পাঠ্য বইয়ের বাইরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার ব্যস্ত কোলাহলের মধ্যে শ্যামল ছায়ায় ঘেরা এক অনন্য শিক্ষাপ্রতিষ্ঠান এস ও এস হারম্যান মেইনার কলেজ। ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত এ কলেজের সঙ্গে জড়িয়ে আছে মানবতার মহান আদর্শ ড. হারম্যান মেইনারের নাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের তাণ্ডবলীলায় বিপর্যস্ত পৃথিবীতে লাখ লাখ শিশু যখন অনাথ, আশ্রয়হারা হয়ে মানবেতর জীবনযাপন করছিল, তখন হারম্যান মেইনার ছিলেন সেই শিশুদের একজন। শিশুসৈনিক হয়ে যুদ্ধের ভয়াবহতা তিনি গভীরভাবে অনুভব করতে পেরেছিলেন। নিজে অনাথ হয়ে বুঝতে পেরেছিলেন একজন শিশুর জীবনে মায়ের প্রয়োজনীয়তা কতখানি। তাই ১৯৪৯ সালে মাত্র ৬০০ অস্ট্রিয়ান শিলিং সম্বল করে কয়েকজন বন্ধুর সহযোগিতায় তিনি অস্ট্রিয়ায় প্রথম অনাথ, দুস্থ শিশুদের জন্য এসওএস শিশুপল্লি প্রতিষ্ঠা করেন। আজ তা ছড়িয়ে পড়েছে ১৩২টি দেশে। প্রতিবছর ড. হারম্যান মেইনারের জন্মদিন ২৩ জুন ‘আন্তর্জাতিক এসওএস শিশুপল্লি দিবস’ হিসেবে বিশ্বের ১৩২টি দেশে পালিত হয়। এই বিশ্বব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে ঢাকার মিরপুরে অবস্থিত হারম্যান মেইনার কলেজে ১৭-২৩ জুন পর্যন্ত পালিত হয় ‘হারম্যান মেইনার সপ্তাহ ২০১২’। পড়াশোনার পাশাপাশি বিতর্ক, গণিত অলিম্পিয়াড, ভাষা প্রতিযোগ, কুইজ প্রতিযোগিতা ইত্যাদি পাঠ-সম্পূরক কার্যক্রমে এ কলেজের শিক্ষার্থীরা বরাবরই এগিয়ে। তাই সারা বছর শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে জুন মাসের এই সপ্তাহটির। দীর্ঘ প্রতীক্ষার পালা শেষ করে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণে যখন হারম্যান মেইনার সপ্তাহ শুরু হয়, তখন কলেজের আনাচ-কানাচ যেন খুশি, আনন্দ আর রঙের ছোঁয়ায় রঙিন হয়ে ওঠে। প্রতিবছরের মতো এবারও ছিল সপ্তাহব্যাপী বইমেলা আর স্কুলের শিক্ষার্থীদের নিজের হাতে তৈরি প্রকল্পের প্রদর্শনী বিজ্ঞান মেলা। শুধু নিজেদের কাজের প্রদর্শনীই নয়, সপ্তাহের বিভিন্ন দিনে ছিল আবৃত্তি, সংগীত, চিত্রাঙ্কন, রচনা, বাংলা ও ইংরেজি বানান, সুন্দর হাতের লেখা—এমন নানা বিষয়ে সৃজনশীল প্রতিযোগিতা। হারম্যানের শিক্ষার্থীদের সঙ্গে এসব প্রতিযোগিতায় অংশ নেয় ঢাকার হলিক্রস, ভিকারুননিসা, সেন্ট যোসেফসহ অন্যন্য স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও।সপ্তাহ শেষে কলেজ মিলনায়তনে ২৩ জুন আয়োজন করা হয় পুরস্কার এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠান। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ইশরাত জাহান বলেন, ‘হারম্যান মেইনার সপ্তাহে আমরা সপ্তাহজুড়ে এত অনুষ্ঠান করে থাকি যে আমাদের খুশির সীমা থাকে না। এ যেন সারা বছরের সবচেয়ে আনন্দের উপলক্ষ।’ তাঁর কথা শেষ হতে না হতেই সহপাঠী জারীন তাসনিম বলেন, ‘ক্লাসের সবাই মিলে যখন অনেক কষ্ট করে সারা বছর ভাবনা-চিন্তার পর একেকটা প্রকল্প দাঁড় করাই, তখন এক অদ্ভুত ভালো লাগায় মনটা ভরে যায়। বাইরের কোনো সাহায্য ছাড়াই যখন পুরো সপ্তাহের প্রতিটা কাজ নিজের হাতে করি তখন মনে হয়, এ যেন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ।’এ বছর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক। শুধু গৎবাঁধা পড়াশোনার মধ্যে ডুবে না থেকে বৈচিত্র্যময় নানা বিষয়ে অংশ নিতে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন।