পাঠকের উকিল
জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায় পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে ১৫ দিন পর পর তারই সমাধান পাওয়া যাবে।পাঠকের উকিল বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন।খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা, দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।এ ছাড়া [email protected] এই ঠিকানায়। ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন। আমি দ্বাদশ শ্রেণীতে পড়ছি। বয়স ১৮ বছর। সহপাঠী এক মেয়েকে ভালোবাসি। সেও আমাকে ভালোবাসে। মাধ্যমিক পরীক্ষার পর থেকে শুরু হয় আমাদের সম্পর্ক। একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার পর জানতে পারলাম, মামাতো ভাইয়ের সঙ্গে পারিবারিকভাবে মেয়েটির বাগ্দান হবে। আমরা একজন অন্যজনকে খুব ভালোবাসি এবং একজন অন্যজনকে ছাড়া বাঁচব না। কিন্তু ওই মুহূর্তে পরিবারকে কিছু জানানো সম্ভব ছিল না। তখন আমরা কলেমা পড়ে কবুল বলে বিয়ে করি। আমাদের বিয়েতে কেউ সাক্ষী ছিল না। কিন্তু আমরা দুজন দুজনকে স্বামী-স্ত্রী হিসেবে মেনে নিয়েছি। তারপর আমাদের মধ্যে কয়েকবার শারীরিক সম্পর্ক হয়। সামনে আমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরিকল্পনামতো, দুজন ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পরিবারকে বিয়ের ব্যাপারে জানাব। কিন্তু আমাদের বিয়ে এবং শারীরিক সম্পর্ক বৈধ কি না—এ কথা ভেবে মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়েছে। আমাদের বিয়েটি কি বৈধ? আইনগত কোনো ভিত্তি আছে এই বিয়ের?অপরাজিতঠিকানা প্রকাশে অনিচ্ছুক সাক্ষী ছাড়া আপনাদের বিয়ে অনিয়মিত হলেও বাতিল বিয়ে নয়। সাবালক হিসেবে স্বেচ্ছায় আপনারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সে ক্ষেত্রে পরবর্তী সময় আপনারা নিবন্ধনের মাধ্যমে বিয়েটি নিয়মিতকরণ করতে পারেন। একটি মেয়েকে অনেক ভালোবাসি। সেও আমাকে ভালোবাসে। সমস্যা হচ্ছে, মেয়েটি বিবাহিত, তার দুটি কন্যাসন্তান আছে। মেয়েটির স্বামী প্রবাসী। তিন বছর হয় তার কোনো খোঁজখবর নেননি। আমাদের সম্পর্ক প্রায় তিন-চার বছরের। একসময় সবাই আমাদের সম্পর্কের কথা জেনে যায়। একপ্রকার পারিবারিক সালিসও বসে। তখন মেয়েটির স্বামী ফোনে বলেছেন, তাকে তালাক দেবেন। দুই মাস পর বিদেশ থেকে এসে যা করার, তা-ই করবেন, বলেছেন। আমি একটি চাকরি করি। অবিবাহিত। মেয়েটির পরিবার থেকে আমাকে একপ্রকার হুমকি দেওয়া হয়েছে। আমি মেয়েটিকে বিয়ে করতে চাই। কিন্তু সে আমাকে জানিয়েছে, ওর স্বামী না আসা পর্যন্ত কিছুই বলতে পারবে না। ভবিষ্যতে আমি যদি ওকে বিয়ে করি, তা হলে কোনো সমস্যায় পড়ব কি? মেয়েটি আমাকে বিয়ে করতে না চাইলে ওর পরিবার কি আমাকে কোনো আইনি ঝামেলায় ফেলতে পারবে?সাদেকযাত্রাবাড়ী, ঢাকা নির্দিষ্ট নিয়মে তালাক হওয়ার পর মেয়েটিকে আপনি বিয়ে করতে পারেন। বিবাহিত থাকাকালে মেয়েটির সঙ্গে আপনার সম্পর্ক বৈধ নয়। নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ অনুযায়ী, কোনো পুরুষ বিবাহবন্ধন ব্যতীত প্রতারণামূলকভাবে সম্মতি আদায়ের মাধ্যমে কোনো নারীর সঙ্গে সহাবস্থান করলে তা শাস্তিযোগ্য অপরাধ। ’৬২ সালের আগে আমার দাদার বাড়ি নদীতে ভেঙে নেয়। তারপর আমার দাদা জমিজমা রেখে অন্য জায়গায় গিয়ে বাস করেন। বাবা তখন ছোট ছিলেন। আমার দাদা মারা যাওয়ার পর বাবা জমি ভোগদখলের জন্য দেশে আসেন। এসে দেখেন, ’৬২ ও ২০০০ সালের রেকর্ড অন্যের নামে। কিন্তু ৪০ সালের রেকর্ড দাদার নামে। বাবার মেয়ে হিসেবে আমি বেঁচে আছি। এখন কী করলে আমি এই সম্পত্তি পাব।নাম প্রকাশে অনিচ্ছুক চিঠিতে সম্পত্তি কার দখলে, তার উল্লেখ নেই। সম্পত্তিতে আপনার দখল না থাকলে আপনি স্বত্ব ঘোষণা ও দখল পুনরুদ্ধারের মামলা করতে পারেন। এ ছাড়া রেকর্ড সংশোধনের জন্য আপনাকে সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করতে হবে। আমরা দুই ভাইবোন। প্রায় ১৫ বছর আগে আমাদের মা-বাবার তালাক হয়ে যায়। এখন আমি, মা, ভাই ও নানিকে নিয়ে আমাদের সংসার। নানা মারা যাওয়ার পর নানি আমাদের সঙ্গেই থাকেন। ৪ শতাংশ জমির ওপর আমাদের বাড়ি। আমার মা জমিটা নিজের টাকায় কিনে ২ শতাংশ নিজের নামে ও ২ শতাংশ তাঁর মায়ের (আমার নানি) নামে নিবন্ধন করে দেন। আমার ভাইয়ের বয়স ২০। সে দশম শ্রেণীতে পড়ার সময় অসৎ সঙ্গে জড়িয়ে পড়ে। এখন সে নেশা করে এবং আমাদের তিনজনকে প্রতিদিন মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে। সে আমার নানির ২ শতাংশ জমি দাবি করে। নানি এখন আমার মাকে ২ শতাংশ জমি দানপত্র করে দিতে চাইছেন। দানপত্র করা হয়ে গেলে পরে যদি আমার মা এই জমি বিক্রি করতে চান, তা হলে কি আমার ভাই এই জমি নিয়ে কোনো সমস্যা করতে পারবে? কীভাবে আইনি ব্যবস্থা নিয়ে তার কাছ থেকে মুক্তি পাওয়া যায়?নাম প্রকাশে অনিচ্ছুক আপনার নানি দানপত্রের মাধ্যমে আপনার মাকে তাঁর ২ শতাংশ জমি ফেরত দিলে সেই জমির প্রকৃত মালিক হবেন আপনার মা। আপনার মা জীবদ্দশায় তাঁর সম্পত্তি নিজস্ব প্রয়োজনে বিক্রি করতে পারেন। এ ক্ষেত্রে আপনার ভাই আইনিভাবে কোনো সমস্যার সৃষ্টি করতে পারবেন না। আমার স্বামী ব্যাংকের কর্মকর্তা ছিলেন। তিনি ২০০৮ সালে চাকরিরত অবস্থায় মারা যান। স্বামীর ওয়ারিশ হিসেবে তাঁর চার কন্যাসন্তান ও আমি আছি। স্বামীর মৃত্যুর সময় তাঁর বাবা (আমার শ্বশুর) জীবিত ছিলেন। এখন মৃত। আমার স্বামীর ছয় ভাই ও চার বোন। এক ভাই স্বামীর মৃত্যুর আগে মারা যান। সবারই সন্তান আছে। আমার স্বামী নিজে কিছু সম্পত্তি কিনেছিলেন। সেটা স্বামীর নামেই রেকর্ড হয়েছে। এখন স্বামীর ভাইয়ের ছেলেরা জমি দাবি করছে। আমার স্বামীর সম্পত্তিতে এখন আমি, আমার চার মেয়ে ও অন্যরা কে কত অংশ পাবে?আমার স্বামী ব্যাংক কর্মকর্তা হিসেবে ৭ শতাংশ জমি ও বাড়ি বন্ধক দিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। তাঁর মৃত্যুর পর আমার প্রাপ্য পারিবারিক মাসিক পেনশন থেকে ঋণ পরিশোধ হচ্ছে। এ অবস্থায় ঋণ পরিশোধ হওয়ার পর ওই জমি ও বাড়ির অংশে আমি এবং আমার চার মেয়ে ছাড়া অন্য কেউ ভাগ পাবে কি না।ফাতেমা খাতুনবাঘমারা, খুলনা আপনার স্বামীর মৃত্যুর পর আপনার স্বামীর স্থাবর সম্পত্তির আট ভাগের এক ভাগের অংশীদার হবেন আপনি। বাকি সম্পত্তির তিন ভাগের দুই ভাগ পাবে আপনার মেয়েরা। বাকি অংশ পাবেন আপনার স্বামীর ভাই, বোন ও তাঁদের সন্তানেরা। ঋণ শোধ হলে সেই সম্পত্তিও একই নিয়মে ভাগ হবে।