পাঠকের উকিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায় পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে ১৫ দিন পর পর তারই সমাধান পাওয়া যাবে।পাঠকের উকিল বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন।খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা, দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। এ ছাড়া [email protected] এই ঠিকানায় ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন। আমার চাচা প্রচুর সম্পত্তির মালিক। তাঁর কিছু সম্পত্তি স্ত্রীর নামে আছে। চাচাকে লেখাপড়ার খরচ দিয়েছেন আমার বাবা। আমার বাপ-চাচারা চার ভাই, দুই বোন। চাচার কোনো সন্তান নেই। চাচার মৃত্যুর পর আমাদের কি তার সম্পত্তিতে কোনো অধিকার আছে?বাশার, বরিশাল আপনার চাচা যদি জীবিত অবস্থায় তাঁর যাবতীয় সম্পত্তি তাঁর স্ত্রী অর্থাৎ আপনাদের চাচির বরাবর হস্তান্তর করে থাকেন সে ক্ষেত্রে আপনাদের ওই সম্পত্তিতে কোনো অধিকার নেই। এ ধরনের কোনো হস্তান্তর না হলে চাচার মৃত্যুর পর চাচি স্ত্রী হিসেবে আপনার চাচার সম্পত্তির চার ভাগের এক ভাগ পাবেন। বাকি সম্পত্তি আপনার বাপ-চাচারা অর্থাৎ ভাইবোনেরা পাবেন। আমি ভিন্ন ধর্মের একটি মেয়েকে ভালোবাসি। মেয়েটিও আমাকে খুব ভালোবাসে। মেয়েটি ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে আমাকে বিয়ে করতে চায়। আমার আসল বয়স ১৯ বছর। কিন্তু জন্মনিবন্ধনে এবং সার্টিফিকেটে বয়স ১৭ বছর। মেয়েটির আসল ও জন্মনিবন্ধনে বয়স ১৬ বছর। আগামী দুই বছর পর আমরা বিয়ে করতে পারব কি? বিয়ের পর মেয়ের পরিবারের পক্ষ থেকে আমাদের কোনো জটিলতায় ফেলতে পারবে কি?মিরাজ, রাজশাহী সার্টিফিকেট অনুযায়ী আপনার ২১ এবং মেয়েটির ১৮ বছর হওয়ার পর আপনারা দুজন বিবাহ করতে পারবেন। তবে বিবাহের আগে মেয়েটাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। সাবালক হওয়ার পর দুজনের সম্মতিতে বিবাহের ফলে আইনি কোনো জটিলতার অবকাশ নেই। ইসলাম ধর্ম গ্রহণ করলে মেয়েটির সঙ্গে বিবাহে কোনো বাধা নেই। আমার বিয়ে হয়েছে প্রায় আট বছর। আমার একটি ছয় বছরের ছেলে আছে। কিন্তু বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছে না। আজ থেকে প্রায় সাত মাস আগে একটি ছেলের সঙ্গে আমার সম্পর্ক হয়। একপর্যায়ে আমি তার সঙ্গে পালিয়ে গিয়ে আমার আগের স্বামীকে তালাক দিয়ে তাকে বিয়ে করি। কিন্তু আমার আগের স্বামী এখনো পর্যন্ত জানে না যে তাকে আমি তালাক দিয়েছি। এখন নিজে থেকেই আমাকে তালাক দিতে চায়। আমি আমার বিয়ের ১০-১২ দিনের মধ্যেই আমার বাবার বাসায় ফিরে আসি। অন্যদিকে আমি যাকে বিয়ে করেছি তার সঙ্গেও আমার সম্পর্ক ভালো যাচ্ছে না। আমি জানতে চাচ্ছি যে আগের স্বামীকে তালাক দিয়ে যে বিয়ে করেছি সেটা বৈধ কি না?নাম প্রকাশে অনিচ্ছুক আপনার স্বামী যেহেতু তালাক সম্বন্ধে অবগত নন সেহেতু তালাকটি কার্যকর হয়নি। আপনার দ্বিতীয় বিয়েটি বৈধ বিয়ে নয়। আপনাকে আইন মোতাবেক তালাক প্রদান করতে হবে। উল্লেখ্য যে তালাক কার্যকর হতে তিন মাস সময় প্রয়োজন। আমাদের দাম্পত্য জীবন ১৬ বছরের। আমার দুটি কন্যাসন্তান আছে। বড় মেয়ে পড়ে পঞ্চম শ্রেণীতে, আর ছোট মেয়ে পড়ে তৃতীয় শ্রেণীতে। আমার সাবেক স্বামী সরকারি চাকরিজীবী। পাঁচ মাস আগে আমাদের খোলা তালাক হয়ে যায়। তালাকের পর থেকে মেয়ে দুটি আমার কাছে থাকে। আমি বর্তমানে বেকার। আমার বাবা সংসার চালাচ্ছে এবং সাবেক স্বামী ১৫ হাজার টাকা দিচ্ছে প্রতি মাসে দুই কন্যার খরচ বাবদ।এখন আমার পরিবারের ইচ্ছায় আমি চাইছি অন্য কোথাও বিয়ে করতে। আমার প্রশ্ন হচ্ছে, আমি বিয়ে করলে বাচ্চা দুটি কি আমি আমার কাছে রাখতে পারব? তাদের বাবা তাদের নিয়ে যেতে প্রস্তুত। কিন্তু সে নেশাগ্রস্ত মানুষ। তাই একজন নেশাগ্রস্ত মানুষের কাছে আমার সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করতে চাই না।সাদিয়া আক্তারঠিকানা প্রকাশে অনিচ্ছুক  দ্বিতীয় বিবাহের ফলে আপনার সন্তানদের হেফাজতকারী হিসেবে আপনি আপনার অধিকার হারাবেন। মুসলিম আইন অনুযায়ী মেয়েসন্তানেরা যৌবনপ্রাপ্ত না হওয়া পর্যন্ত সাধারণত মায়ের হেফাজতে থাকতে পারে। তবে আপনার স্বামী যেহেতু নেশাগ্রস্ত আপনি সন্তানের কল্যাণের উদ্দেশ্যে তাদের অভিভাবকত্ব দাবি করে আদালতে প্রার্থনা করতে পারেন। আমরা চার বোন। কোনো ভাই নেই। আমার বাবা মৃত্যুর আগে তাঁর জমি আমার মায়ের নামে দানপত্র দলিল করেছেন। আমার মা পরে তাঁর স্বত্ব দখলকারিণী থাকাকালে আমাদের চার বোনকে রেখে মারা যান। বাবা মৃত্যুর আগে আমাদের চার বোনকে বিবাহ দিয়েছেন এবং বোনদের প্রত্যেকের পুত্রসন্তান আছে। তিন বোনের একটি করে পুত্রসন্তান আছে, আরেক বোনের দুটি পুত্র আছে। এই বোনের সন্তানেরা বলে, ‘আমরা দুই ভাই জমির দুই ভাগ পাব। নাতিরা সম্পত্তির মালিক, তোমরা জমির মালিক নও।’ এই বলে তারা আমাদের বিভিন্ন হুমকি দেয়। এই জমি নিয়ে আমরা বিভিন্ন সমস্যায় আছি। আমার প্রশ্ন হলো, মায়ের রেখে যাওয়া জমির মালিক আমরা চার বোন, নাকি আমাদের চার বোনের পুত্রসন্তানেরা।গীতা রানী দেবনাথ, ময়মনসিংহ হিন্দুধর্ম অনুযায়ী যারা পিণ্ড দেওয়ার অধিকারী তারাই মৃত ব্যক্তির উত্তরাধিকারী বলে বিবেচিত হয়। সুতরাং আপনাদের পুত্রসন্তানেরা ওই সম্পত্তির প্রকৃত মালিক। তবে আপনারা জীবনস্বত্বে ওই সম্পত্তি ভোগ করতে পারবেন। আমার স্ত্রীর দুই বোন ও দুই ভাই আছে। তাদের মধ্যে এক বোন তার দুই মেয়ে রেখে মারা গেছেন। আমার শ্বশুর-শাশুড়ি জীবিত এবং তাদের সম্পত্তি ভাগ-বাঁটোয়ারা হয়নি। এমতাবস্থায় আমার শ্বশুর আমার স্ত্রীর নামে কিছু জমি লিখে দিতে চাচ্ছেন। এ ক্ষেত্রে কী কী ধরনের রেজিস্ট্রি করা যায়? কী ধরনের রেজিস্ট্রি করলে ভালো হবে? খরচই বা কত পড়বে?নাম প্রকাশে অনিচ্ছুক আপনার শ্বশুর জীবিতকালে যে কাউকে তাঁর সম্পত্তি হস্তান্তর করতে পারেন। বর্তমানে যেকোনো ধরনের হস্তান্তরের ক্ষেত্রে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। সুতরাং আপনার শ্বশুর নিয়মিত আইন অনুযায়ী তাঁর সম্পত্তির অংশ রেজিস্ট্রেশনের মাধ্যমে হস্তান্তর করতে পারেন। জমির পরিমাণ অনুযায়ী খরচ নির্ধারিত হবে। তবে ২০১২-এর সংশোধিত আইন অনুযায়ী এ ধরনের দলিলের জন্য ৩০০ টাকার স্ট্যাম্প পেপার প্রয়োজন। আমি একজন সরকারি চাকরিজীবী। তিন বছর আগে ভালোবেসে একটি মেয়েকে বিয়ে করি। আমার একটি ছেলেসন্তান আছে, তার বয়স ১৮ মাস। সন্তান হওয়ার পর জানতে পারি আমার স্ত্রীর সঙ্গে অন্য একজনের সম্পর্ক আছে। মাঝেমধ্যে আমার স্ত্রী তার বাবার বাড়িতে গিয়ে সেই লোকের সঙ্গে শারীরিক সম্পর্ক করে। বিষয়টি আমি নিজের চোখে দেখি এবং আমার শাশুড়িকে জানাই। আমার শাশুড়ি মানসম্মানের ভয় দেখিয়ে বিষয়টি আমাকে গোপন রাখতে বলেন এবং গোপন রাখার শর্তে আমার শ্বশুরের নামে ক্রয় করা তিন শতাংশ জমি আমার নামে লিখে দেন সাফকবলা দলিল হিসেবে। দলিলে উল্লেখ আছে আমি শ্বশুরের কাছ থেকে ৫০ হাজার টাকা মূল্যে জমিটি কিনেছি। কিন্তু এখন শ্বশুরবাড়ির লোকেরা আমাকে বাধ্য করছেন মেয়েকে তালাক দেওয়ার জন্য। তাঁদের উদ্দেশ্য হলো দেনমোহর আদায় করা। এখন আমি যদি তাকে তালাক দিই তাহলে আমাকে কী কী ব্যবস্থা নিতে হবে? তালাকের পর সেই জমি তারা দাবি করতে পারবে কি না? সেই সঙ্গে সন্তানটির কী হবে? ফরহাদ হোসেন, আড়াপাড়া, সাভার, ঢাকা আপনি অথবা আপনার স্ত্রী যে-ই তালাক প্রদান করুক না কেন দেনমোহরের অর্থ আপনার স্ত্রীর প্রাপ্য। সুতরাং কাবিনের পাওনা আপনার স্ত্রীকে দিতে হবে। জমিটি যেহেতু সাফকবলা দলিলে আপনাকে হস্তান্তর করা হয়েছে সেহেতু ওই সম্পত্তিতে আপনার শ্বশুরবাড়ির কোনো দাবি নেই। ছেলেসন্তানটি সাত বছর বয়স পর্যন্ত তার মায়ের কাছে থাকতে পারে। পরবর্তী সময়ে আপনি তার অভিভাবকত্ব দাবি করতে পারেন।