম্পত্তি থেকেও বঞ্চিত করার কথা বলছেন। আমি সারা জীবনই বাবা-মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত। আমি চাই না যে তিনি আমাকে সম্পত্তি থেকেও বঞ্চিত করেন। এখন আমি কী করতে পারি।মিষ্টিবগুড়া। আপনার বাবা তাঁর সম্পত্তি থেকে আপনাকে বঞ্চিত করলে আপনার করণীয় কিছু নেই। সুতরাং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই।