
বই বের হচ্ছে অনেকের। অনেক বন্ধুর। আগামী বইমেলায় সেসব বই পাওয়া যাবে। এর জন্য বন্ধুদের জোর প্রস্তুতি চলছে। অনেকের বইয়ের প্রচ্ছদ ইতিমধ্যে দেখা যাচ্ছে ফেসবুকে। সারা দেশে বন্ধুসভার অনেক লেখক বন্ধু আছেন। তাঁদের বইয়ের নাম, প্রচ্ছদ, প্রকাশক ইত্যাদি তথ্য পাঠান বন্ধুসভার ই-মেইলে। এগুলো আমরা নিয়মিত তুলে ধরব বন্ধুসভার ফেসবুক পেজে। কিছু কিছু বইয়ের প্রচ্ছদ আমরা প্রকাশ করব বন্ধুসভা পাতায়।
আগামী ফেব্রুয়ারি মাসের শুরুতে বেশ কিছু একুশের সংকলন বের করছেন বন্ধুরা। সংকলনের মানের ওপর ভিত্তি করে তিনটি বন্ধুসভার জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। সেরা তিনটি সংকলনের জন্য রয়েছে তিনটি পুরস্কার। প্রথম পুরস্কার দশ হাজার টাকার বই। দ্বিতীয় পুরস্কার ছয় হাজার টাকার বই। তৃতীয় পুরস্কারের জন্য চার হাজার টাকার বই। সেরা সংকলন নির্বাচন করবেন প্রথম আলো বন্ধুসভা জাতীয় পর্ষদের সাহিত্যে সম্পাদকের নেতৃত্ব সাত সদস্যের একটি দল। তাই সংকলনের সম্পাদকদের বিষয়টি মাথায় রেখে এটি প্রকাশের অনুরোধ করি।
সংকলনে থাকবে বেশির ভাগ মৌলিক লেখা। গল্প, কবিতা, ছড়া ইত্যাদি। যে বন্ধুসভা সংকলন প্রকাশ করছে, সে বন্ধুসভার বন্ধুদের লেখা থাকবে অন্তত ৬০ শতাংশ। ২০ শতাংশ অন্যান্য বন্ধুসভার। বাকি ২০ শতাংশ ইচ্ছামতো সংগ্রহ করা যাবে। বন্ধুসভার সদস্য নন—এমন লেখকদের লেখাও আমরা প্রকাশ করতে পারব।
প্রত্যেক লেখকের পরিচিতি থাকবে লেখার শেষে।
ঢাকার বাইরে কিছু বইমেলায়ও বন্ধুরা অংশ নেবেন। বইয়ের স্টল থাকবে। এর উদ্দেশ্য হবে সবার মধ্যে বইয়ের প্রতি আগ্রহ তৈরি করা। ইতিমধ্যে পাবনা, বরগুনা, ভৈরব, পঞ্চগড় ও জামালপুর বন্ধুসভা তাদের আগ্রহের কথা জানিয়েছে। তারা মেলায় অংশ নিচ্ছে।
এটি সুখবর অবশ্যই। আমরা প্রতিটি বন্ধুসভা থেকে একজনকে খুঁজে বের করব, যিনি বেশিসংখ্যক বইয়ের পাঠক। বন্ধুসভার সদস্যদের মধ্যে যাঁরা বেশিসংখ্যক বই পড়েছেন, তাঁদের নির্ধারণ করবেন আমাদের প্রতিনিধি, বন্ধুসভার সভাপতি ও সাধারণ সম্পাদক। তারপর সভাপতি আমাদের কাছে ছবিসহ সংক্ষপ্তি সংবাদ পাঠাবেন। আমরা সেগুলো বন্ধুসভার পাতায় প্রকাশ করব।
নির্বাহী সভাপতি, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ।