
বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় কথাসাহিত্যিক জিয়া হায়দার রহমান নগরের জামালখানে অবস্থিত বাতিঘর গ্রন্থবিপিণকেন্দ্রে মুখোমুখি হন চট্টগ্রামের পাঠকের। ২৫ নভেম্বর বিকেল পাঁচটায় নিজের লেখালেখি সম্পর্কে পাঠকের নানা প্রশ্নের উত্তর দেন তিনি।
গত জুন মাসে প্রকাশিত তাঁর প্রথম উপন্যাস ইন দ্য লাইট অব হোয়াট উই নো ইতিমধ্যেই একবিংশ শতাব্দীর প্রথম ক্ল্যাসিক হিসেবে খ্যাতি পেয়েছে। তাই লেখক সম্পর্কে আগ্রহেরও কমতি ছিল না পাঠকদের। উপন্যাস সম্পর্কে তিনি বলেন, ‘বইটি লিখেছি প্রায় সাড়ে চার বছর ধরে। উপন্যাসটি শেষ করার পর আমি একধরনের শূন্যতা ও বিষণ্নতা অনুভব করি। প্রকাশকের চাহিদা অনুযায়ী লেখার কথা কখনো ভাবিনি।’
জিয়া আরও বলেন, ‘আমি সব সময় কৌতূহলী কিন্তু উচ্চাভিলাষী নই। কারণ, আমি মনে করি, উচ্চাভিলাষ অনেক সময় মানুষকে দিয়ে অন্যায়ও করিয়ে নেয়।’
জিয়া হায়দারের উপন্যাসের সঙ্গে মিল রেখে বাতিঘরের আয়োজনের নামকরণ করা হয়, ‘ইন দ্য লাইট অব হোয়াট রিডার্স থিংস: অ্যান এনকাউন্টার উইথ জিয়া হায়দার রহমান’। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক মাসুদ মাহমুদ।
কেন লিখেন বা লেখালেখিতে উদ্বুদ্ধ হলেন, এই প্রশ্নের জবাবে জিয়া বলেন, ‘এই আমি যে কেন লিখি তা আমার নিজের কাছেই রহস্য। লেখালেখির চর্চা করছি প্রায় পঁচিশ বছর ধরে। কিন্তু প্রকাশের কথা সেভাবে ভাবিনি।’
বাংলাদেশ সম্পর্কে স্মৃতিচারণা করতে গিয়ে তিনি বলেন, ‘১৯৭১ সালে দেশ ছেড়ে চলে যাওয়ার পর ২০০১ সালে চাকরি নিয়ে আবার ফিরে আসি। বাংলাদেশে অল্প সময়ের চাকরির অভিজ্ঞতা আমার জন্য অত্যন্ত সুখকর ছিল।’ বইটি ইতিমধ্যেই বাংলায় অনুবাদের কাজও শুরু হয়েছে বলে তিনি জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, অধ্যাপক গোলাম মুস্তাফা, ইফতেখার আহমদ খান, শুক্লা ইফতেখার, আলম খোরশেদ, বিশ্বজিৎ চৌধুরী, শান্তনু বিশ্বাস, ওমর কায়সার, নাসিমা আকতার, রইসুল হক বাহার, খালেদ হামিদী, আকতার হোসাইন, কামরুজ্জামান জাহাঙ্গীর, বাদল সৈয়দ ও ভাগ্যধন বড়ুয়া।
উল্লেখ্য, নিউইয়র্ক টাইমস, দ্য নিউইয়র্কারসহ বিশ্বের সব প্রথমসারির পত্রিকা ইন দ্য লাইট অব হোয়াট উই নো উপন্যাসের আলোচনা ছেপেছে। জর্জ অরওয়েল ও ভি এস নাইপলের উত্তরসূরি হিসেবেও বিবেচনা করছেন তাঁকে অনেকেই। তিনি কেমব্রিজ, অক্সফোর্ড, ইয়েল ও মিউনিখ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।