
বয়ঃসিন্ধকালে ছেলেমেয়েদের মনোজগতে ঘটে নানা পরিবর্তন৷ মনস্তাত্ত্বিক বিভিন্ন সমস্যাও দেখা যায়৷ ‘অধুনা’য় ছাপা হয়েছিল অল্প বয়সীদের মনস্তত্ত্ব নিয়ে বিশেষজ্ঞ লেখা ও কয়েকটি মত৷ এ বিষয়ে আজ থাকছে আরও কিছু পাঠকের মতামত৷ সেসবের কয়েকটি এখানে প্রকাশ করা হলো৷
বাবাকে বন্ধুর মতো হতে হবে
অষ্টম শ্রেণিতে পড়ি তখন। বয়ঃসন্ধিকাল সম্পর্কে তখনো তেমন কিছু জানা ছিল না। হঠাৎ একদিন আয়নার সামনে চুল আঁচড়াতে গিয়ে লক্ষ করলাম যে আমার মুখে অনেক কালো কালো লোম উঠেছে। বেশ ভড়কে গিয়েছিলাম। খানিক পরে মনে হলো, আরে এ তো দাড়ি। কিন্তু এত অল্প বয়সে দাড়ি! আমি ভয় পেয়ে গেলাম। বাইরে যাওয়া বন্ধ করে দিলাম। কারণ, এ অবস্থায় বাইরে যেতে আমার মধ্যে একধরনের লজ্জাবোধ কাজ করছিল। একদিন বাবা আমার মন খারাপের কথা জানতে চাইলেন। শুরুতে বলতে লজ্জা পেলেও পরে বাবাকে সব খুলে বলি। বাবা বললেন, বয়ঃসন্ধিকালে এটি খুব স্বাভাবিক ঘটনা। এটি নিয়ে বিব্রত হওয়া ও ভয় পাওয়ার কিছু নেই। আরও অনেক কথা বুঝিয়ে বলেছেন। তখন ভয় কেটে গেছে। আমার মনে হয়, সব বাবা যদি আমার বাবার মতো সন্তানের বন্ধু হয়। তাহলে আর কোনো সমস্যা থাকবে না।
বিজয় চক্রবর্তী
দশম শ্রেণি
বরদিয়া কাজী সুলতান আহম্মেদ উচ্চবিদ্যালয়, চাঁদপুর।
এই বয়সে বুঝেশুনে বন্ধু বাছাই করতে হবে
অল্প বয়সের ছেলেমেয়েরা তাদের হঠাৎ পরিবর্তনটাকে খুব সহজভাবে নিতে পারে না। তারা মনে করে আমি এখন অনেক বড় হয়ে গেছি। যার জন্য তারা ভুল সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করে না। তখন তাদের মনে অভিমান, রাগ, হিংসা এই বিষয়গুলো প্রভাব ফেলে। বুঝে উঠতে পারে না কোনটি ঠিক আর কোনটি ভুল।
এ অবস্থায় মা-বাবা ও বড় ভাইবোনদের এগিয়ে আসা উচিত। তাদের মনে অনেক প্রশ্ন থাকে। প্রশ্ন শুনে রাগ না দেখিয়ে ভালো করে বুঝিয়ে বলতে হবে। সেসব প্রশ্নের যথাযথ উত্তর দেওয়া প্রয়োজন। তা না হলে ভুল ধারণা তৈরি হবে মনে।
অল্পবয়সীদের বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে সচেতন থাকতে হবে। খারাপ বন্ধুর সঙ্গদোষে অনেক সময় কমবয়সী ছেলেমেয়েরা বিপথে যায়। মাদকাসক্ত হয়ে পড়ে। অভিভাবকেরা তো বটেই, ছেলেমেয়েদেরও সচেতন হতে হবে।
মো. আবদুল গফুর
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়৷
এ সময় অভিভাবকসুলভ আচরণ করা ঠিক নয়
কৈশোরে ছেলেমেয়েরা তাদের জানা-বোঝার জগতে নানা পরিবর্তন দেখতে পায়। দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সঙ্গে সে অনুভব করে নানা ধরনের মানসিক দ্বন্দ্ব। এই অবস্থার কথা সে যেমন মা-বাবাকে বলতে পারে না, আবার একই সঙ্গে নিজের কাছেও তার অবস্থান সম্পর্কে অস্পষ্ট থাকে। এসব ক্ষেত্রে মা-বাবার ভূমিকা ও আচরণটি হওয়া উচিত বন্ধুসুলভ। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই অভিভাবকসুলভ আচরণটিই পাওয়া যায়। মা-বাবা মনে করেন সন্তানের ভালোর জন্য তাকে দেখেশুনে রাখা উচিত। উল্টোদিকে সন্তান মনে করে মা-বাবা তার স্বাধীনতায় ব্যাঘাত ঘটাচ্ছে। এর ফলে দেখা যায়, অভিভাবক ও সন্তান একে অন্যের সঙ্গে বিরূপ আচরণ করছে। আমি মনে করি, এ অবস্থায় মা-বাবার উচিত সন্তানকে বুঝতে চেষ্টা করা। সন্তানের প্রশ্নে বিরক্ত না হয়ে তাকে সময় দেওয়া। সন্তানের ভালোর জন্য মা-বাবার উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। কিন্তু এর জন্য সন্তানের ওপর বিভিন্ন বিধি-নিষেধ আরোপ না করে সন্তানের ভালো-মন্দ বিচারের জ্ঞান ব্যবহারিক শিক্ষার মাধ্যমে তৈরি করতে হবে।
সন্দীপ হালদার
শিক্ষার্থী, নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়৷
আমার কথা না মানলে মন খারাপ লাগে
আমি নিজে একজন কিশোর৷ ফলে এই বয়সের দুঃখকষ্ট, সমস্যা প্রবলভাবে বুঝতে পারি৷ যেকোনো সিদ্ধান্ত নিতে আমি আবেগকেই বেশি প্রাধান্য দিই৷ পাশাপাশি সব সময় স্বাধীন এবং মুক্তভাবে চলতে পছন্দ করি৷ নিজের মতামতকেই সঠিক হিসেবে বিবেচনা করি। আমি বুঝি মা-বাবা হয়তো আমার ভালোর জন্যই পরামর্শ দিচ্ছেন৷ কিন্তু কেন জানি, সেসব শুনতে ভালো লাগে না৷ তাঁদের সঙ্গে মতের অমিল হয়৷ আমার কথা না মানলে মন খারাপ লাগে৷ তবে, আমার মনে হয় মা-বাবা যদি সন্তানদের সঙ্গে অভিভাবক না হয়ে বরং বন্ধুর মতো হন, তাহলে সমস্যা কমে যাবে৷ রাগারাগি না করে ভালোভাবে বুঝিয়ে বললে সন্তানেরা শুনবে তাঁদের কথা৷ কোনো কথা নিয়ে তাদেরও জেদ করা উচিত নয়৷ তাহলে যে কেউ বিষয়টি বুঝতে পারবে এবং সেটা নিয়ে কোনো বিবাদের সৃষ্টি হবে না। এভাবেই সন্তানের সঙ্গে মা-বাবার সম্পর্ক আরও গভীর হবে।
প্রীতম চক্রবর্তী
আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম।