পাঠকের প্রশ্ন: ডায়েট
>

ডায়েট, ব্যায়াম ও ওজন কমানো–বাড়ানো নিয়ে পাঠকদের নির্বাচিত প্রশ্নের উত্তর দিয়েছেন বারডেম হাসপাতালের প্রধান পুষ্টিবিদ ও বিভাগীয় প্রধান শামছুন্নাহার নাহিদ।
প্রশ্ন: আমি প্রচুর আম খেতে ভালোবাসি। প্রতিদিন একাধিক আম খাই। এখন আবার কাঁঠালও খাচ্ছি। আমার ওজন বাড়ার জন্য কি এগুলো কোনোভাবে দায়ী হতে পারে? আমি দুবেলা রুটি খাই, শুধু দুপুরে ভাত খাই। কিন্তু ওজন কমছে না।
বাহারউদ্দিন, শ্যামলী, ঢাকা।
উত্তর: আম ও কাঁঠাল অত্যন্ত রসালো ফল, অবশ্যই খাবেন। তবে এই দুটো ফলের যেমন উপকার আছে, তেমনি অপকারও আছে। উপকার—আমে ভিটামিন এ, সি, বি-৬,আয়রন, ফলিক অ্যাসিড, প্রচুর আঁশ, কম ক্যালরি থাকে। আম শরীরের জন্য বেশ উপকারী। হজমে সহায়তা করে। আমে পেকটিন আছে, যা রক্তের খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে, চোখের শুষ্কতা কমিয়ে দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। আম খেলে রাতে ভালো ঘুম হয়, অনিদ্রা (ইনসমনিয়া) প্রতিরোধে করে।
পাশাপাশি আম বেশি খেলে আমের প্রাকৃতিক চিনি হঠাৎ করে রক্তের গ্লুকোজ বাড়িয়ে দেয়, তাই ডায়াবেটিস আছে এমন ব্যক্তিরা খালি পেটে আম খাবেন না। অন্যদিকে আমে সরবিটল থাকায় যদি কেউ একবারে বেশি খায়, তাহলে তার ল্যাকজেটিভ অর্থাৎ বারবার পায়খানা হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। এ জন্য দিনে সর্বোচ্চ ৩০০ থেকে ৩৫০ গ্রামের মধ্যে আম খেলে ভালো।
কাঁঠাল একটা খুব ভালো অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ ফল। এতে ভিটামিন এ, সি, ক্যারোটিনয়েড, ফ্লাভোনয়েড, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, কপারজাতীয় পুষ্টি উপাদান থাকে, ফলে এটি আমাদের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে, বয়সের ছাপ কমাতে ও প্রতিরোধে কাজ করে। তবে কাঁঠালে উচ্চ ক্যালরি। প্রায় ৯০ শতাংশই শর্করা। তাই আমের মতো একসঙ্গে বেশি পরিমাণে খাবেন না এবং খাওয়ার পরপরই পানি পান করবেন না। এতে হজমে সমস্যা হতে পারে।
ওজন স্বাভাবিক রাখার জন্য দিনের মোট ক্যালরি ঠিক রেখে ভাত, রুটি, আম-কাঁঠাল অর্থাৎ শর্করাজাতীয় খাবার খেতে হবে, বাড়তি পরিমাণ না।
প্রশ্ন: আমি ক্লাস নাইনে পড়ি। আমার মুখে প্রচুর ব্রণ উঠেছে। আমি কি কোনো ওষুধ খাব, নাকি খাবারের কারণে এমনটা হচ্ছে, সেটা জানতে চাই। অনেকে বলছে এটা সহজে সারবে না।
তাবাসসুম, বাগেরহাট।
উত্তর: তুমি ক্লাস নাইনে পড়ো অর্থাৎ টিনএজার। এই বয়সে শরীরে হরমোনের পরিবর্তন হয়, তখন ত্বকের ছিদ্র বা সিবাসিয়াস গ্রন্থিগুলো এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণে মৃত কোষ ও তেলের সঙ্গে আটকে গিয়ে লাল, পুঁজযুক্ত ক্ষত হয়ে ফুলে যায়, যাকে ব্রণ বলে।
বিভিন্ন কারণের পাশাপাশি কিছু অস্বাস্থ্যকর খাবারও ব্রণ হওয়ার জন্য ঝুঁকি তৈরি করে। যেমন রিফাইন সুগার, ড্রিংকস, অস্বাস্থ্যকর ফাস্টফুড, চকলেট, দুধজাতীয় খাবার (কারও কারও ক্ষেত্রে), ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার (যেমন পাশ্চাত্য ঘরানার খাবার) এবং নিজস্ব সেনসিটিভ ফুড, যেগুলো ব্রণের ইনফ্লামেশনও বাড়ায়।
ব্রণ হলে যেসব খাবার খেতে হবে—১. ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার (মাছ, বাদাম ইত্যাদি)
২. প্রোবায়োটিক যেমন টক দই, যা ব্রণের ইনফ্লামেশন ও নতুন ব্রণ প্রতিরোধ করে।
৩. গ্রিন টি ও হলুদ: এসবে পলিফেনল থাকে। সিবাসিয়াস গ্রন্থি এবং ওই ব্যাকটেরিয়া তৈরি প্রতিহত করে। ৪. ভিটামিন এ, ডি এবং জিংক, যা রোগ প্রতিরোধক্ষমতা তৈরি করে ব্রণ হওয়া রোধ করে।
৫. চর্বি ছাড়া মাংস (লিন মিট), ফল, সবজি, বাদাম—যেগুলো ব্রণ হওয়া রোধ করে। এ ছাড়া আঁশযুক্ত খাবার, পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে, রাতে পর্যাপ্ত ঘুমাতে হবে। আর যদি ব্রণ থেকে সংক্রমণ হয়ে যায়, তবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
পাঠকের প্রশ্ন পাঠানো যাবে ই–মেইলে, ডাকে এবং প্র অধুনার ফেসবুক পেজের ইনবক্সে। ই–মেইল ঠিকানা: [email protected] (সাবজেক্ট হিসেবে লিখুন ‘পাঠকের প্রশ্ন’)
ডাক ঠিকানা: প্র অধুনা, প্রথম আলো, প্রগতি ইনস্যুরেন্স ভবন, ২০–২১ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। (খামের ওপর লিখুন ‘পাঠকের প্রশ্ন’) ফেসবুক পেজ: fb.com/Adhuna.PA