গৎবাঁধা পাঠ্যবইয়ের বাইরের শিক্ষাই বেশি পছন্দের শিক্ষার্থীদের কাছে, যার চমৎকার উদাহরণ ‘শিক্ষা ও সাংস্কৃতিক মিলনমেলা ২০১২’।নটর ডেম কলেজ প্রাঙ্গণে ১২ জানুয়ারি উদ্বোধনের মাধ্যমে শুরু হলো এই মিলনমেলা। ১৪ দিনব্যাপী যা ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে এসে এ মাসের ২৬ তারিখে ইতি টানবে নটর ডেম কলেজে।উদ্বোধনী অনুষ্ঠানে কয়েক হাজার শিক্ষার্থীর সদর্প উপস্থিতিই জানান দিল, এটি সত্যি সত্যিই এক মিলনমেলা।১৪ দিনের এই আয়োজনে শিক্ষার্থীরা অংশ নেবে বিভিন্ন বিজ্ঞান ও সাংস্কৃতিক প্রতিযোগিতায়। ‘শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা’ নামের এক ব্যানারে মিলিত হওয়া মহানগরের নামকরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে এই আয়োজন চলছে ২০০৮ সাল থেকে। যেখানে রয়েছে নটর ডেম কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ইমপিরিয়াল কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, রাজউক উত্তরা মডেল স্কুল ও কলেজ, হলিক্রস কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ইত্যাদি।মিলনমেলার আয়োজন প্রসঙ্গে নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার বেঞ্জামিন কস্তা বলেন, ‘শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে লেখাপড়ার বাইরের আলাদা দক্ষতা জরুরি, যার মাধ্যমে তার সৃজনশীলতা প্রকাশ পায় এবং শিক্ষার্থী তার নৈতিকতা ও মূল্যবোধের বিষয়ে সজাগ হতে পারে।প্রথম দিনের সাংস্কৃতিক আয়োজনই জানান দিল, লড়াইটা জমবে বেশ। এরই মধ্যে শেষ হলো বিজ্ঞান অলিম্পিয়াড, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, অর্থনীতি, জীববিজ্ঞান, বাংলা অলিম্পিয়াড; যার আয়োজক ছিল নটর ডেম, ইমপিরিয়াল ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।সিদ্ধেশ্বরী গার্লস ও সেন্ট্রাল উইমেন্স কলেজের আয়োজনে ছিল রবীন্দ্রসংগীত, নজরুল, উচ্চাঙ্গসংগীত ছাড়াও আধুনিক, পল্লিগীতি এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানের প্রতিযোগিতা।নটর ডেম কলেজের শিক্ষার্থী শাওন ইমতিয়াজ মনে করছে, এমন আয়োজন তাদের নতুন কিছু সৃষ্টিতে আগ্রহী করে তুলবে। ভিকারুননিসার শিক্ষার্থী মাইশা মেহেবুবা বলল, ‘লেখাপড়ার বাইরে নৃত্য আমার বেশি পছন্দের। আর নৃত্যের অংশটুকু আমাদের কলেজেই আয়োজন করা হচ্ছে।’ ফাদার বেঞ্জামিন কস্তার কাছ থেকে জানা যায়, শিক্ষার্থীদের সঠিক শিক্ষার মাধ্যমে এগিয়ে নিতেই ‘শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা’ সংগঠনের যাত্রা। যার মাধ্যমে শিক্ষার্থী ছাড়াও শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে নানা ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।বাংলাদেশের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের এই সংগঠনে যোগ দেওয়ার সুযোগ উন্মুক্ত আছে।