পাঠকের মুখোমুখি আনোয়ারা সৈয়দ হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বইমেলার উদ্বোধনী দিন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক পাঠকের মুখোমুখি হন। তাঁর কাছে উৎসাহী পাঠকের প্রশ্ন ছিল—‘আপনার লেখায় সৈয়দ শামসুল হকের প্রভাব আছে কি?’ লেখিকার সহাস্য উত্তর—‘২৪-২৫ বছর বয়সে যখন সঙ্গে সৈয়দ শামসুল হকের দেখা হয় তখন আমার ব্যক্তিত্ব পরিপূর্ণ বিকশিত এবং তখন আমি এক স্বকীয় সত্তা। ১৩-১৪ বছর বয়স থেকেই আমি লিখি এবং তখন থেকেই আমার লেখা কচিকাঁচার আসরে পাঠ করা হতো। বিশ্ববিদ্যালয়ের শিশুতোষ রচনাকারীর মধ্যে আমার নাম বলা হতো। সৈয়দ শামসুল হক আমার স্বামী বটে। আমরা ঘর-সংসার করি, ঝগড়া করি কিন্তু লেখার ভুবনে একক এবং অনন্য আমরা দুজন। আমাদের দুজনের লেখার মধ্যে আকাশপাতাল তফাত।’ একসময় যার নাম ছিল আনোয়ারা বিবি চৌধুরী। তিনিই এখন আনোয়ারা সৈয়দ হক। বইমেলার মহাসচিব নেছার আহমেদের তাই পাল্টা প্রশ্ন—‘‘নামের শেষে ‘সৈয়দ হক’ ব্যবহার করছেন, এটি কি আপনার স্বকীয়তা ব্যাহত করে না?’’ ‘যাঁরা আমার এই জোরালো কণ্ঠ শোনেন, এই একটি প্রশ্ন দিয়েই তাঁরা আমাকে ঘায়েল করতে চান।’ সহাস্যে বললেন লেখিকা। ‘বিয়ের পর যখন বোকার মতো আমার স্বামীকে জিজ্ঞেস করি আমার লেখা লোকজন তেমন পড়ে না কেন? তখন তিনি বললেন, তোমার নামটি বড়ই প্রগৈতিহাসিক, তুমি এখন থেকে লিখবে আনোয়ারা সৈয়দ হক। এখন তাঁর এই কথার পেছনে যে কী ষড়যন্ত্র লুকিয়ে ছিল তা বুঝতে পেরে আমি ছুটে বেরিয়ে এসেছি।’‘লেখাই মূল্যবান পরিচয়—একজন লেখক ডাক্তার হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, শিক্ষক হতে পারেন, কিন্তু তিনি যখন লেখেন তিনি কেবল লেখকই।’ নিজের পরিচয় প্রকাশের স্বাচ্ছন্দ্য বোঝাতে এভাবেই উত্তর দিলেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, যিনি পেশায় একজন মনোচিকিৎসকও। এবার পাঠকের প্রশ্ন—ডিজিটাল বাংলাদেশে লেখকের ভূমিকা কী হতে পারে?‘বিপণন আর প্রচারের সময় ব্যয় ছাড়িয়ে তাড়াতাড়ি পাঠকদের কাছে ডিজিটাল পদ্ধতিতে লেখা পৌঁছে দেওয়াই হতে পারে ডিজিটাল বাংলাদেশে লেখক-প্রকাশকদের ভূমিকা।’ মন্তব্য আনোয়ারা সৈয়দ হকের। রসিক ও উৎসাহী পাঠকের নানা প্রশ্ন সৈয়দ শামসুল হকের সঙ্গে বিয়ে নিয়ে। উত্তরে বললেন, ‘বিয়ের প্রসঙ্গে এলে চিন্তায় পড়ে যাই প্রফেসরের সঙ্গে রাগ করে বিশ্ববিদ্যালয় ছেড়ে দেওয়া একজন আইএ পাস যুবকের সঙ্গে বাবা বিয়ে দেবেন কি না? আমি তাঁর বুদ্ধিমত্তার পরীক্ষা নিলাম। কঠিন কঠিন শব্দের বানান জানতে চাই। তিনি সব নির্ভুল উত্তর দেন এবং আমি বুঝতে পারি তাঁর পেটে বিদ্যে আছে।’ ‘আমার স্ত্রীও যদি আপনার মতো ভাবতেন’—সঞ্চালক কামরুল হাসানের দুষ্টুমির ছলে আক্ষেপ। হাসান জাহাঙ্গীর জানতে চান, তাঁর লেখায় চট্টগ্রামের প্রসঙ্গ এসেছে কি না। কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক বলেন, চট্টগ্রামের ঐতিহ্য এবং ইতিহাস তাঁর বিভিন্ন উপন্যাস ও গল্পে উঠে এসেছে। চট্টগ্রামের যে জালালাবাদ পাহাড়ে বিপ্লবীরা লুকিয়ে ছিলেন তা দেখার ইচ্ছার কথা জানান। লেখিকা আক্ষেপ করে বলেন, বিদেশে এমন সম্পদ থাকলে তা তাঁরা সংরক্ষণ করতেন।