পাঠকের প্রশ্ন: ডায়েট

>ডায়েট, ব্যায়াম ও ওজন কমানো–বাড়ানো নিয়ে পাঠকদের নির্বাচিত প্রশ্নের উত্তর দিয়েছেন বারডেম হাসপাতালের প্রধান পুষ্টিবিদ ও বিভাগীয় প্রধান শামছুন্নাহার নাহিদ।
আমি প্রচুর আম খেতে ভালোবাসি। প্রতিদিন একাধিক আম খাই। এখন আবার কাঁঠালও খাচ্ছি। আমার ওজন বাড়ার জন্য কি এগুলো কোনোভাবে দায়ী হতে পারে? আমি দুবেলা রুটি খাই, শুধু দুপুরে ভাত খাই। কিন্তু ওজন কমছে না।
বাহারউদ্দিন
শ্যামলী, ঢাকা।
উত্তর: আম, কাঁঠাল খুব রসাল, মজার ফল। অবশ্যই খাবেন, তবে এই দুটো ফলের যেমন উপকার আছে, তেমনি কিছু সমস্যাও আছে।
১. আমে ভিটামিন-এ, সি, বি-৬, আয়রন, ফলিক অ্যাসিড, প্রচুর আঁশ রয়েছে। তবে এটি কম ক্যালরিসমৃদ্ধ। আম শরীরের জন্য বেশ উপকারী। এটি হজমে সহায়তা করে। আমে পেকটিন আছে যা রক্তের খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। চোখের শুষ্কতা কমিয়ে দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। আম খেলে রাতে ভালো ঘুম হয় অর্থাৎ ইনসমনিয়া (অনিদ্রা) প্রতিরোধে করে।
আম বেশি খেলে আমের প্রাকৃতিক মিষ্টি/চিনি হঠাৎ করে রক্তের গ্লুকোজ বাড়িয়ে দেয়, তাই ডায়াবেটিক ব্যক্তিরা খালি পেটে এবং পরিমাণে বেশি আম খাবেন না। অন্যদিকে আমে সরবিটল থাকায় যদি কেউ একবারে বেশি খান, তাহলে তাঁর ল্যাকজেটিভ অর্থাৎ বারবার পায়খানা হওয়ায় ঝুঁকি তৈরি হতে পারে। এ জন্য একজন মানুষ দিনে সর্বোচ্চ ৩০০-৩৫০ গ্রাম পর্যন্ত আম খেলে ভালো।
কাঁঠাল একটা খুব ভালো অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ খাবার, যাতে ভিটামিন এ, সি, ক্যারোটিনয়েড, ফ্লাভোনয়েড, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, কপারজাতীয় পুষ্টি উপাদান থাকে। তাই আমাদের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে, বয়সের ছাপ কমাতে ও প্রতিরোধে কাঁঠাল কাজ করে।
তবে কাঁঠাল উচ্চ ক্যালরিসমৃদ্ধ ফল। এর প্রায় ৯০ শতাংশই শর্করা, তাই আমের মতো একসঙ্গে বেশি পরিমাণে খাবেন না। খাওয়ার পরপরই পানি খাবেন না, তাতে হজমে সমস্যা হতে পারে। তবে আম বা কাঁঠাল দিনের অন্য শর্করা জাতীয় খাবারের (ভাত, রুটি প্রভৃতি) পরিবর্তে বিশেষ করে নাশতা হিসেবে খেতে পারেন, তাহলে অতিরিক্ত ক্যালরির ঝুঁকি, ওজন বাড়বে না।
এখন কোন কোন ফল খেলে উপকার পাওয়া যাবে? বয়সের সঙ্গে কি কমবেশি খাওয়ার কোনো বিষয় আছে?
তুহিন আরা
মহাখালী ডিওএইচএস, ঢাকা।
উত্তর: ফল সব সময় মৌসুম অনুযায়ী খাওয়া ভালো। তাতে একদিকে যেমন সহজলভ্য, অন্যদিকে আবহাওয়া অনুযায়ী পুষ্টির চাহিদা পূরণ করে। ফলের সবচেয়ে বড় গুণ হলো, এতে চর্বি ও লবণ থাকে না। অর্থাৎ ফল হৃদ্রোগ, উচ্চ রক্তচাপ, স্ট্রোক এবং কিছু ক্যানসারের প্রতিকার ও প্রতিরোধে ভালো কাজ করে। ফলের শর্করার ওপর নির্ভর করে দুই ভাগে ভাগ করা হয়—বেশি ক্যালরিসমৃদ্ধ ফল (যেগুলো খেতে মিষ্টি স্বাদের) এবং কম ক্যালরির ফল (বাকি সব)।
বিভিন্ন ফলের পুষ্টিগুণ ভিন্ন, তবে সাধারণত ফলে ভিটামিন, আঁশ, পটাশিয়াম, ফলিক অ্যাসিড ও অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, যা শরীরের অনেক উপকার করে। যেমন ভিটামিন-এ: চোখের জন্য দরকারি।
ভিটামিন-সি: ক্ষত সারাতে, দাঁত ও মাড়ির সুস্থতায়, রক্তাল্পতা প্রতিকারে।
ফলিক অ্যাসিড: রক্তের হিমোগ্লোবিন বাড়াতে, গর্ভধারণে, গর্ভস্থ শিশু ও মায়ের ক্ষতির ঝুঁকি প্রতিরোধে।
পটাশিয়াম: রক্তচাপ নিয়ন্ত্রণে।
আঁশ: কোষ্ঠকাঠিন্য কমাতে, ক্ষুধাতৃপ্তি ও ওজন কমাতে সহায়তা করে।
এ ছাড়া ত্বকের লাবণ্য বাড়াতে ফলের ভিটামিন-বি, সি ও ফসফরাস এবং ওজন বাড়াতে বেশি ক্যালরিযুক্ত ফল অত্যন্ত কার্যকর।
তবে বয়স ও শারীরিক অবস্থা অনুযায়ী ফলের পরিমাণ নির্ভর করে, যেমন একজন সুস্থ, প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রতিদিন গড়ে ২ থেকে ৫টা ফল খেতে পারেন, তার বেশি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
পাঠকের প্রশ্ন পাঠানো যাবে ই–মেইলে, ডাকে এবং প্র অধুনার ফেসবুক পেজের ইনবক্সে।
ই–মেইল ঠিকানা: [email protected] (সাবজেক্ট হিসেবে লিখুন ‘পাঠকের প্রশ্ন’)
ডাক ঠিকানা: প্র অধুনা, প্রথম আলো, প্রগতি ইনস্যুরেন্স ভবন, ২০–২১ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। (খামের ওপর লিখুন ‘পাঠকের প্রশ্ন’) ফেসবুক পেজ: fb.com/Adhuna.PA