পাঠকের উকিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায় পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে ১৫ দিন পর পর তারই সমাধান পাওয়া যাবে।পাঠকের উকিল বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন। খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা, দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। এ ছাড়া [email protected] এই ঠিকানায় ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন। আমার বয়স ২৮ বছর। আট বছর ধরে একটা মেয়ের সঙ্গে আমার সম্পর্ক ছিল। তার বয়স এখন ২৩ বছর। সে আমার ভাবির বড় বোনের মেয়ে। বছর তিনেক আগে আমরা পরস্পরকে স্বামী-স্ত্রী হিসেবে গ্রহণ করি। এর কোনো সাক্ষী কিংবা কাগজপত্র নেই। এর পর থেকে আমরা স্বামী-স্ত্রীর মতো সময় কাটাই। তার কথামতো আমি সবাইকে জানাই, আমরা বিয়ে করেছি। সবাই জানে, আমরা স্বামী-স্ত্রী। চার মাস আগে তার নানিবাড়ির সবাই মিলে জোর করে তালাকের কাগজে সই নেয় এবং আমার গ্রামের বাড়িতে উকিল নোটিশ পাঠায়। উল্লেখ্য, আমি চার মাস পর একটি উকিল নোটিশ পেয়েছি। কিছুদিন আগে সবকিছু গোপন করে তাকে অন্যত্র বিয়ে দেওয়া হয়। আমাদের এই বিয়েতে আইন অনুযায়ী কোনো বাধা ছিল কি? আমাদের সম্পর্ককে কি বিয়ের সম্পর্ক বলা যায়? যদি ‘হ্যাঁ’ হয়, তাহলে এভাবে কি ডিভোর্স সম্ভব? সবকিছু গোপন করে তাকে বিয়ে দেওয়া হয়েছে, তা কি বৈধ?জুয়েলমোহাম্মদপুর, ঢাকা আপনার সঙ্গে মেয়েটির বিয়ে নির্দিষ্ট নিয়মে না হলেও তাকে বাতিল বিয়ে বলা যাবে না। আইনের ভাষায় এ ধরনের বিয়েকে ইরেগুলার বা অনিয়মিত বিয়ে বলে। ডিভোর্সের ক্ষেত্রে নোটিশ সিটি করপোরেশনে পাঠাতে হয়। এ ছাড়া সিটি করপোরেশন তিন মাসের মধ্যে সালিসের ব্যবস্থা করে থাকে। চিঠির তথ্য অনুযায়ী, আপনার সঙ্গে বিবাহিত সম্পর্ক থাকাকালে মেয়েটির দ্বিতীয় বিয়ে অবৈধ। আপনি এ ক্ষেত্রে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা করতে পারেন। আমরা এক ভাই, এক বোন। আমার বয়স ২৩, বোনের ১৪। বছর খানেক আগে আমার মা মারা যাওয়ার পর আমার বাবা দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের সময় বাবাকে আমি বলেছি, আমার ও আমার বোনের নামে তাঁর তিনতলা বাড়িটি লিখে দিতে। এতে তিনি অজুহাত দেন যে বাড়ি নিবন্ধন করতে অনেক টাকার প্রয়োজন। তিনি বলেন, একটি স্ট্যাম্পে সবকিছু লিখে আমার ও তাঁর স্বাক্ষর নিয়ে দুজন সাক্ষী রাখলে তিনি এ বাড়ি আর কারও নামে দিতে পারবেন না। এখন কি এ পদ্ধতিতে আমি ও আমার বোন আমাদের প্রাপ্য পাব? উল্লেখ্য, বাড়ির জায়গার কাগজপত্র সব আমার কাছে আছে, যা আমার বাবাই আমার কাছে রাখতে দিয়েছেন।মাসুদকুমিল্লা আপনার বাবার জীবদ্দশায় তাঁর সম্পত্তি তিনিই ভোগ করবেন। তবে জীবিত থাকাকালীন তিনি তাঁর সম্পত্তি যাকে ইচ্ছা লিখে দিতে পারেন। যেহেতু আপনার বাবা তাঁর সম্পত্তি হস্তান্তর করতে ইচ্ছুক নন, সেহেতু তাঁর মৃত্যুর পর আপনারা মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী আপনাদের প্রাপ্য অংশ পাবেন। এ ক্ষেত্রে আপনাদের সৎমা আপনার বাবার সম্পত্তির আট ভাগের এক ভাগ পাবেন। বাকি সম্পত্তির দুই ভাগ আপনি ও এক ভাগ আপনার বোন পাবেন। আমি মাস্টার্স শেষ করে মা-বাবার অনুরোধে চার বছর আগে আমার এক ফুফাতো বোনকে বিয়ে করি। আমার প্রতি তার আকর্ষণ প্রথম থেকেই ছিল না। ডিগ্রি পরীক্ষার্থী থাকায় তার বাবার বাড়িতেই বেশি সময় থাকত। এখন তার পরীক্ষা শেষ হয়েছে। তবু বাবার বাড়িতে থাকতেই বেশি পছন্দ করে। আমার সঙ্গে কথা বলে না। ফোনও ধরে না। এই অবস্থায় দাম্পত্য সম্পর্ক স্বাভাবিক করার জন্য আমি কী করতে পারি? মো. সবুজমিরপুর, ঢাকা। আপনি পারিবারিক আদালতে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা করতে পারেন। তবে মেয়েটি স্বেচ্ছায় বৈবাহিক সম্পর্ক রাখতে না চাইলে আইনের আশ্রয় নিয়ে তা বজায় রাখা কঠিন। মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে আপনি তাকে বৈবাহিক সম্পর্কে বাধ্য করতে পারেন না। আমি বাবা-মায়ের একমাত্র পুত্রসন্তান। আমার ছোট দুটি বোন আছে। ২০০৫ সালে আমি ধর্মান্তরিত হয়ে পরিবার থেকে আলাদা বসবাস করছি। পরিবারের কারও সঙ্গে যোগাযোগ নেই। কিছুদিন আগে আমার বাবা মারা গেছেন। শুনেছি, বাবার অবর্তমানে যে সম্পত্তি আছে, সেটা নাকি তাঁর ভাতিজারা পাবেন। এটা কতটুকু সত্যি?নাম প্রকাশে অনিচ্ছুকপাবনা।  ধর্মান্তরিত হওয়ার ফলে আপনি আপনার বাবার সম্পত্তি পাওয়ার অধিকার হারিয়েছেন। হিন্দু আইনে বাবার সম্পত্তি আপনার মায়ের জীবন স্বত্বে বর্তাবে। মায়ের মৃত্যুর পর উক্ত সম্পত্তি ভাতিজারা পাবেন। এক বছর আগে একটি ছেলের সঙ্গে টেলিফোনে আমার পরিচয় হয়। তারপর কথা বলার একপর্যায়ে তার সঙ্গে আমার ভালো বন্ধুত্ব হয়। এর মধ্যে দুবার আমাদের দেখা হয়েছিল। এ ছাড়া অন্য কিছু নয়। আমি তাকে প্রথমে বলেছিলাম আমাদের মধ্যে শুধু বন্ধুত্ব ছাড়া অন্য কোনো সম্পর্ক গড়া সম্ভব নয়। আমি এখনো পড়ালেখা করছি। সামনে আমার পরীক্ষা। সেও পড়ালেখা শেষ করে একটি চাকরি করে। সে গত দু-তিন মাস থেকে আমাকে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য প্রস্তাব দিচ্ছে। আমি এ সম্পর্কে রাজি হইনি বলে সে আমাকে গালমন্দ করছে ও হুমকি দিচ্ছে। আমার বাবা-মাকে ফোন করে আমার নামে আজেবাজে কথা বলছে। তারপর থেকে আমি তার সঙ্গে ফোনে কথা বলা বন্ধ করে দিয়েছি। সে এখন আমার বাবা-মাকে ফোন করে বলছে, আমার নাকি অন্য ছেলের সঙ্গে সম্পর্ক আছে। সে জন্য আমার বাবা-মা আমাকে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। কিন্তু আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না। এর মধ্যে সে আমাকে তাকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছে, যা আমার পক্ষে কখনো সম্ভব নয়। তার কথামতো যদি রাজি না থাকি তাহলে সে আমার ক্ষতি করবে বলে হুমকি দিচ্ছে। এখন আমি কীভাবে এর থেকে মুক্তি পাব? শান্তা সীতাকুণ্ড  আমাদের সমাজে মেয়েদের হয়রানি একটি নিত্যনৈমিত্তিক ব্যাপার। এসব ক্ষেত্রে নিজে সচেতন থাকা উচিত। তবে নিরাপত্তাহীনতার কারণে আপনি নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি করে রাখতে পারেন। যৌন হয়রানির বিরুদ্ধে নারীর সহিংসতা প্রতিরোধ আইন প্রচলিত আছে। তবে আইনটি এখনো কার্যকারিতা পায়নি। এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের সম্পর্ক গড়ার ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে।