পাঠকের সঙ্গে অধুনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঠকদের পরামর্শ দেন মোহিত কামাল, আখতারুন নাহার ও শুভাগত চৌধুরী
পাঠকদের পরামর্শ দেন মোহিত কামাল, আখতারুন নাহার ও শুভাগত চৌধুরী

হেমন্তের হিম হিম সকালে শুরু পাঠক উৎসবের আসর। প্রথম আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে ১৩ নভেম্বর পাঠক মেলার আয়োজন করা হয় বাংলা একাডেমি প্রাঙ্গণে। মাথায় লাল-সাদার টোপর পরে সাজানো ছিল একেকটি ক্রোড়পত্রের স্টল। অধুনার স্টলেও ছিল তেমনি ঢঙের সাজ। সকাল ১০টা থেকেই সরাসরি পাঠকের নানা পরামর্শ দিতে অধুনার স্টলে আসেন পুষ্টিবিদ,
ডায়েটেশিয়ান ও মনোরোগ চিকিৎসক। প্রথমেই এলেন অধ্যাপক শুভাগত চৌধুরী, পুষ্টিবিদ আখতারুন্নাহার নাহার আলো, শামসুন্নাহার নাহিদ ও মনোরোগ চিকিৎসক মোহিত কামাল।
পাঠক এত দিন যাঁদের লেখা পড়েই নিজেদের সমস্যার সমাধান খুঁজতেন, আজ সামনে পেয়ে নিজেদের সমস্যার কথা যেমন খুলে বলতে পারছেন, তেমনি উত্তর, পরামর্শ, এমনকি কিছু ওষুধের নাম-ঠিকানাও পেয়েছেন তাঁদের কাছ থেকে। স্টলে ছিল আবার ওজন মাপার যন্ত্রও। শুধু স্টলেই নয়, পাঠকদের পরামর্শ দিয়েছেন সব মিশালি মঞ্চেও।

সব মিশালি মঞ্চে আহমেদ হেলাল, মেখলা সরকার, সুলতানা আলগিন ও শামছুন্নাহার নাহিদ
সব মিশালি মঞ্চে আহমেদ হেলাল, মেখলা সরকার, সুলতানা আলগিন ও শামছুন্নাহার নাহিদ

সব মিশালি মঞ্চে মিরপুর থেকে আসা তানভীর আহমেদ জানতে চাইলেন, ‘ফল পুষ্টিকর খাবার। কিন্তু পত্রপত্রিকায় দেখছি, ফলে যে পরিমাণ ফরমালিন মেশাচ্ছে, তাতে কি ফল খাওয়াই ছেড়ে দেব? পুষ্টি পাব কোত্থেকে?’ উত্তরে পুষ্টিবিদ আখতারুন্নাহার নাহার আলো তাঁকে আশ্বস্ত করলেন, ‘খাওয়ার আগে ফল ২-৩ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। তারপর খোসা ছাড়িয়ে খান, কোনো সমস্যা হবে না।’
আবার এমন একজন পাঠকও এলেন, যাঁর ওজন বাড়েও না কমেও না! কুমিল্লা থেকে আসা মো. ইউনুস জানতে বললেন, ‘আমার ওজন বাড়েও না কমেও না। এক জায়গায় স্থির!’ জবাবে শামছুন্নাহার নাহিদ বলেন, ‘ওজন এক জায়গায় দাঁড়িয়ে থাকা কিন্তু চমৎকার একটা বিষয়। আপনার উচ্চতা অনুযায়ী যদি এই ওজনটা ঠিক হয়, তাহলে তো ভালোই। দুশ্চিন্তার কারণ নেই।’
শুধু পরামর্শ নিতেই নয়, যাঁদের লেখা পড়ে, পরামর্শ মেনে সুস্থ আছেন পাঠক, তাঁদের ধন্যবাদ দিতেও অনেকে এসেছেন পাঠক উৎসবের অধুনার স্টলে। দুপুরের বিরতির পর স্টলে এলেন মনোরোগ চিকিৎসক সুলতানা আলগিন, আহমেদ হেলাল ও মেখলা সরকার।
সব সময় মন ভালো রাখার তিনটি টিপসও দেন তিন মনোরোগ চিকিৎসক। সুলতানা আলগিনের ঝটপট উত্তর, ‘মন ভালো রাখতে হলে প্রথমে নিজেকে বলতে হবে, “আমি ভালো আছি”। এটা তিন-তিনবার বললেই হবে। মেখলা সরকার যোগ করলেন, ‘জীবনে ঘটে যাওয়া নেতিবাচক ঘটনা ভুলে আমাদেরকে ইতিবাচক দিকে তাকাতে হবে।’ আহমেদ হেলাল বলেন, ‘মন ভালো রাখতে তিনটি কাজ করতে পারেন। এক, শিশুদের ভালোবাসুন। মন ভালো রাখার খুব জরুরি বিষয় হচ্ছে শিশুদের ভালোবাসা, হোক সে আপনার নিজের সন্তান অথবা আপনার আশপাশের যেকোনো শিশু। দুই, সবার জীবনেই সফলতা আসে, ব্যর্থতা আসে। সফলতার মতো ব্যর্থতাও যদি জীবনের অংশ হিসেবে মেনে নিতে পারি, তাহলে আমাদের মন অনেকটাই ভালো থাকতে বাধ্য। তিন, আমরা প্রত্যেকেই ব্যস্ত। এই ব্যস্ততার মধ্যে দিনে ২৪ ঘণ্টায় অন্তত ২৪ মিনিট নিজের জন্য রাখুন। নিজেকে নিয়ে ভাবুন, গত দিন কী করলেন, আজ কী করছেন আর আগামী দিনই বা কী করবেন।’