পাঠকের প্রশ্ন: মন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
মেহতাব খানম
মেহতাব খানম
পাঠকের কাছ থেকে সন্তান পালন, মনোজগৎ ও ব্যক্তিজীবনের সমস্যা নিয়ে পাঠকের প্রশ্ন বিভাগে নানা রকমের প্রশ্ন এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম নির্বাচিত একটি প্রশ্নের উত্তর দিয়েছেন এবার।

প্রশ্ন: আমার বয়স ২৪ বছর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। ছোটবেলা থেকে গালিগালাজ বা অশ্রাব্য শব্দের প্রতি আমার প্রচণ্ড রকমের ঘৃণা। আমি নিম্নমধ্যবিত্ত পরিবারের মেয়ে। প্রতিনিয়ত আমাকে এ ধরনের শব্দের সম্মুখীন হতে হয়। অপ্রিয় হলেও সত্য, বাড়িতে আমার মা–বাবাও এ ধরনের গালিগালাজ করেন। বিশ্ববিদ্যালয়ে বন্ধুমহলে আজকাল সাধারণ কথাবার্তায়ও যেনতেন শব্দ খুব অবলীলায় ব্যবহার করে। এমন পরিস্থিতিতে মানসিকভাবে আমার প্রচণ্ড কষ্ট হয়। কিন্তু আমি খুব সহজে এসব কারও সঙ্গে শেয়ার করতে পারি না।

প্রায় ১১ বছর ধরে আমি একটি সম্পর্কে জড়িয়ে আছি। সে আমাকে ভালোবাসে, কিন্তু ছোটখাটো ঝগড়া, মনোমালিন্য হলে সে–ও খুব সহজেই আমাকে গালি দেয়। আমি তাকে বারবার বিষয়টা বুঝিয়ে বলেছি। সে বারবার কথা দিয়েও তা ভঙ্গ করে। আমি এসব আর সহ্য করতে পারছি না, কিন্তু এই সম্পর্ক থেকে বেরিয়েও আসতে পারছি না।

আমি অনেক বই পড়ি, টিভি দেখতে ভালোবাসি, লেখালেখির চর্চা করি আর গুছিয়ে কথা বলতে পারি। এ ছাড়া কয়েকটি স্বেচ্ছাসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত। আমার ভালোবাসার মানুষটি এগুলো পছন্দ করে না। এগুলো নিয়েই মাঝেমধ্যে আমার সঙ্গে রাগারাগি করে, এমনকি অকথ্য ভাষাও ব্যবহার করে। কিন্তু আমি নিজে সব সময় নিজের কাছে সৎ আছি এবং থাকব বলে প্রতিজ্ঞাবদ্ধ। অথচ ও আমাকে কেন অবিশ্বাস করে, সেটাই বুঝি না। বন্ধুদের সঙ্গে ভ্রমণেও যাই না শুধু ওর অপছন্দ বলে। ওর দেওয়া মানসিক কষ্টে আমি বারবার বিপর্যস্ত হয়েছি। কিন্তু সব সময় ও ক্ষমা চাইলেই ক্ষমা করে স্বাভাবিক আচরণ করি। খুব ছোটবেলায় আমি টিনএজ এক ছেলের দ্বারা হয়রানির শিকার হয়েছিলাম। আমি ওই ছেলেটার নাম জানতাম এবং আজও ভুলিনি। এরপর থেকে আজ পর্যন্ত ওই নামের যেকোনো মানুষকে আমার ঘৃণা হয়।

আমি জানি, সমাজে বেঁচে থাকতে হলে আমাকে এই পরিস্থিতিগুলোর মুখোমুখি হতে হবে। কিন্তু আমার পক্ষে এই যন্ত্রণার সঙ্গে আপস করে মানিয়ে নেওয়া আদৌ সম্ভব?

নাম প্রকাশে অনিচ্ছুক

উত্তর: তুমি যে একজন সুস্থ মূল্যবোধ ও সুরুচিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠেছ, তা স্পষ্ট। এ কারণেই গালিগালাজ ও অরুচিকর শব্দগুলো শোনা তোমার পক্ষে কঠিন হচ্ছে। সবচেয়ে হতাশ লাগছে যখন নিজের পরিবারে তোমাকে এ ধরনের ভাষার চর্চা প্রত্যক্ষ করতে হচ্ছে। এ ছাড়া বন্ধুমহলেও এই ভাষা যখন অসংকোচে ব্যবহৃত হয়, তখন রাগ ও বিরক্তির মাত্রা আরও বেড়ে যাচ্ছে।

মানুষের মন নিয়ে যাঁরা বহু বছর ধরে গবেষণা করেছেন, তাঁদের সুপারিশ হচ্ছে, আমরা কেউ বাইরের পরিবেশ বা অন্য মানুষের আচরণ নিয়ন্ত্রণ করতে পারি না। এর কারণ হচ্ছে, প্রত্যেকের ব্যক্তিত্বের ধরনটি শৈশবেই অনেকটা তৈরি হয়ে যায়। তার ভেতরে নিজের সম্পর্কে, অন্যের সম্পর্কে ও জীবন সম্পর্কে একধরনের ধারণা অবচেতনভাবেই গড়ে ওঠে। আমরা নিজেরাই একমাত্র সচেতন প্রচেষ্টার মাধ্যমে অভ্যন্তরের চিন্তাগুলোকে পরিবর্তন করে নেতিবাচক তীব্র আবেগগুলোকে মোকাবিলা করার শক্তি তৈরি করতে সক্ষম।

কাজেই অন্যদের ভাষার ব্যবহার তোমাকে যখন আহত করছে, তখন তুমি নিজেকে বলতে পারো, ‘ওরা ওদের বিশ্বাস ও মূল্যবোধের কারণে নিজেদের মতো চিন্তা করে এবং সেই অনুযায়ী আচরণ করছে। তবে আমার পক্ষে আরও বেশি মানসিক শক্তি অর্জন করা সম্ভব, যা দিয়ে আমি আমার রাগ, কষ্ট ও হতাশার তীব্রতাকে কমিয়ে রাখতে পারব।’ ক্রমাগত এই কথাগুলো নিজেকে বলতে পারলে আবেগের মাত্রা কমিয়ে আনা কিছুটা হলেও সম্ভব। যেহেতু তোমার আশপাশের মানুষদের সঙ্গে কথাগুলো শেয়ার করতে পারছ না, সেহেতু মনের এই কথাগুলো প্রতিদিন একটি ডায়েরিতে লিখে রাখতে পারো। তবে সেই লেখাগুলো যাতে কেউ দেখতে না পায়, সেটি অবশ্যই নিশ্চিত করবে।

তোমার ভালোবাসার সম্পর্কটিতে যে চ্যালেঞ্জগুলো আছে, সেই বিষয়ে এখন আলোকপাত করছি। তুমি যেহেতু বই পড়ো, লেখালেখি করো, সেবামূলক মনোভাব নিয়ে বড় হয়েছ, তোমার পক্ষে এই ভালোবাসার মানুষের বিপরীতমুখী চিন্তাধারার সঙ্গে মানিয়ে চলা প্রায় কঠিন হয়ে পড়ছে। সম্পর্কটি যেহেতু অনেক দিনের, তোমাদের পারস্পরিক নির্ভরশীলতার মাত্রাটিও বেশি বলে মনে হচ্ছে। হয়তো ছেলেটির ব্যক্তিত্বের বেশ কিছু দিক তোমাকে আকর্ষণও করে। তবে যেকোনো সম্পর্কে বিশ্বাসের স্তম্ভটি অনেক বেশি গুরুত্ব বহন করে। ছেলেটি তোমার সততার ওপর আস্থা রাখতে পারছে না বলে তুমি যদি সুস্থ চর্চা ও বিনোদনের পথগুলো বন্ধ করে দাও, তাহলে নিজের সত্তাটি হারিয়ে যেতে থাকবে এবং তাতে একসময় বিষণ্নতার শিকার হওয়ার আশঙ্কা তৈরি হবে। বিষয়টি ভালো করে ভেবে দেখবে, কেমন? তোমার কথা থেকে জানলাম, এই ভালোবাসার মানুষটি অকথ্য ভাষা ব্যবহার করলে তুমি বারবার তাকে বুঝিয়ে বলছ, কিন্তু সে সাময়িকভাবে প্রতিজ্ঞা করলেও পরে সেটি রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। সে আবার সেটির পুনরাবৃত্তি ঘটাচ্ছে ও ক্ষমাও চাচ্ছে। এই যে দুজনের তরফ থেকে একই আচরণ চক্রাকারে ঘটে যাচ্ছে, এটি ভাঙা খুব প্রয়োজন।

তুমি সর্বোচ্চ চেষ্টা করো নিজের আবেগটিকে কিছুটা সংবরণ করে ওকে বারবার সংশোধন করা থেকে বিরত রাখার। কারণ, গবেষণায় দেখা গেছে, কথা না রাখতে পারলে আমাদের মধ্যে যে অপরাধবোধ তৈরি হয়, সেটি পরবর্তীকালে নেতিবাচক আচরণটি থেকে বের হতে বাধা সৃষ্টি করে। নিজের প্রতি শ্রদ্ধা অটুট রেখে তুমি ভাবতে চেষ্টা করো, তোমাকে যেসব বিশেষণে ভূষিত করা হচ্ছে, সেগুলো আদৌ তোমার ক্ষেত্রে প্রযোজ্য কি না। এতে তুমি অন্তত অনুভূতি ও আচরণকে পরিবর্তন করতে পারবে। আর শৈশবে তোমার জীবনে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, তা সত্যিই খুব দুঃখজনক। তুমি নিজের ভেতরের আবেগপ্রবণ সত্তাটিকে আরও যত্ন নিতে, ভালোবাসতে এবং অনেক বেশি শ্রদ্ধা করতে চেষ্টা করো। যে মানুষটি এ ধরনের কাজ করছে তোমার সঙ্গে, তার জন্য তোমার মনে এতটা জায়গা দেওয়ার কোনো প্রয়োজন নেই।