পাঠাগারের খোঁজ
ঢাকার কয়েকটি পাঠাগারের খোঁজখবর।সুফিয়া কামাল লাইব্রেরিরাজধানীর শাহবাগে অবস্থিত গণগ্রন্থাগার অধিদপ্তরই হচ্ছে এটি। পাবলিক লাইব্রেরি হিসেবে এটি বেশি পরিচিত। এখানে পৌনে দুই লাখের বেশি বই রয়েছে। গল্প, কবিতা, উপন্যাসসহ প্রায় সব ধরনের বই এখানে পাওয়া যায়। শিশুদের জন্য রয়েছে আলাদা পাঠকক্ষ। চারটি কম্পিউটারের মাধ্যমে আছে ইন্টারনেট-সুবিধা। টয়লেট, বিশুদ্ধ পানি, ক্যানটিন, মসজিদ ও অডিটোরিয়াম আছে এখানে। যেসব বই এখানে নেই, সে সম্পর্কে তথ্য ও রেফারেন্স এখান থেকে পাওয়া যাবে। ১৯৫৮ সাল থেকে অনেকগুলো এবং বর্তমানের সব কটি পত্রিকা ও জার্নাল এখান থেকে পাওয়া যাবে। ফটোকপির সুবিধাও আছে এখানে।এ লাইব্রেরি সবার জন্য উন্মুক্ত। যে কেউ খোলা থাকা অবস্থায় এখানে এসে পড়তে পারবেন। তবে বই নেওয়া যায় না। খোলা থাকে শনি থেকে বৃহস্পাতিবার পর্যন্ত সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত। শুক্রবার ও সরকারি ছুটির দিনে বন্ধ থাকে।বাংলাদেশ ন্যাশনাল লাইব্রেরিরাজধানীর শেরেবাংলা নগরে পাসপোর্ট অফিস ও বেতার ভবনের মাঝখানে গড়ে তোলা হয়েছে বাংলাদেশ জাতীয় গ্রন্থাগার। এখানে রয়েছে শত বছরের অধিক পুরোনো এমনকি পাঠোদ্ধার সম্ভব হয়নি, এ রকম বই। পাণ্ডুলিপি থেকে শুরু করে আজকের দিনের সদ্য প্রকাশিত বইগুলো পাওয়া যাবে। এখানে রয়েছে তিন সহস্রাধিক মানচিত্র। ১৯৬১-২০০৪ সাল পর্যন্ত দৈনিক, সাপ্তাহিক ও আঞ্চলিকসহ অনেক সংবাদপত্র এবং ২০০৪ পরবর্তী সব সংবাদপত্র নিয়মিত সংরক্ষণ করা হয়েছে। দেশি প্রকাশনা ছাড়াও বিভিন্ন বিষয়ের ওপর প্রতিনিধিত্বমূলক বিদেশি প্রকাশনার সংগ্রহ আমাদের দেশে জাতীয় গ্রন্থাগারেই বৃহত্তম। এখানে রয়েছে আট হাজার বর্গফুটের তিনটি পাঠকক্ষ, তিন হাজার ২০০ বর্গফুটের প্রদর্শনী গ্যালারি, ৩০০ আসনবিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত মিলনায়তন।রবি থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত গ্রন্থাগার খোলা থাকে। শুক্র, শনি ও অন্যান্য সরকারি ছুটির দিন বন্ধ থাকে।সদস্য হতে হলে ৩০ টাকা ফি দিয়ে আবেদনপত্র সংগ্রহ করে এক বছরের জন্য এবং দশ টাকা দিয়ে নবায়ন করতে হয়।বিশ্বসাহিত্য কেন্দ্রএটি দুটি শাখায় বিভক্ত। বিশ্বসাহিত্য কেন্দ্র গ্রন্থাগার এবং বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি।প্রতিষ্ঠানটি বই পড়ানোর জন্য কেন্দ্রে বসে এবং পাঠকের দোরগোড়ায় বই পৌঁছে দিয়ে থাকে। কেন্দ্রে পাঠকক্ষে বসে পড়া ও ধার নিয়ে বাড়িতে বই নেওয়া—দুই ধরনের সুযোগই আছে। কেন্দ্রে প্রায় এক লাখের মতো বই আছে।ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩০টি গাড়ি ২৯টি ইউনিটে ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল চষে বেড়ায়। প্রতিটি গাড়িতে পাঁচ হাজার ৫০০ থেকে ১০ হাজার পর্যন্ত বই থাকে। এখান থেকে ধার নিয়ে বই পড়া যায়।কেন্দ্র বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে। মঙ্গলবার ও সরকারি ছুটির দিনে বন্ধ থাকে। ভ্রাম্যমাণ লাইব্রেরি সপ্তাহের নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে আপনার আঙিনায় উপস্থিত হবে। যে কেউ ১০০ থেকে ২০০ টাকা (ফেরতযোগ্য) এবং মাসিক ১০ টাকা চাঁদা পরিশোধ করে ভ্রাম্যমাণ লাইব্রেরির সদস্য হতে পারবেন। কেন্দ্রের লাইব্রেরির সদস্য হতে হলে ২০০-৪০০ টাকা (ফেরতযোগ্য) এবং মাসিক ১০ টাকা চাঁদা দিতে হবে।ঠিকানা: ১৪ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা। ফোন: ৯৬৬০৮১২।ব্রিটিশ কাউন্সিল রিসোর্স সেন্টারএখানে আছে ২৫ হাজারের অধিক বই, ১৫ হাজারের মতো সিডি-ডিভিডি, সাইবার জোন। শিশুদের উপযোগী বই, ভিডিও গেমস সুবিধা, ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের বই, আইইএলটিএস উপকরণ, বিভিন্ন সেমিনার ও ওয়ার্কশপে অংশগ্রহণের সুবিধা পাওয়া যায়।একজন পাঠক একসঙ্গে চারটি বই, তিনটি জার্নাল ও দুটি সিডি বা ডিভিডি তিন সপ্তাহের জন্য ধার নিতে পারেন।শনি-বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা এবং শুক্রবার বেলা তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে।এখানকার সদস্য হতে হলে আপনাকে এক কপি স্ট্যাম্প সাইজ ও এক কপি পাসপোর্ট সাইজ ছবি, পরিচয়পত্র বা পাসপোর্টের ফটোকপি এবং নির্ধারিত ফরম পূরণ করতে হবে। সাধারণ সদস্যের বার্ষিক চাঁদা দুই হাজার টাকা। এ ছাড়া করপোরেট ও ফ্যামিলি মেম্বারশিপের জন্য আলাদা নিয়মে চাঁদা দিতে হয়।ব্রিটিশ কাউন্সিল ঢাকা ও চট্টগ্রামে কার্যক্রম পরিচালনা করে।ঠিকানা: ৫ ফুলার রোড, ঢাকা।ফোন: ৮৬১৮৯০৫।গ্যেটে ইনস্টিটিউট লাইব্রেরিখোলা থাকা অবস্থায় যে কেউ এখানে যেতে পারবেন। বই পড়া ও সিনেমা দেখার পাশাপাশি দুই টাকায় ফটোকপি এবং পাঁচ টাকায় কম্পিউটার প্রিন্ট নেওয়া যাবে। এখানে বই, সিডি, ডিভিডি ও মাল্টিমিডিয়া সামগ্রী আছে পাঁচ হাজারের বেশি।যাঁরা লাইব্রেরির সদস্য হবেন, তাঁরা দুটি বই ও দুটি ম্যাগাজিন ধার নিতে পারবেন।সদস্য হতে হলে নির্ধারিত ফরম পূরণ, দুই কপি স্ট্যাম্প সাইজ ছবি ও সরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠান বা বিভাগীয় প্রধানের অথরাইজেশন লাগবে। সাধারণত এক বছরের জন্য সদস্য হতে ৬০০ টাকা ফি দিতে হবে।লাইব্রেরি খোলা থাকবে শনিবার দুপুর ১২টা থেকে চারটা, রোববার পাঁচটা থেকে আটটা, সোমবার ১২টা থেকে ছয়টা, মঙ্গল ও বুধবার ১২টা থেকে আটটা পর্যন্ত।বৃহস্পতি, শুক্র ও সরকারি ছুটির দিন বন্ধ থাকবে।ঠিকানা: বাড়ি-১০, রোড-৯, ধানমন্ডি আ/এ, ঢাকা। ফোন: ৯১২৬৫২৫।আলিয়ঁস ফ্রঁসেজ লাইব্রেরিসংগীত, সিনেমা, ইন্টারনেট এবং প্রায় সাত হাজার বই নিয়ে আলিয়ঁস ফ্রঁসেজ লাইব্রেরি। এখানকার চিত্রকলা, ফটোগ্রাফি ও আর্কিটেকচারের সংগ্রহ বেশ সমৃদ্ধ। ফ্রান্স সম্পর্কে জানা, সে দেশের ভাষা শেখা, শিশুদের বিনোদন, বিনোদনের মাধ্যমে পড়াসহ এখানে মাল্টিমিডিয়া সুবিধা পাওয়া যাবে। সদস্য হতে হলে নির্ধারিত ফরম পূরণ করে এর সঙ্গে পরিচয়পত্রের ফটোকপি ও দুই কপি ছবি জমা দিতে হবে। বার্ষিক ফি বাংলাদেশিদের জন্য দুই হাজার টাকা। এখানকার ভাষা শিক্ষার্থীদের জন্য এক হাজার টাকা এবং বিদেশিদের জন্য পাঁচ হাজার টাকা।একজন সদস্য একসঙ্গে চারটি বই, একটি ম্যাগাজিন ও একটি জার্নাল দুই সপ্তাহের জন্য ধার নিতে পারেন।খোলা থাকে সোম ও বৃহস্পতিবার চারটা থেকে নয়টা এবং শুক্র ও শনিবার নয়টা থেকে দুপুর ১২টা এবং পাঁচটা থেকে আটটা পর্যন্ত। রোববার বন্ধ থাকে।ঠিকানা: ২৬ মিরপুর রোড, ঢাকা।ফোন: ৮৬১১৫৫৭।রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র লাইব্রেরিএকসময় প্রগতি প্রকাশনের বই বাংলাদেশে খুব কম দামে পাওয়া যেত। এখন অতি মূল্যেও সেই বইগুলো পাওয়া দুর্লভ হয়েছে। প্রগতি প্রকাশন ছাড়াও রাশিয়ান ও বাংলা প্রায় সব ধরনের বই এই লাইব্রেরিতে পাওয়া যাবে। বাংলা, ইংরেজি ও রাশিয়ান মিলে বইয়ের সংখ্যা ১২ হাজারের মতো। অধিকাংশ রাশিয়ান, বাংলা, ইংরেজি পত্রিকা ও ম্যাগাজিন পাওয়া যাবে। পাঠকক্ষে পড়ার সুবিধা ছাড়াও সিনেমা দেখা যাবে। লাইব্রেরি খোলা থাকে রবি ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত। শুক্র, শনিবার ও রাশিয়ার নিজস্ব ছুটির দিনে বন্ধ থাকে।এক কপি পাসপোর্ট সাইজ ছবি, এক কপি স্ট্যাম্প সাইজ ছবি ও এক বছরের সদস্য ফি ৩০০ টাকা দিয়ে যে কেউ সদস্য হতে পারবেন। তবে এখানকার ভাষা শিক্ষার্থীরা বিনামূল্যে লাইব্রেরি ব্যবহার করতে পারবেন।ঠিকানা: বাড়ি-৪২ (৫১০) রোড-৭ধানমন্ডি, ঢাকা-১২০৫ফোন: ৯১১৬৩১৪।ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র লাইব্রেরিএই পাঠাগারে ২১ হাজারে বেশি বিভিন্ন ধরনের বই ছাড়াও রেফারেন্স, ইন্টারনেট সুবিধা রয়েছে। ভারত বিচিত্রা নামের একটি ম্যাগাজিনও এখান থেকে প্রকাশিত হয়। প্রতি কপি এক টাকা করে ফটোকপির সুবিধা রয়েছে এখানে। ই-মেইলের মাধ্যমে বিভিন্ন তথ্য নেওয়া যায় এখান থেকে।সব দর্শনার্থীর জন্য এটি উন্মুক্ত। বই ধার নেওয়ার জন্য সদস্য হতে হবে। সদস্য হতে ফরম পূরণ, দুই কপি স্ট্যাম্প সাইজ ছবি ও এক হাজার টাকা (ফেরতযোগ্য) দিতে হবে।লাইব্রেরি খোলা থাকে শনি ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। শুক্রবার সাপ্তাহিক ছুটি।ঠিকানা: বাড়ি-৩৫, রোড-২৪, গুলশান-১, ঢাকাফোন: ৮৮৫০১৪১।গণগ্রন্থাগার অধিদপ্তরের সহকারী লাইব্রেরিয়ান মো. সাইদুর রহমান জানান, যাঁরা লাইব্রেরি ব্যবহারের কিছু নিয়মকানুন উচ্চস্বরে কথা না বলে যতটা সম্ভব নীরব থাকা। গল্পগুজব না করা। চলাফেরা বা হাঁটার সময় যতটা সম্ভব নিঃশব্দে চলা। ব্যক্তিগত খাতা, পেনসিল বা কলম ছাড়া অন্য কিছু না আনা। মোবাইল ফোন সাইলেন্ট বা সম্ভব হলে বন্ধ রাখা। পাঠাগারের ভেতরে খাওয়াদাওয়া না করা। পাঠাগারে ঘুমানো যাবে না। অবৈধ জিনিসপত্র বহন না করা।এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শরীফ জানান, লাইব্রেরির বই এনে তা যথাযথভাবে সংরক্ষণ এবং যথা সময়ে ফেরত দেওয়া প্রত্যেক পাঠকের নৈতিক দায়িত্ব।