পাঠকের উকিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায় পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে ১৫ দিন পর পর তারই সমাধান পাওয়া যাবে।পাঠকের উকিল বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন।খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা, দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।এ ছাড়া [email protected] এই ঠিকানায় ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন। আমার এক ছোট বোনের কাছ থেকে আমি একখণ্ড জমি কিনি বেশ কয়েক বছর আগে। কিন্তু জমিটি নিবন্ধন করতে দেরি করে ফেলেছি। জমি কেনার সময় কোনো বায়না দলিল করিনি। তবে ব্যাপারটি আমার অন্যান্য বোন, ভাইসহ বাড়ির অনেকেই জানে। জমিটি ছিল বোনের কেনা সম্পত্তি। বিক্রির সময় জমির মূল দলিল আমাকে দিয়েছে। এখন আমি বোনকে জমি নিবন্ধনের কথা বললে সে টালবাহানা করে। নিবন্ধন করে দিতে চাইছে না। পারিবারিকভাবে ভাইবোনসহ বাড়ির অনেকেই আলোচনাসাপেক্ষে বোনকে জমিটি নিবন্ধন করে দেওয়ার জন্য অনুরোধ করেছে। এই কয়েক বছরে জমির দাম প্রচুর বেড়েছে। এখন আমি এ ব্যাপারে কোনো উকিল নোটিশ দিতে পারি কি না বা আদালতে বোনের বিরুদ্ধে কোনো প্রকার আইনগত ব্যবস্থা নিতে পারি কি না!নাম প্রকাশে অনিচ্ছুক আপনি জমিটি কোন বছর কিনেছেন, তা উল্লেখ করেননি। উল্লেখ্য, ২০০৪ সালের সংশোধিত আইন অনুযায়ী, যেকোনো জমি বিক্রয়ের ক্ষেত্রে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। উকিল নোটিশ ছাড়াও আপনাকে দেওয়ানি আদালতে দলিল সম্পাদনের মামলা করতে হবে। আমার বিয়ে হয়েছে ১০ বছর। সংসারে দুটি মেয়ে আছে। আমার স্বামী ২০০৮ সালে বিদেশে যায়। সেখানে ফোনে একটি মেয়ের সঙ্গে তার সম্পর্ক হয়। ২০১০ সালে সে এক মাসের ছুটিতে দেশে আসে। তখন তাকে জিজ্ঞেস করলে সে এই সম্পর্কের কথা অস্বীকার করে। কিন্তু আবার বিদেশ যাওয়ার আগে কাউকে না জানিয়ে সেই মেয়েকে বিয়ে করে। আমার স্বামী এখনো বিদেশে থাকে। শ্বশুরবাড়ির কেউ এ নিয়ে কিছু বলছে না। সে ওই মেয়েকে তালাকও দেবে না; বরং আমাকে নানা হুমকি দিচ্ছে। এখন কী করতে পারি?সখিনা চাঁদপুর প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলে এক বছর কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা হতে পারে। তবে আপনাকে আইনের চেয়ে বাস্তব পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। দেড় মাস আগে আমার এক বন্ধুর বিয়ে হয়েছে। মেয়ের বাড়িতে বিয়ে পড়ানো হয়। এ ঘটনা ছেলের বাড়ির কেউ জানত না। ছেলের সঙ্গে আমি যাওয়ায় আমাকেই সাক্ষী করা হয়। পরে বুঝতে পেরেছি, সেই কাগজে আমাকে ছেলের ভগ্নিপতি হিসেবে লেখা হয়েছে। ছেলের খালাতো ভাই আবার মেয়ের ভগ্নিপতি। তিনিও একজন সাক্ষী। মেয়ের বাবাও সই করেন। এখন পরবর্তী সময়ে মেয়ে অথবা ছেলের পরিবার থেকে কোনো মামলা করা হলে আমি কি কোনো সমস্যায় পড়তে পারি? উল্লেখ্য ছেলে-মেয়ের মধ্যে এখন সম্পর্ক ভাল নয়।নাম প্রকাশে অনিচ্ছুক বিয়েতে সাক্ষী হয়ে সমস্যায় পড়ার চিন্তা অমূলক। আপনি যাদের বিয়েতে সাক্ষী হয়েছেন, পরবর্তী সময়ে তাদের কোনো সমস্যা হলে এর দায়-দায়িত্ব আপনার ওপর কোনোভাবে বর্তাবে না। আমার বাবার কোনো ভাইবোন নেই কিন্তু প্রতিবেশীরা ১৪ ভাই। লোকবল বেশি হওয়ায় তারা অযৌক্তিকভাবে লাঠিসোঁটা নিয়ে হুমকি দেয়, আমাদের জমি দখল করতে যায়। আমরা লোকবলে দুর্বল হওয়ায় অনেক ভোগান্তির শিকার হই। জমির যাবতীয় কাগজ আমাদের ঠিক আছে। আমি নিশ্চিত, তারা কোনো জমি পাবে না। ওরা ফসলি জমিতে হাঁটাচলা করে ফসল নষ্ট করে। চাষাবাদ করতে না পেরে বাবা প্রায় নিঃস্ব হয়ে গেছে। মা-বাবা বাড়িতে একা থাকেন। আমরা চার ভাইবোন বাইরে দুশ্চিন্তায় থাকি—কখন বাড়িতে মা-বাবাকে মারতে আসে! আমাদের লেখাপড়ার অনেক ক্ষতি হচ্ছে। অযৌক্তিকভাবে জমিজমা দখল ও মারার হুমকির ব্যাপারে কী ব্যবস্থা নিতে পারে?সুপ্ত (ছদ্মনাম) প্রকৃত পরিস্থিতির বিবরণ দিয়ে আপনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে পারেন। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে শৃঙ্খলা বিঘ্নের আশঙ্কার কথা জানিয়ে আবেদন করতে পারেন। আমার স্বামী মারা গেছেন ১৯৯১ সালে। তখন তাঁর মা-বাবা জীবিত ছিলেন। এখন আমার স্বামীর মা-বাবা দুজনই মৃত। আমার স্বামী কিছু সম্পত্তি কিনে নিজ নামে নিবন্ধন করেছিলেন। তাঁর নামেই নামজারি আছে। মা-বাবা মারা যাওয়ার পর স্বামীর ভাইয়েরা তাঁর সম্পত্তির তিন ভাগের এক ভাগ দাবি করছেন।আমার স্বামীর ওয়ারিশ হিসেবে আমি এবং আমার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। এখন এই সম্পত্তি কি শুধু আমরা পাব? না তাঁর ভাইয়েরাও আংশিক পাবে?নাম প্রকাশে অনিচ্ছুক আপনার মৃত স্বামীর ওয়ারিশ হচ্ছেন আপনি এবং আপনার চার ছেলেমেয়ে। মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী, আপনি স্বামীর সম্পত্তির আট ভাগের এক ভাগের অংশীদার। বাকি সম্পত্তির তিন ভাগের দুই ভাগ পাবে আপনার দুই ছেলে এবং এক ভাগ পাবে আপনার দুই মেয়ে। আপনার স্বামীর ভাইয়েরা ওই সম্পত্তির কোনো অংশ পাবেন না। আমার বয়স ৩৩ বছর আর আমার স্বামীর বয়স ৪৯ বছর। আগে আমার একবার বিয়ে হয়েছিল। সে ঘরে একটা মেয়ে আছে। যেকোনো কারণবশত পরে দ্বিতীয় বিয়ে করি। আমার স্বামীর প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তার সঙ্গে আমার বিয়ে হয়। স্বামীর প্রথম পক্ষের এক মেয়ে ও এক ছেলে আছে। বিয়ের আগে আমার স্বামীর সঙ্গে কথা ছিল, আমার মেয়েকে সে নিজের মেয়ের মতো ভালোবাসবে, সেটা সে করেনি। তার ছেলেমেয়েকে আমি নিজের সন্তানের মতো জানতাম। কিন্তু তারা আমার আপন হয়নি। আমার স্বামী এখন পর্যন্ত আমার ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা করে না। তারপর সব টাকাপয়সার নমিনি তার প্রথম পক্ষের ছেলেমেয়ে। এমনকি আমার স্বামী আমাকে কোনো সন্তান নিতে দেয়নি। তার মৃত্যুর পর হয়তো এই সংসারে আমার আর জায়গা হবে না। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। কী করলে এর সমাধান হবে।সাহানাঢাকা পারিবারিকভাবে আপনি আপনার স্বামীর প্রথম ঘরের ছেলেমেয়ের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করতে পারেন। তাদের সঙ্গে সুসম্পর্কের মাধ্যমে আপনি স্বামীর আস্থাভাজন হতে পারবেন।