পাঠকের উকিল

গত বছরের ৫ জুলাই আমার তালাক কার্যকর হয়। আমার সাবেক স্বামী ও তাঁর পরিবারের প্রতারণামূলক আচরণের পরিপ্রেক্ষিতে আমি তাঁকে তালাক দিই। আমার কাবিননামায় স্পষ্ট উল্লেখ আছে যে দেনমোহর সাড়ে তিন লাখ টাকা উশুল হয়নি। কিন্তু এখন তাঁরা জোর দিচ্ছেন যে তাঁদের দেওয়া গহনা বাবদ প্রায় দুই লাখ আশি হাজার টাকা দেনমোহর হিসেবে উশুল দেখাতে এবং বাকি টাকা নিতে। এ কথা তাঁরা আমাকে বা আমার পরিবারের কোনো সদস্যকে আগে জানাননি। এখন আমি যদি তাঁদের এ দাবি না মেনে দেনমোহর দাবি করি তবে তা কতটুকু যুক্তিযুক্ত এবং এ টাকা আদায় করার জন্য কী করব।
নাম প্রকাশে অনিচ্ছুক
ঢাকা।
আপনি অথবা আপনার স্বামী যে-ই তালাক দিন না কেন দেনমোহর আপনার প্রাপ্য। কাবিননামায় যেহেতু দেনমোহরের কোনো অর্থ উশুল দেখানো হয়নি সেহেতু পুরো টাকাই আপনার প্রাপ্য। আপনার গহনা যা আপনি উপহার হিসেবে পেয়েছেন তা ফেরত দেওয়ার কোনো কারণ নেই। দেনমোহর দিতে অস্বীকৃতি জানালে আপনি পারিবারিক আদালতে মামলা করবেন। সে ক্ষেত্রে আপনি তিন মাসের ভরণপোষণ ও দেনমোহরের আবেদন করবেন। এ ধরনের মামলা সুষ্ঠুভাবে পরিচালিত হলে অল্প সময়ে শেষ হবে এবং প্রতিকার পাবেন।
আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। আমার সঙ্গে একজন বিবাহিত মেয়ের শারীরিক সম্পর্ক হয় এবং তার স্বামী তা জেনে ফেলে। এ ঘটনার জন্য তার স্বামী তাকে তালাক দেবেন বলেছেন। তার ছেলেমেয়ে রয়েছে। আমি এখন কী করব, ঠিক বুঝে উঠতে পারছি না। আর আমি জানতে চাই যে এখন ওই মেয়ে যদি কোনো মামলা করে (আমার নামে) তাহলে আদালত কার দিকে রায় দেবে।
আকাশ
মেয়েটির স্বামী মেয়েটিকে তালাক দিলে আপনার করণীয় কিছু নেই। কী ধরনের বিচার হবে তা নির্ভর করবে মামলার বিষয়বস্তুর ওপর। এখানে উল্লেখ্য, বিবাহিত মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন একটি দণ্ডনীয় অপরাধ।
আমার বয়স পঁয়তাল্লিশ বছর। বিয়ের বয়স ২৭ বছর। বিয়ের পর থেকেই স্বামীর নানা রকম অত্যাচার সহ্য করে আসছি। কখনো মুখ খুলিনি সংসার ভাঙার ভয়ে। গত বছর অক্টোবর মাসে সে আমাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আমি আমার বাবার সংসারে ফিরে আসি। এরপর এক বছরেরও বেশি সময় পার হয়ে গেছে আমার কোনো খোঁজখবর নেয়নি এবং ভরণপোষণ দেয়নি। ইতিমধ্যে শুনতে পাই সে নাকি আমাকে আদালতে তালাক দিয়েছে এবং টাকাপয়সা আদালতে জমা দিয়েছে। কিন্তু আমার হাতে কোনো কাগজপত্র আসেনি। সে অন্যত্র বিয়েও করেছে। এ মুহূর্তে আমি কী করব? আমার অজান্তে কি কোর্ট আমার টাকাপয়সা জমা রাখতে পারেন? কাবিননামা গায়েব করেছে সে। কাবিননামা ছাড়া কি আদালতে মামলা করতে পারব।
সেলিনা আক্তার, মানিকগঞ্জ।
মুসলিম আইনে তালাকের নির্দিষ্ট নিয়ম আছে এবং তালাক কার্যকর হতে ৯০ দিন সময় প্রয়োজন। স্ত্রীকে নোটিশ প্রদান না করে তালাক প্রদান সম্ভব নয়। এ ছাড়া প্রথম স্ত্রীর বিনা অনুমতিতে দ্বিতীয় বিবাহ দণ্ডনীয় অপরাধ। এ ক্ষেত্রে আপনার স্বামীর এক বছরের কারাদণ্ড হতে পারে।
আজ থেকে ছয় মাস আগে জোর করে আমার স্বামী আমাকে বিয়ে করে এবং সাদা স্ট্যাম্পে আমার সই নিয়ে এফিডেভিট করে যে আমি স্বেচ্ছায়, বিনা প্ররোচনায় তাকে বিয়ে করেছি, যা সম্পূর্ণ মিথ্যা। এতে আমার পরিবার আমাকে বর্জন করে। তাকে তো আমি স্বামী হিসেবে মানতে পারছি না। প্রথমত, আমি স্নাতক (সম্মান) ইংরেজির ছাত্রী ছিলাম আর সে বলতে গেলে নিরক্ষর। এ ছাড়া তার পরিবার, বাড়ির লোক, পরিবেশ, জীবনধারা, আদর্শ কিছুই আমার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমি চাচ্ছি তাকে তালাক দিয়ে নতুন করে জীবন সাজাতে। কিন্তু সে আমাকে শাসাচ্ছে যে আমি তালাক দিলে সে আত্মহত্যা করবে এবং তার বাড়ির লোকেরা আমার নামে মামলা দেবে। বিয়ের কোনো কাগজও আমার কাছে নেই। আমি কীভাবে তালাক দিতে পারি?
নাম-ঠিকানা প্রকাশে অনিচ্ছুক
বিবাহের প্রয়োজনীয় কাবিননামা যেহেতু আপনার কাছে নেই, সেহেতু আপনি বিবাহ বাতিলের/তালাকের জন্য আদালতে মামলা করতে পারেন। তালাকের পর আপনার স্বামীর কোনো ব্যাপারে আপনি দায়বদ্ধ থাকবেন না। তালাকের পর নতুন জীবন শুরু করতে আপনার আইনি কোনো বাধা নেই।
১৯৮২ সালে পঞ্চাশ হাজার টাকা দেনমোহরে আমার বিয়ে হয়। উশুল ছিল ১৫ হাজার টাকা ও ৪ ভরি সোনার গহনা। ১৯৮৪ সালে সেই গহনা বিক্রি করে আমার নামে জমি কেনা হয়। ২০০৮ সালে সেই জমি বিক্রি করা হয়। জমি বিক্রি করা টাকা আমাকে দেওয়া হয়নি। সেই টাকা ব্যাংক ও পোস্ট অফিসে রেখে মুনাফা অর্জন করা হচ্ছে। সেই মুনাফাও আমাকে দেওয়া হয় না। আমি যদি এখন আমার মোহরানা দাবি করি তাহলে কত টাকা পাব? মোহরানা আদায় না করে আমাদের বিবাহিত জীবন কি অবৈধ হচ্ছে? আমরা একসঙ্গে আছি এবং থাকব। তার পরও কি মোহরানা আদায় করা উচিত না।
নাম-ঠিকানা প্রকাশে অনিচ্ছুক
মোহরানা হচ্ছে স্বামীর কাছে স্ত্রীর একধরনের ঋণ এবং এই ঋণ চাহিবামাত্র পরিশোধযোগ্য। সুতরাং বিবাহিত থাকাকালীন সময়ও ওই দেনমোহর আপনার প্রাপ্য। তবে গয়না বিক্রি করে জমি কেনার বিষয়টি প্রমাণসাপেক্ষ।
জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায় পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে তারই সমাধান পাওয়া যাবে।এ বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন।
খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা, দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।
এ ছাড়া [email protected] এই ঠিকানায় ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন।