পাঠক্রমে আদিবাসীদের নিয়ে অতিরিক্ত বিষয় সংযোজিত হচ্ছে না আগামী বছরও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন পার্বত্য জেলাসহ দেশে বসবাসরত আদিবাসীদের জীবনধারা সম্পর্কে অষ্টম ও নবম শ্রেণির পাঠক্রমে অতিরিক্ত একটি বিষয় সংযোজন আগামী বছরেও হচ্ছে না। ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী ভাষা ও সংস্কৃতি’ নামে অতিরিক্ত বিষয়ের ওপর প্রণীত খসড়া পাঠ্যবইয়ে মৌলিক কিছু ত্রুটি থাকায় ২০১৬ সালের আগে সংযোজন সম্ভব হচ্ছে না বলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তারা জানান।
একইভাবে আগামী বছর থেকে বহুভাষিক শিক্ষাক্রম পদ্ধতিতে (এমএলই) প্রাক-প্রাথমিক পর্যায়ে আদিবাসী শিশুদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালু করা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানান।
এনসিটিবির গবেষণা শাখার কর্মকর্তারা বলেন, চলতি শিক্ষাবর্ষ (২০১৪) থেকে ষষ্ট ও সপ্তম শ্রেণিতে আদিবাসীদের জীবনধারা ও সংস্কৃতি নিয়ে অতিরিক্ত বিষয় সংযোজন করা হয়েছে। আগামী বছর থেকে অষ্টম ও নবম শ্রেণিতে সংযোজন করার জন্য এনসিটিবি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। কিন্তু যে লেখকদের পাঠ্যপুস্তক প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁরা কাজটি শেষ করলেও তাঁদের কাজে কিছু মৌলিক ত্রুটি রয়েছে। এ জন্য এনসিটিবির বোর্ড সভায় তা অনুমোদন করা যায়নি।
শিক্ষার্থীদের কাছে আদিবাসীদের জীবন ও কৃষ্টি-সংস্কৃতি তুলে ধরার জন্য অতিরিক্ত বিষয়টি পাঠক্রমে সংযোজন করা হচ্ছে বলে এনসিটিবি ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানান।
এনসিটিবির প্রধান সম্পাদক প্রীতিশ কুমার সরকার বলেন, অতিরিক্ত বিষয়ে খসড়া পাঠ্যপুস্তকে পাওয়া ত্রুটিগুলো কোনো সরকারের পক্ষে গ্রহণযোগ্য হবে না। এ জন্য সেগুলো অনুমোদন করা সম্ভব হয়নি। সময়ের সীমাবদ্ধতার কারণে আগামী বছরের জন্য নতুন খসড়া পাঠ্যপুস্তক প্রণয়ন করাও সম্ভব হচ্ছে না। তাই ২০১৬ সালের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কাজ করা হচ্ছে।
এদিকে এমএলই পদ্ধতিতে আগামী শিক্ষাবছরে আদিবাসী শিশুদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালু করার ব্যাপারে এনসিটিবির গবেষকরা জানান, এখনো প্রাক-প্রাথমিক পর্যায়ের পাঠ্যপুস্তক প্রণয়নের কাজ শেষ হয়নি। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আদিবাসী শিশুদের প্রাক-প্রাথমিক থেকে ধাপে ধাপে তৃতীয় শ্রেণি পর্যন্ত মাতৃভাষার মাধ্যমে জাতীয় ভাষায় দক্ষতা অর্জন করানো হবে।
এনসিটিবির এমএলই গবেষক মুর্শিদ আক্তার বলেন, কাজটি সহজ নয়, অত্যন্ত জটিল। পরীক্ষামূলকভাবে চালু করারও কোনো সুযোগ নেই। কারণ শিক্ষা নিয়ে কোনো শিশু শিক্ষার্থীকে পরীক্ষামূলক কাজে ব্যবহার করা নৈতিকভাবে গ্রহনযোগ্য নয়। আবার কোথাও কোনো পর্যায়ে ভুল হলে শিশু শিক্ষার মতো ভালো উদ্যোগ নিয়ে অভিভাবকদের মধ্যে বিরূপ ধারণা সৃষ্টি হবে। এতে পুরো উদ্যোগ ভেস্তে যাবে।
তবে এনসিটিবির প্রাথমিক শিক্ষা কারিকুলামের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক আব্দুল মান্নান বলেন, এমএলই কার্যক্রম বাস্তবায়নে বাজেট প্রাপ্তিতে কিছুটা বিলম্ব হওয়ায় পাঠ্যপুস্তক প্রণয়নের কাজও বিলম্বিত হচ্ছে। তবে জানুয়ারি থেকে বিদ্যালয়ে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়ার প্রস্ত্ততি নিয়ে তাঁরা কাজ করছেন।