পাঠকের উকিল
জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায় পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে ১৫ দিন পর পর তারই সমাধান পাওয়া যাবে।পাঠকের উকিল বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন।খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা, দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। এ ছাড়া [email protected] এই ঠিকানায় ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন। আমার বড় বোনের বিয়ের কয়েক বছর পর দুলাভাইয়ের সঙ্গে তাঁর নানা সমস্যা তৈরি হয়। শ্বশুরবাড়ির অত্যাচার সইতে না পেরে তিনি বাপের বাড়ি চলে আসেন। তখন সন্তানসম্ভবা। কয়েক দিন পর তাঁর একটি মেয়ে হয়। বোন খুবই অসুস্থ ছিলেন। ছয় দিন পর আমার বোন মারা যান। তাঁর শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে দেখতে বা তাঁর জানাজাতেও আসেনি। এখন দুলাভাই বলেন, এই সন্তান নাকি তাঁর না, এই সন্তান নাকি অবৈধ সন্তান, এই সন্তানের পরিচয় তাঁরা কোনো দিন দেবেন না। আমাদের সঙ্গে কোনো যোগাযোগ তাঁরা করেননি। বিভিন্ন লোকের কাছে বলে বেড়ান এসব কথা। আমাদের বদনাম করেন। আমার বোনের একটি ছেলে আছে ১৩ বছরের। মেয়েটির বয়স এখন ২০ মাস, এই ২০ মাসে তাঁদের কোনো লোকজন মেয়েটিকে দেখতেও আসেনি। তা হলে এই মেয়েটির বাবা কে? কোন পরিচয়ে সে বড় হবে।মো. আশরাফুল হক মুসলিম আইন অনুযায়ী কোনো নারী বিবাহিত থাকাকালে সন্তানের জন্মদান করলে ধরে নেওয়া হবে সেই সন্তানের বাবা তাঁর স্বামী। সুতরাং সেই সন্তানের বাবার পরিচয় হবে নারীর স্বামীর। এ ক্ষেত্রে সন্তানকে অবৈধ প্রমাণ করার দায়িত্ব তাঁর স্বামীর। মুসলিম আইন অনুযায়ী কন্যাসন্তান বাবার সম্পত্তির উত্তরাধিকারী এবং নির্দিষ্ট সময়ে মেয়েটি তার অধিকার দাবি করতে পারবে। আমার স্বামী মারা গেছেন ২০০৬ সালে। তখন তাঁর মা জীবিত ছিলেন। এখন আমার স্বামীর মা মৃত। আমার স্বামী কিছু সম্পত্তি কিনে নিজ নামে নিবন্ধন করেছিলেন। তাঁর নামেই নামজারি আছে। আমার স্বামীর মা মারা যাওয়ার পর তাঁর ভাইয়েরা তাঁর সম্পত্তির তিন ভাগের এক ভাগ দাবি করেছেন। আমার স্বামীর ওয়ারিশ হিসেবে আমি এবং আমার তিন ছেলে ও সাত মেয়ে রয়েছে। এখন এই সম্পত্তি কি শুধু আমরা পাব, না তাঁর ভাইয়েরাও আংশিক পাবেন।নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক আপনার স্বামীর মৃত্যুর পর তাঁর ওয়ারিশ আপনি ও আপনার ছেলেমেয়েরা। এখানে ভাইয়েরা কোনো অংশীদার হবেন না। আপনার স্বামীর প্রাপ্য সম্পত্তির আট ভাগের এক ভাগ আপনি পাবেন। বাকি সম্পত্তি ১৩ ভাগ করা হলে ছয় ভাগ পাবেন আপনার তিন ছেলে এবং বাকি সাত ভাগ পাবেন আপনার সাত মেয়ে। আমরা তিন ভাইবোন। একমাত্র ভাই এখন সরকারি চাকরিজীবী। সে এক সন্তানের জনক। বাইরে থাকে। ছুটিতে বাড়িতে আসে। এখন সমস্যা হলো, ওর আচরণ খুবই খারাপ। সে বাড়িতে কোনো খরচ দেয় না। কিন্তু বাবা-মায়ের সব সম্পত্তি তার মনে করে। আমাদের বোনদের পেছনে খরচ করা একদম মানতে পারে না। বাবা-মায়ের কোনো সিদ্ধান্ত সে স্বাভাবিকভাবে নেয় না। খুবই খারাপ আচরণ করে, গালি দেয়। তার সঙ্গে কোনো তর্ক করলে গায়ে হাত তোলার হুমকি দেয়। আমরা বোনেরা চুপ করে থাকি। সে এ পর্যন্ত তিনবার বাবা-মায়ের গায়ে হাত দিয়েছে। মেরে ফেলার হুমকি দেয়। আমরাও ভীষণ আতঙ্কে থাকি। তার ফোন এলে আমার বাবা খুবই ভয় পেয়ে যান। চার-পাঁচ মাস ধরে ওর সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। এখন বাবা-মা তাঁদের সমস্ত সম্পত্তির ওয়ারিশ তাঁদের মেয়েদের করে যেতে চান। হিন্দুধর্ম অনুযায়ী এটা কীভাবে সম্ভব, তার জন্য কোথায়, কীভাবে যোগাযোগ করতে হবে, খরচ কেমন হবে। উল্লেখ্য, বাবা-মায়ের অবর্তমানে যেন তাঁর সম্পত্তি মেয়েরা পায় এ রকম একটি উইল করতে চান। এই উইলটা গোপনীয়ভাবে করতে চান।নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক হিন্দু আইনে উইল বা ইচ্ছাপত্রের মাধ্যমে সম্পত্তি হস্তান্তর সম্ভব। এই আইন অনুসারে একজন ব্যক্তি জীবদ্দশায় তাঁর মৃত্যুর পর সম্পত্তির বিলিব্যবস্থা কীভাবে হবে, তা লিখিত দলিলমূলে প্রদান করতে পারেন। এ ক্ষেত্রে একজন দাতা দুজন শনাক্তকারীর সহি-স্বাক্ষরের মাধ্যমে নির্দিষ্ট উইলটি সম্পাদন করতে পারেন। আমার বয়স যখন তিন বছর, তখন আমার মা আমাকে একাকী রেখে মারা যান। তারপর আমার বাবা দ্বিতীয় বিয়ে করেন। সেই সংসারে পাঁচ মেয়ে ও তিন ছেলে রেখে আমার বাবা মারা যান। কিছুদিন পর আমার দ্বিতীয় মায়ের ছোট ছেলে মারা যায়। তা হলে ওই ছোট ভাইয়ের সম্পত্তির অংশ আমি পাব কি না? অথবা কে কে তার সম্পত্তির অংশীদার তা জানালে উপকৃত হব। আমার ছোট ভাই বিয়ে করেনি, তার কোনো সন্তান নেই।এ এস সরকারপাবনা দ্বিতীয় মায়ের ছোট ছেলের সম্পত্তির কোনো অংশ আপনি পাবেন না। আইন অনুযায়ী, আপন ভাইবোন সেই সম্পত্তির অংশীদার হবে। আপনি ও আপনার সৎভাইবোন আপনার বাবার সম্পত্তির অংশীদার হবেন। বিয়ের পর আমার স্বামী আমার সঙ্গে নানা অদ্ভুত আচরণ করত। আমাদের বিয়েতে দেনাপাওনা বা যৌতুকের কোনো উল্লেখ ছিল না। তার পরও বিয়ের পর দেনাপাওনা নিয়ে আমাকে নানা কথা শোনায়। আমি এই বিষয়টি আমার পরিবারের কাছে গোপন রাখি। এরপর হঠাৎ সে আমার বাপের বাড়ি যাওয়া বন্ধ করে দেয়। একসময় এটার মীমাংসা হয়ে যায় এবং উভয়ের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়। একদিন সে আমাকে বাপের বাড়ি বেড়াতে পাঠায় এবং হঠাৎই তার মধ্যে পরিবর্তন দেখা যায়। সে আমাকে অবিশ্বাস করে এবং আমার সঙ্গে ফোনে খারাপ আচরণ করে। সে আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় এবং কয়েক মাস পর সে আমাকে কোনো কিছু না জানিয়ে তালাক দিয়ে দেয়। এমনকি সে আমাকে আমার ন্যায্য পাওনা অর্থাৎ মোহরানা, গয়না ও জিনিসপত্র থেকে সম্পূর্ণ বঞ্চিত করে। এটি জানতে পেরে আমার বাবা তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা তাকে খুব অপমান করে এবং মীমাংসায় বসতে অস্বীকার করে। পরে তারা আমাকে সবকিছু ফেরত দিতে রাজি হয়, তবে আইনের মাধ্যমে। আমি এখনো কোনো আইনি ব্যবস্থা নিইনি। তা ছাড়া আমাদের মধ্যে সম্পর্ক ভাঙার মতো তেমন কিছুই হয়নি। সে আমাকে তালাক দিয়েছে রাগ ও জেদের বশে। এই পরিস্থিতিতে আমি এখন কী করতে পারি?নাম প্রকাশে অনিচ্ছুক আপনি আপনার মোহরানা, গয়না, জিনিসপত্র দাবি করে পারিবারিক আদালতে মামলা করতে পারেন। যে কারণেই হোক, আপনার তালাক কার্যকর হয়ে গেলে অর্থাৎ আইনসম্মতভাবে তালাক হলে আপনার তা মেনে নেওয়াই ভালো। তবে আপনার স্বামীর সম্মতিতে আপনাদের পুনরায় বিবাহে আইনগত কোনো বাধা নেই।